পুরো জাতির মানসিক মূল্যবোধের পরিবর্তন আনতে হবে
তরুণ ফ্যাশন ডিজাইনার আফসানা ফেরদৌসীর কর্মজীবনের শুরুটা হয় সফলতা দিয়ে। ২০১০ সালে ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন আয়োজিত ‘ইউরো-বাংলা ফিউশন ফ্যাশন শো’তে অংশ নেন। প্রথমবারের মতো প্রতিযোগিতায় অংশ নিয়েই পেয়ে যান প্রথম পুরস্কার। এরপর আর পেছনে তাকাতে হয়নি। আন্তর্জাতিক ফ্যাশন বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক ফ্যাশন বিচারক হিসেবে কাজ করছেন আফসানা ফেরদৌসী।
ঢাকার বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে স্নাতক পর্যায়ে পড়ার সময়ই ফ্যাশন ডিজাইনিংয়ের প্রতি আগ্রহ তৈরি হয়। সেই থেকে শুরু। ২০১১ সালে পাস করে বের হওয়ার পর ২০১৪ সালে প্রতিষ্ঠা করি আমার ব্র্যান্ড এএফ। মজার বিষয় হচ্ছে, আমি কিন্তু এখনো চাকরি করি। পোশাকশিল্পে আছি। আবার নিজের দেশীয় ব্র্যান্ড নিয়ে কাজ করছি। আসলে সব সময় ভেবেছি, নিজে কিছু করার কথা। একদম নিজের একটা ব্র্যান্ড। দিন দিনই প্রসার বাড়ছে আমার ব্র্যান্ডের। প্রথমে কেবল পোশাক আর গয়না দিয়ে শুরু করেছিলাম। এখন বিয়ের সংগ্রহ নিয়ে আসছি আমরা, সামনে হোম ফার্নিশিংয়ের পণ্য আনার ইচ্ছা আছে। আরেকটি বিষয়, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন নিয়ে প্রশিক্ষণ দিই আমি।
যেভাবে অন্যের চেয়ে আলাদা
আসলে দেশীয় পোশাক নিয়ে অনেকেই কাজ করছেন। প্রশ্ন আসতে পারে, আমার কাজ অন্যদের থেকে কীভাবে আলাদা। আসলে প্রতিযোগিতামূলক এই বাজারে প্রত্যেক উদ্যোক্তাকেই মাথায় রাখতে হয় ভিন্ন কিছু করার। একদম ইউনিক কিছু, যা আগে কেউ করেনি। আমার প্রতিটি কালেকশনে একটা গল্প থাকে। মানুষের গল্প, ঐতিহ্যের গল্প। কেবল দেশ নয়, সারা বিশ্বের গল্প। যেমন আমাদের বিয়ের যে কালেকশন আমরা করছি, সেখানে আমার ভাবনাটা হলো, পোশাকে ও সজ্জায় যেন আপন কিছু গল্প উঠে আসে। হতে পারে নিজেদের ইতিহাস, ঐতিহ্য কিংবা এমন কিছু খুঁটিনাটি বিষয়, যা চাওয়া-পাওয়ার সঙ্গে জড়িত। আসলে আমাদের প্রতিটি পোশাকেই বিষয়টি মাথায় রাখা হয়। একদম মৌলিক কিছু করার, তা যেন আর কোথাও খুঁজে না পাওয়া যায়। আরেকটু বুঝিয়ে বলি, যিনি আমার ডিজাইনের পোশাকটা নিচ্ছেন, তিনি যেন সেটা ব্যবহার করেন, আবার পরবর্তী প্রজন্মের জন্য সেটা তুলে রাখেন। যেন প্রজন্ম থেকে প্রজন্মে যেতে পারে পোশাকটা—এই লক্ষ্য আমার।
এ ছাড়া পরিবেশবান্ধব কাঁচামাল ব্যবহারের চেষ্টা করি আমরা। বেশির ভাগ কাপড়ই হাতে তৈরি হয়, মেশিনে নয়। কটন, লিলেন, ভিসকস, ব্যাম্বো ফেব্রিকস নিয়ে কাজ করি আমরা। আসলে ডিজাইন নিয়ে খেলতে ভালোবাসি আমি। একেকটা ডিজাইনের একটাই প্যাটার্নের তৈরি করি। একটা ডিজাইনের ১০টার বেশি কপি আমরা করি না। দেশ ছাড়াও মেক্সিকো, যুক্তরাজ্য, জার্মানি, মালয়েশিয়া, ভারত, হংকংয়ে ফ্যাশন শোর এক্সিবিশন করেছে আমার ব্র্যান্ড। অনেক সাপোর্ট পেয়েছি। আমি নিয়মিত দেশের বাইরে কাস্টমাইজড পোশাক পাঠাচ্ছি। আরেকটি তথ্য হচ্ছে, প্রতিবছর আমরা এমন একটি কালেকশন আনি, যার মাধ্যমে আমরা সামাজিক ও পরিবেশগত সমস্যাগুলো তুলে ধরি।
নারী হিসেবে যে প্রতিবন্ধকতা
আমি আমার কাজের জন্য পরিবার থেকে অনেক সহযোগিতা পেয়েছি। তবে সত্যি বলতে কি, অনেক অনেক প্রতিবন্ধকতা চারপাশে। বলা যায়, ঘর থেকে বের হওয়া থেকে শুরু করে কাজ শেষ করা পর্যন্ত প্রতিটি পদে পদে নানা বাধা। আর্থিক থেকে শুরু করে নিরাপত্তা নিয়ে উদ্বেগে নারী পিছিয়ে পড়ে। একা বের হওয়া, বেশিক্ষণ কোথাও থাকা—সবকিছুই নারীর মানসিক বাধা তৈরি করা। অনেক সময় দেখা যায়, কেবল নিরাপত্তার কথা ভেবেই পরিবারের সদস্যরা বাধা দেন। আসলে নারীর এই পথচলা এগিয়ে নিতে পুরো জাতির মানসিক মূল্যবোধের পরিবর্তন আনতে হবে, সেটা ছেলে কি মেয়ের। নারীর প্রতি সম্মানবোধ গড়ে তুলতে হবে। তবে নারীদের উদ্দেশ্যে বলতে চাই, প্রতিবন্ধকতা থাকবেই। আসলে নারী-পুরুষ সবার ক্ষেত্রেই সামনে প্রতিবন্ধকতা আসে। ভয় না পেয়ে সাহস নিয়ে নিজের কাজকে এগিয়ে নিতে হবে। ধাপে ধাপে এগোতে হবে।