পুরো মধ্যপ্রাচ্যে যুক্ত হচ্ছে রিজেন্ট এয়ার

আগামী এক বছরে মধ্যপ্রাচ্যের সব কটি দেশে রুট সম্প্রসারণ করবে রিজেন্ট এয়ারওয়েজ। এ লক্ষ্যে চলতি বছরের মধ্যে নতুন আরও ৩টি বোয়িং উড়োজাহাজ যুক্ত হচ্ছে রিজেন্ট বহরে।
২১ মে রোববার ঢাকা-দোহা-ঢাকা রুট চালু উপলক্ষে কাতারের রাজধানী দোহায় হোটেল মেরিয়টে আয়োজিত অনুষ্ঠানে এই ঘোষণা দিয়েছে রিজেন্ট কর্তৃপক্ষ।
রিজেন্ট এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম ফজলে আকবর বলেন, ওমান ও কাতারের পর আগামী মাসেই সৌদি আরবের দাম্মাম রুটে যাচ্ছে রিজেন্ট। পাশাপাশি আবুধাবি, কুয়েত, জেদ্দা ও বাহরাইন রুটের কাজ এগিয়ে চলছে। এরই মধ্যে এসব রুটের অনুমতিও পাওয়া গেছে। স্বল্পমূল্য, উন্নত সেবা আর আরামদায়ক ভ্রমণের জন্য রিজেন্ট এয়ারওয়েজ মধ্যপ্রাচ্য প্রবাসী বাংলাদেশিদের আস্থার বাহন হয়ে উঠবে বলে তিনি আশা করছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি কাতারে©বাংলাদেশের রাষ্ট্রদূত আসহুদ আহমেদ বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে কাতার-বাংলাদেশ ভ্রাতৃপ্রতিম দুই দেশই কাজ করে যাচ্ছে। এটা শুধু অর্থনীতির ক্ষেত্রে নয়; বরং সাংস্কৃতিক বিনিময় খাতেও চলছে। আর এ ক্ষেত্রে বন্ধুত্ব ও উষ্ণতার বার্তা নিয়ে আসা রিজেন্ট এয়ারওয়েজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রিজেন্টের দোহা রুট চালুর উদ্যোগ বিশ্বকাপকে ঘিরে কাতারে বাংলাদেশি শ্রমবাজার সম্প্রসারণে অবদান রাখবে বলেও আশা করেন বাংলাদেশের রাষ্ট্রদূত।
অনুষ্ঠানে রিজেন্ট এয়ারওয়েজের প্রধান কমার্শিয়াল অফিসার (সিসিও) আকতার ইউ আহমেদ, হেড অব মার্কেটিং আনিসুল আলম চৌধুরী, হেড অব এয়ারপোর্ট অপারেশন রাহুল ভাটকটি, কাতারের জেনারেল সেলস এজেন্টের (জিএসএ) স্পনসর মোহাম্মদ আল হাশেমী এবং আবাসিক প্রধান রেহান আলী সৈয়দ উপস্থিত ছিলেন।
১৯ মে উপসাগরের দেশ কাতারে ডানা মেলে রিজেন্ট এয়ারওয়েজ। এটি রিজেন্টের ৭ম আন্তর্জাতিক রুট। প্রাথমিক পর্যায়ে সপ্তাহে ৪ দিন চলবে এই রুটে। পরবর্তী সময়ে ৭ দিনই চলবে।
কাতার ছাড়াও কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, কলকাতা, কাঠমান্ডু এবং মাসকাট আন্তর্জাতিক রুট এবং চট্টগ্রাম ও কক্সবাজার অভ্যন্তরীণ রুটে চলাচল করছে রিজেন্ট এয়ারওয়েজ। এখন বহরে রয়েছে ৪টি বোয়িং এবং ২টি ড্যাশ-উড়োজাহাজ।