জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে আগামী ৪ জুন। বাজেটে অগ্রাধিকার পেতে পারে এমন বিষয়সহ অর্থনীতির সার্বিক দিক নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক খান আহমেদ সাঈদ মুরশিদ (কে এ এস মুরশিদ)

প্রথম আলো: আগামী বাজেটে আপনি কী দেখতে চান?
কে এ এস মুরশিদ: মানবসম্পদ উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে সবার আগে। শুধু আগামী বাজেট নয়, এর পরের ১০-১৫টি বাজেটেও মানবসম্পদ উন্নয়নকে পয়লা নম্বরে গুরুত্ব দেওয়া উচিত। মানুষ ছাড়া তো আমাদের তেমন কিছু নেই। এই মানুষকে শিক্ষিত ও দক্ষ করতে পারলে দেশেও ধুঁকে মরতে হবে না, থাইল্যান্ডের জঙ্গলে জঙ্গলেও পচে মরতে হবে না। শিক্ষিত ও দক্ষ লোকের দুয়ার খোলা পৃথিবীজুড়েই। এই কাঙ্ক্ষিত জনগোষ্ঠী গড়ে তুলতে গেলে শিক্ষা ও স্বাস্থ্য খাতে নাটকীয় পরিবর্তন আনার বাজেট প্রণয়ন করতে হবে।
প্রথম আলো: প্রায় তিন লাখ কোটি টাকার বাজেট হতে যাচ্ছে। এই আকার কি ঠিক আছে?
কে এ এস মুরশিদ: যা হতে যাচ্ছে, উচিত ছিল তা আরও বড় হওয়ার। কিন্তু কীভাবে হবে, সেটাই হলো প্রশ্ন। ব্যক্তি খাতে বিনিয়োগ কমেছে। কিছুটা পুষিয়ে গেছে সরকারি বিনিয়োগের মাধ্যমে। গত এক-দেড় বছর বা আরও সুনির্দিষ্ট করে বললে তিন মাসের রাজনৈতিক অস্থিরতার কারণে অর্থনীতিতে একটা মন্দাভাব রয়েই গেছে। তারই প্রভাব পড়েছে ব্যক্তি খাতে, অর্থাৎ বিনিয়োগে ব্যক্তি খাত স্বস্তিবোধ করছে না।
প্রথম আলো: কোন কোন খাতে বিনিয়োগে অস্বস্তিবোধ ব্যক্তি খাতের? স্বস্তিই বা ফিরবে কীভাবে?
কে এ এস মুরশিদ: বিনিয়োগের তুলনায় সঞ্চয়ের পরিমাণ বেশি। অথচ ছোট হোক বড় হোক, বিনিয়োগের সুযোগ কিন্তু আছেই। যদিও ব্যক্তি খাতকে আকর্ষণ করেনি ওই সুযোগ। ব্যক্তি খাত বরং হাত-পা গুটিয়ে বসে আছে। আগামী বাজেটে এমন একটি বার্তা দেওয়া উচিত, যা ব্যক্তি খাতকে টানবে। অন্যদিকে মুদ্রানীতিকেও শিথিল করতে হবে কিছুটা। তখন ব্যক্তি খাত ঋণ নেবে, বিনিয়োগও করবে।
প্রথম আলো: টানা দুই মেয়াদে ক্ষমতায় থাকার সুযোগ পেয়েও কি সরকার জনগণের জন্য ভালো কিছু করছে?
কে এ এস মুরশিদ: আমি সেদিকে যাচ্ছি না। তবে এটা ঠিক, দরকার হচ্ছে আমাদের প্রাতিষ্ঠানিক সংস্কার। তা হচ্ছে না। বিচার বিভাগ, পুলিশ বিভাগ, সড়ক বিভাগসহ সার্বিক প্রশাসন বছরের পর বছর ধরে একইভাবে চলছে। কোনো একটি মন্ত্রণালয়ে ভালো কেউ মন্ত্রী আছেন তো তাঁর দপ্তরটা ভালো চলল। ব্যক্তিকেন্দ্রিক এই ভালো তো সার্বিক বিচারে ভালো নয়। এটা কোনো টেকসই বিষয় নয়। কিছু পরিবর্তন যে হয়নি তা নয়, তবে যথেষ্ট নয়। দেখা গেছে, এসএসসি, এইচএসসিসহ আমাদের বিভিন্ন পাবলিক পরীক্ষায় প্রথম শ্রেণি বেড়েছে, কিন্তু মান বাড়েনি। সব জায়গায় একই অবস্থা। দরকার হচ্ছে একটি টেকসই পদ্ধতি দাঁড় করানো। কিন্তু এই কাজটি আমরা পারছিই না।
প্রথম আলো: কেন পারছি না, কোথায় আটকে আছি আমরা?
কে এ এস মুরশিদ: এটা একান্তই রাজনৈতিক বিষয়, সরকারের ইচ্ছার বিষয়। আমার মনে হয়, নতুন কিছু করতে গেলেই কঠোর বিরোধিতা ও তদবির আসে। পুরো সমাজটাই হয়ে গেছে তদবিরের সমাজ। ছোটখাটো বিষয়েও তদবির হয়। এমনকি আমার কাছেও তদবির আসে।
প্রথম আলো: দক্ষিণ এশিয়ার মধ্যে আমাদের কর-জিডিপির হার লজ্জাজনক। অনেকেই বলে থাকেন রাজস্ব আদায় বর্তমানে যা হচ্ছে, তা দ্বিগুণ, তিন গুণও হতে পারে।
কে এ এস মুরশিদ: এ বিষয়েই আমি বলতে চাইছিলাম। আমাদের এনবিআরটির কিছুই হলো না। এর সংস্কার দরকার সবার আগে। এই সংস্থাটিতে আমূল পরিবর্তন আনা গেলে টাকার কোনো সমস্যা হতো না। ব্যাংক খাতের সঙ্গে এনবিআর এমন একটি ব্যবস্থা যদি করে নেয়, কর আদায় কোনো বিষয়ই নয়। বালিশের নিচে আর কত টাকা লুকিয়ে রাখা যায়? ভুয়া ব্যবসা দেখিয়ে কিছু মানি লন্ডারিং হবে ঠিক, হচ্ছেও। কিন্তু চাইলে অনেকখানিই ঠিক করা সম্ভব। যাঁরা কর দিচ্ছেন, তাঁদের কাছ থেকেই বেশি আদায় করা হচ্ছে; যাঁরা দিচ্ছেন না, তাঁরা থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে। এটা অন্যায়। তবে কার কাছে, কত টাকা আছে, আমার ধারণা এনবিআর জানে। শতভাগ না জানলেও অন্তত ৯০ ভাগ জানে। এত ছোট দেশে এত মানুষের বসবাস, অর্থনীতির বড় একটি অংশ এখনো অনানুষ্ঠানিক। অর্থনীতি যত তাড়াতাড়ি আনুষ্ঠানিক হবে, তত তাড়াতাড়ি কর আদায় বাড়বে।
প্রথম আলো: ব্যাংক খাত কি ঠিক আছে? বিশেষ করে রাষ্ট্র খাতের প্রায় সব ব্যাংকেই তো লুটপাটের কথা শোনা যায়। কেন্দ্রীয় ব্যাংক কি যথাদায়িত্ব পালন করছে? করতে পারছে?
কে এ এস মুরশিদ: এ বিষয়ে আমার চেয়ে আপনিই ভালো জানেন। রাষ্ট্র খাতের ব্যাংকগুলো তো দেখার কথা অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের।
প্রথম আলো: আপনি বলতে চাইছেন ব্যাংকের একটি শাখা থেকে ভুয়া কাগজপত্র দেখিয়ে কোটি কোটি টাকা নিয়ে গেল, আর তা দেখবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ? এই বিভাগ কিন্তু চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ দেয় শুধু।
কে এ এস মুরশিদ: না, কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব আছে, অর্থ মন্ত্রণালয়েরও আছে। কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব অবশ্যই বেশি। বেসরকারি ব্যাংকগুলো তুলনামূলক ভালো চললেও রাষ্ট্র খাতের ব্যাংকের দশা আসলেই ভাবার মতো। শক্ত পদক্ষেপ নেওয়া ছাড়া কিছু হবে না। এখানেও রাজনৈতিক বিষয়টিই সামনে চলে আসে। আমাদের পুঁজিবাজারটাও দেখুন। ঠিক হলো না কিন্তু। এখনো দুর্নীতি হচ্ছে কি না, কে জানে। আগের কেলেঙ্কারির বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় আবারও কেলেঙ্কারির শঙ্কা কিন্তু থেকেই যায়।
প্রথম আলো: টাকার জন্য আমরা কিছু করতে পারি না, আবার দেখা যায় টাকা খরচও করতে পারি না। অন্যদিকে খরচ করতে না পারার ব্যর্থতার কারণে বিশ্বব্যাংকসহ উন্নয়ন-সহযোগীদের অনেক টাকা ফেরতও যায়।
কে এ এস মুরশিদ: সরকারি ব্যয়ের গুণগত মান আমাদের ভালো নয়। সময় এসেছে এ ক্ষেত্রে নজর দেওয়ার। পরিকল্পনার পাশাপাশি বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে। যে টাকা আছে, তা দিয়েই অনেক দূর এগোনো সম্ভব। আপনি যে প্রসঙ্গ তুললেন, তাতে দুর্নীতি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে অদক্ষতা। দুর্নীতি অবশ্য সব দেশেই আছে। আমাদের দেশে দুর্নীতি বেশি হয় কি না, জানি না। কিন্তু আমরা কোথায় যেন আটকে গেছি। স্থানীয় সরকারব্যবস্থার দুর্বলতা প্রকট। অথচ একে শক্তিশালী করার বিকল্প নেই। ভারতসহ প্রতিবেশী দেশগুলো স্থানীয় সরকারব্যবস্থায় যতখানি উন্নতি দেখিয়েছে, আমরা ততটাও পারলাম না।
প্রথম আলো: সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) মাধ্যমে অবকাঠামো খাতের উন্নয়নে আমরা বেসরকারি খাতকে আকর্ষণ করতে পারছি না কেন?
কে এ এস মুরশিদ: দেখুন, কথায় কথায় আমরা ভারতের উদাহরণ দিই। কিছু কিছু ক্ষেত্রে ভারতের তুলনায় আমরা এগিয়েছি ঠিক। কিন্তু এই অর্জন আহামরি কিছু নয়। সার্বিক বিচারে ভারতের উন্নতিই বেশি। আবার কম্বোডিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড থেকে আমরা পিছিয়ে। ভারতের কথা বলবেন? একটি উদাহরণ দিই, ভারতের একটি রাজ্যের রাজধানী কলকাতাও মেট্রোরেল করে ফেলল, আমরা বছরের পর বছর ধরে কোথায় হবে, কীভাবে হবে—এসব নিয়ে ঘুরপাক খাচ্ছি। অবকাঠামো উন্নয়নে এখন পর্যন্ত পিপিপির অবদান উল্লেখযোগ্য না হলেও ভবিষ্যতে তা হতে বাধ্য। বিদেশিরাও পিপিপি প্রকল্পে এগিয়ে আসতে পারে। সরকারকে এ জন্য দর-কষাকষি করতে হবে। চীন বিশাল অঙ্কের টাকা নিয়ে বসে আছে। একটু চেষ্টা করলেই পাওয়া যায়। আবার এটাও খেয়াল রাখতে হবে যে, একটি দেশের প্রতি আমরা যেন বেশি নির্ভরশীল না হয়ে পড়ি।
প্রথম আলো: আগামী বাজেট নিয়ে আপনার শেষ কথা কী?
কে এ এস মুরশিদ: আবারও বলব, দক্ষ ও শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা অর্থাৎ মানবসম্পদ উন্নয়ন। একটু গুরুত্ব দিলেই এই ভূখণ্ডের মানবসন্তানকে মানবসম্পদে পরিণত করা যায়।
প্রথম আলো: সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
কে এ এস মুরশিদ: আপনাকেও ধন্যবাদ।
সাক্ষাৎকার নিয়েছেন ফখরুল ইসলাম