পুরো গাড়ির বিমা নেই, তাই পোড়ার ক্ষতিপূরণ মিলছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোড়ার ক্ষতিপূরণ মিলছে না
পোড়ার ক্ষতিপূরণ মিলছে না

হরতাল-অবরোধে দেশে কী পরিমাণ গাড়ি পুড়েছে গত কয়েক মাসে, তার সঠিক কোনো হিসাব নেই কারও কাছে। সরকারি সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এবং বিমা কোম্পানির মালিকদের সংগঠন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনও (বিআইএ) এ বিষয়ে কিছুই জানে না।
যাঁর গাড়ি পুড়েছে, তিনিই শুধু হিসাব রেখেছেন কী পরিমাণ ক্ষতির ভার বইতে হচ্ছে তাঁকে। তবে, গাড়ি পুড়ে যাওয়ার পর এখন তাঁদের আফসোসও হচ্ছে কিছু কম নয়। কারণ হচ্ছে, পুরো গাড়ির বিমা না করে কেন তাঁরা শুধু থার্ড পার্টি (তৃতীয় পক্ষ) বিমা করেছিলেন।
কয়েক মাসের হরতাল-অবরোধ ও সহিংসতায় সারা দেশে পাঁচ শতাধিক বাস-ট্রাক-মিনিবাস,সিএনজিচালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ি পুড়ে গেছে বলে অনুমান করছে বিআইএ। এর মধ্যে সরকারি গাড়ি বাদ দিলে ৯০ শতাংশেরই পুরো গাড়ির বিমা নেই। পুরো গাড়ির বিমা করা না থাকায় পুড়ে যাওয়া গাড়ির ক্ষতিপূরণ মিলছে না কারও। বিমা দাবিও করতে পারছেন না মালিকেরা।
আইডিআরএর চেয়ারম্যান এম শেফাক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘তৃতীয় পক্ষ বিমা করার সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এ ধরনের বিমা শুধু এ দেশেই বেশি দেখা যায়। ফলে তৃতীয় কারও মাধ্যমে গাড়ির ক্ষতি হলে তখনই ক্ষতিপূরণের বিষয়টি আসে।’ আইনি বাধ্যবাধকতা না থাকলে এই বিমাও লোকে করত কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, তৃতীয় পক্ষ বিমা হচ্ছে বিমা কোম্পানির সঙ্গে গাড়ির মালিকের এমন চুক্তি—যাতে এ গাড়ির মাধ্যমে কারো ক্ষতি হলে তাকে ক্ষতিপূরণ দেবে বিমা কোম্পানি। তবে অগ্নিকাণ্ডসহ যেকোনো ধরনের দুর্ঘটনা থেকে সুরক্ষায় পূর্ণাঙ্গ বিমা করা না গেলে পুরো ক্ষতিপূরণ পাওয়া যাবে না।
বিআইএ সূত্রে জানা গেছে, হরতাল-অবরোধে পুড়ে যাওয়া বা আংশিক ক্ষতিগ্রস্ত গাড়ির বিমা করা ছিল কি না, তার পুরো তথ্য সংগঠনটির কাছে নেই। বিআইএ থেকে গত ৭ নভেম্বর সব সাধারণ বিমা কোম্পানিকে চিঠি পাঠানো হয়েছে। কিন্তু তথ্য পাঠাচ্ছে না কেউই। চিঠিতে কোম্পানির নাম, বিমা দাবি ইত্যাদি বিষয়ে একটি ছক বানিয়ে দেওয়া হয়েছিল বলে জানান বিআইএর মহাসচিব নুরুল ইসলাম মোল্লা। বিআইএ জানায়, ১০ নভেম্বর পর্যন্ত পাঁচটি কোম্পানির এক কোটি ৯৪ লাখ টাকা দাবির তথ্য পেয়েছে তারা।
বিআইএর সভাপতি শেখ কবির হোসেন প্রথম আলোকে বলেন, পুরো গাড়ির বিমা করা না থাকায় ক্ষতিপূরণ পাচ্ছেন না অনেকে। আর গাড়ির মালিকেরা আবেদন করেন না বলেই কোম্পানিও কিছুই জানাতে পারছে না।
হরতাল-অবরোধে সহিংসতার শিকার সব ধরনের গাড়ির হালনাগাদ তথ্য চেয়ে আগামী সপ্তাহে সব সদস্য বিমা কোম্পানিকে আবারও চিঠি পাঠানো হবে বলে জানান তিনি।
সরকারি সংস্থা সাধারণ বিমা করপোরেশনের বাইরে নতুন লাইসেন্স দুটিসহ মোট ৪৫টি সাধারণ বিমা কোম্পানি রয়েছে দেশে। এগুলোতেই যেকোনো গাড়ির জন্য মোটর বিমা হয়ে থাকে। কিন্তু এই মোটর বিমা খাত থেকে বিমা কোম্পানিগুলোর আয় কম। কারণ, পুরোপুরি (কমপ্রিহেনসিভ) বিমা কেউই করে না। অসচেতনতা ও বিমার প্রতি অবজ্ঞা থাকায় মানুষ এই কাজটি থেকে দূরে থাকছে এবং প্রকৃতপক্ষে ঠকছে বলে বিমা খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।
সহিংসতায় পুড়ে যাওয়া ট্রাক, বাস ও সিএনজিচালিত অটোরিকশাগুলোরও শুধুই তৃতীয় পক্ষ বিমা করা ছিল বলে জানা গেছে। পুরো বিমা না থাকায় এগুলোর মালিকেরাও এখন কোনো ক্ষতিপূরণ পাচ্ছেন না।
বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির হিসাব অনুসারে, গত এক বছরে ৮০০ গাড়ি আগুনে পুড়ে গেছে। আর ভাঙচুর হয়েছে তিন হাজার গাড়ি।