পুরোনো ট্যাংকার কেনা হচ্ছে ১৫৬ কোটি টাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>ক্রয় কমিটির বৈঠকে ৩৬১ কোটি টাকার পাঁচটি ক্রয় প্রস্তাব অনুমোদিত

বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) ১৫৬ কোটি টাকা ব্যয়ে ১২ বছরের পুরোনো একটি ক্রুড অয়েল লাইটারেজ ট্যাংকার কিনবে।

সচিবালয়ে গতকাল বুধবার বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই ট্যাংকার কেনার প্রস্তাব অনুমোদন করা হয়। ক্রয় কমিটির প্রধান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও জ্যেষ্ঠ সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বিদেশে থাকায় বৈঠকে সভাপতিত্ব করেন তোফায়েল আহমেদ।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, বৈঠকে ট্যাংকার কেনাসহ মোট পাঁচটি প্রস্তাব অনুমোদিত হয়েছে। সব মিলিয়ে ব্যয় হবে ৩৬১ কোটি ৪৪ লাখ টাকা।
অতিরিক্ত সচিব আরও জানান, বিএসসি ট্যাংকার কিনবে নিজস্ব অর্থায়নে। ট্যাংকারটির ধারণক্ষমতা ১৫-২৫ হাজার ডেড ওয়েট টনেজ (ডিডব্লিউটি)। একটি ট্যাংকার কী পরিমাণ ওজন নিরাপদে ধারণ করতে পারে, সেটাই হচ্ছে ডিডব্লিউটি।
পুরোনো ট্যাংকারটি সরবরাহ করবে তুরস্কের প্রতিষ্ঠান ক্যামলিকা শিপিং ইস্তাম্বুল টার্কি, যার দেশীয় প্রতিনিধি আফরোজ শিপিং লাইন। এতে ১ কোটি ৫৯ লাখ মার্কিন ডলার (১৫৬ কোটি টাকা) ব্যয় হবে।
বর্তমানে বাংলার জ্যোতি ও বাংলার সৌরভ নামে দুটি লাইটারেজ ট্যাংকার রয়েছে বিএসসির। এগুলোর বয়স ২৮ বছর। সাধারণত একটি লাইটারেজ ট্যাংকার ২৫ বছর পর্যন্ত ভালো থাকে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
ক্রয় কমিটির বৈঠকে ৩৩ হাজার ৭৫৮টি বৈদ্যুতিক খুঁটি (এসপিসি পোল) কেনার একটি প্রস্তাব অনুমোদিত হয়। পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণ বরিশাল বিভাগীয় কার্যক্রমের আওতায় তা কেনা হবে। এতে ব্যয় হবে ৬৯ কোটি ৯ লাখ টাকা। খুঁটি কেনা হবে দুই লটে ১৬ হাজার ৮৭৯টি করে। এ কাজ পেয়েছে পোলস অ্যান্ড কংক্রিট ও পিএসপি পোলস লিমিটেড।
মোস্তাফিজুর রহমান জানান, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে বাস্তবায়নাধীন ‘বন্যা ও নদীভাঙনের ঝুঁকি ব্যবস্থাপনায় বিনিয়োগ’ শীর্ষক কর্মসূচির আওতায় দুটি প্রতিষ্ঠানকে পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১০২ কোটি টাকা।
‘ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের জন্য কৃষিপণ্য উৎপাদন বৃদ্ধি ও বহুমুখীকরণ অর্থায়ন’ শীর্ষক প্রকল্পেরও পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে গতকালের বৈঠকে। যৌথভাবে নিয়োগ পেয়েছে জার্মানির প্রতিষ্ঠান এএফসি কনসালট্যান্ট ইন্টারন্যাশনাল ও একাডেমি ডয়েশাস ইউনোসেন্স। এতে ব্যয় হবে ২৯ কোটি ৩৫ লাখ টাকা।
‘মহেশখালী-আনোয়ারা গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ’ শীর্ষক প্রকল্পের পাইপলাইন নির্মাণের জন্য থার্মো ইলেকট্রিক জেনারেটর এবং কোটিং ও র্যাপিং সরঞ্জাম কেনার প্রস্তাবও অনুমোদিত হয় বৈঠকে। থার্মো ইলেকট্রিক জেনারেটর সরবরাহের কাজ পেয়েছে একমাত্র দরদাতা কানাডীয় প্রতিষ্ঠান গ্লোবাল থার্মো ইলেকট্রিক লিমিটেড। এতে ব্যয় হবে ৩ কোটি ৯ লাখ টাকা। অন্যদিকে কোটিং ও র্যাপিং সরঞ্জাম সরবরাহের কাজ পেয়েছে চীনা প্রতিষ্ঠান নিঙ্গো স্কাইওয়ে আইএমপি অ্যান্ড ইমপোর্ট-এক্সপোর্ট কোম্পানি। এতে ব্যয় হবে ১ কোটি ৯৯ লাখ টাকা।