পুরো ফরিদপুর অঞ্চলে পাটের বাম্পার ফলন, দামও ভালো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের কৃষকেরা এবার ব্যাপক হারে পাটের আবাদ করেছেন। তাতে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। ছবিটি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা এলাকা থেকে তোলা l প্রথম আলো
ফরিদপুরের কৃষকেরা এবার ব্যাপক হারে পাটের আবাদ করেছেন। তাতে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। ছবিটি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা এলাকা থেকে তোলা l প্রথম আলো

বৃষ্টি হচ্ছে প্রায়ই। ফরিদপুর থেকে গোপালগঞ্জ হয়ে মাদারীপুরে যেতে পথের দুই ধারে শুধু সবুজের প্লাবন চোখে পড়ল। বৃষ্টিস্নাত পাটের পাতাগুলো চকচক করছে। আর সপ্তাহ দুয়েক পরেই ওই পাট কাটা হবে। টানা বৃষ্টিতে এবার পাটের আঁশের মান আর উৎপাদনও ভালো হবে আশা করছেন চাষিরা। এর সঙ্গে এবার যোগ হয়েছে ভালো দাম। গত বছরের চেয়ে প্রতি মণে চার থেকে পাঁচ শ টাকা বেশি। তাই সোনালি আঁশে সুদিন ফিরে আসার স্বপ্ন দেখছেন ওই তিন জেলার চাষিরা।
গত সপ্তাহ দুয়েক ফরিদপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় ঘুরে দেখা গেল, মাঠের পর মাঠজোড়া আবাদ হয়েছে পাটের। কোথাও কোথাও নিচু জমিতে পানি জমে আছে। বৃষ্টি হচ্ছে প্রায়ই। তাতে আশপাশের গাছপালা আর পাটের পাতার ধুলো-ময়লা ধুয়ে ঝকঝকে তকতকে হয়ে আছে। চোখ জুড়িয়ে দেয় দিগন্ত ছুঁয়ে থাকা পাটখেত।
এই অঞ্চলে পাটই প্রধান ফসল। অধিকাংশ জমিই এক ফসলি। দুই বা তিন ফসলি জমির পরিমাণ অল্প। সে কারণে এই অঞ্চলের চাষযোগ্য সব জমিতেই বহুকাল থেকে পাটের আবাদ হয়ে আসছে। এর মধ্যে মাটির উর্বরতা অনুসারে ফরিদপুর ও মাদারীপুরের পাট গুণে-মানে খুবই উন্নত। এর তুলনায় গোপালগঞ্জের পাটের মান একটু নিম্ন। এবার ফরিদপুর ও মাদারীপুরে পাট চাষ গত বছরের চেয়ে বেড়েছে, আর গোপালগঞ্জে কিছু কমেছে।
স্থানীয় কৃষক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেল, এবার ফরিদপুর ও মাদারীপুরে পাট চাষের শুরুর দিকে আবহাওয়া সহায়ক ছিল। কোনো রোগবালাইয়ের প্রকোপও দেখা দেয়নি। গাছ ভালোভাবে বেড়ে উঠেছে। মাঝের বাকি এই কয়েক দিনে বড় কোনো প্রাকৃতিক বিপর্যয় না হলে ভালো ফলন পাবেন কৃষকেরা।
তবে বাম্পার ফলনের সঙ্গে পাটের বাম্পার দাম না পেলে কৃষকের চকচক করতে থাকা চোখে অন্ধকার নেমে আসবে বলে মনে করছেন ফরিদপুর সদরের রনকাহল গ্রামের চাষি দলিলউদ্দিন ফকির। তিনি জানান, গত এক মাসে পাটের দাম প্রতি মণ দেড় হাজার টাকা থেকে বেড়ে দুই হাজার টাকা হয়েছে। সপ্তাহ দুয়েক পর পাট কাটা শুরু হওয়া পর্যন্ত ওই দাম থাকলে তাঁদের কষ্ট সার্থক হবে।
ফরিদপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে জেলায় এবার পাট চাষের লক্ষ্যমাত্রা ছিল ৮২ হাজার ৫০ হেক্টর, চাষ হয়েছে ৮২ হাজার ৮৬৫ হেক্টর জমিতে। আর মাদারীপুরে চাষের লক্ষ্য ছিল ৩২ হাজার ৪৫০ হেক্টর, চাষ হয়েছে ৩৪ হাজার ৮৮২ হেক্টর জমিতে। তবে গোপালগঞ্জে লক্ষ্যমাত্রার চেয়ে কিছু কম চাষ হয়েছে। লক্ষ্য ছিল ২৫ হাজার ৫০১ হেক্টর, চাষ হয়েছে ২৪ হাজার ৫৮৩ হেক্টর জমিতে।
গোপালগঞ্জে পাটের চাষ তুলনামূলকভাবে কম হওয়ার কারণ হিসেবে জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সমীর কুমার গোস্বামী বললেন, বীজ বপনের সময় গোপালগঞ্জে প্রয়োজনীয় বৃষ্টি হয়নি। ফলে কৃষকেরা ঠিক সময়ে বীজ বপন করতে পারেননি, আবার পরে একটানা বৃষ্টি হয়েছে। এই অনাবৃষ্টি-অতিবৃষ্টিতে জেলায় পাট চাষ কিছুটা ব্যাহত হয়েছে।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দেওড়া গ্রামের নূর হোসেন ব্যাপারী জানালেন, তিনি ২০ বিঘা জামিতে পাট চাষ করেছেন। পাটের চাষ শুরু হয় চৈত্র মাসের মাঝামাঝিতে। আষাঢ়ের শেষার্ধ থকে কাটা শুরু হয়। তাঁর কুড়ি বিঘাতেই গাছ বেশ ভালো হয়েছে। সালথা উপজেলার খোঁয়াড় গ্রামের চাষি নজরুল হক ফকির পাট চাষ করেছেন আট বিঘায়। তিনি জানালেন, গাছ যেভাবে বেড়েছে, তাতে অন্তত বিঘাপ্রতি (৫২ শতাংশ জমি ধরে) ১৫ থেকে ১৭ মণ পর্যন্ত পাট হবে।
মাদারীপুরের কালকিনি উপজেলার বালিগ্রাম ইউনিয়নের কর্ণপাড়া গ্রামের আবদুস সোবহান মুনশি দেড় একরে পাট চাষ করেছেন এবং রাজৈর উপজেলার চাষি জাহাঙ্গীর আকন্দ জানালেন, এখন বিঘাপ্রতি পাট চাষে খরচ (কাটা, ধোয়া, শুকানো পর্যন্ত) হয় ২৫ থেকে ৩০ হাজার টাকা। জুন মাসের শেষ সপ্তাহে স্থানীয় বাজারে পাটের দাম ছিল মানভেদে ১ হাজার ৮০০ টাকা থেকে সর্বোচ্চ ২ হাজার ২০০ টাকা পর্যন্ত।
তবে প্রতিবছর পাটের দাম এক রকম থাকে না। অনেক সময় দাম নেমে আসে। তখন বহু শ্রম ঘাম আর খরচের ফসল তাঁদের ‘গলার ফাঁসে’ পরিণত হয়। তবে এ বছর ভালো মানের তোষা পাটের দাম প্রতি মণ দুই হাজার টাকার ওপরে থাকবে বলে আশা করছেন কৃষকেরা। বাজারের অবস্থা ভালো থাকলে এই অঞ্চলের প্রধান ফসলটি কৃষকের জীবনে সচ্ছলতা নিয়ে আসবে।
ফরিদপুর সদরের কানাইপুরের পাট ব্যবসায়ী অরূপ শিকদার প্রথম আলোকে বলেন, দুই বছর ধরে চাষি ও ব্যবসায়ীরা পাট বেচে ভালো দাম পাননি। এবার শুরুতেই দাম ভালো। তবে সরকারি ও বেসরকারি পাটকলগুলো যদি শুরু থেকেই পর্যাপ্ত পাট কেনে, তাহলে প্রতি মণ পাট দুই হাজার টাকার মধ্যে থাকবে। এতে চাষিদের কষ্ট সার্থক হবে।