
বন্দর নিয়ে ২০১৪ সালের মাঝামাঝি সময় থেকে থেমে থেমে আন্দোলন হয়েছে। আন্দোলন ঘিরে ছিল উত্তেজনা। তবে আন্দোলন কর্মসূচি কিংবা শ্রমিক অসন্তোষের কারণে বন্দর বন্ধ ছিল না এক দিনও।
পরিচালন কর্মকাণ্ডে ব্যাঘাত না হওয়ায় বন্দরের মূল জেটিতে স্বাভাবিক ছিল কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর কার্যক্রম। আর তাই বছর শেষে কনটেইনার পরিবহনে নতুন রেকর্ড নিয়ে যাত্রা শুরু হচ্ছে নতুন বছরের। ২০১৪ সালে এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কনটেইনার পরিবহন হয়েছে প্রায় ১৭ লাখ ৩১ হাজার একক (প্রতিটি ২০ ফুট দীর্ঘ)। আগের বছরের তুলনায় এই হার বেড়েছে ১২ দশমিক ৩০ শতাংশ। গত চার বছরে কনটেইনার পরিবহন বাড়ার এই হার সর্বোচ্চ।
বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ২০১৪ সালে বিশ্বের অনেক বন্দরে শ্রমিক অসন্তোষ ও কনটেইনার জটের কারণে পণ্য পরিবহন বাধাগ্রস্ত হয়। তবে চট্টগ্রাম বন্দরের মূল জেটিতে পণ্য পরিবহন বন্ধ হয়নি এক দিনের জন্যও। আবার কনটেইনার পরিবহন ১৫ লাখ থেকে এক বছরের ব্যবধানে ১৭ লাখ ছাড়িয়ে গেছে। বন্দর দিয়ে আমদানি-রপ্তানি পণ্য পরিবহনের চাকা সচল ছিল বছরজুড়ে।
এক বছরের পর্যালোচনায় দেখা যায়, ২০১৪ সালে বন্দর নিয়ে চট্টগ্রামের রাজনীতি ছিল তুঙ্গে। সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী গত ২৫ আগস্ট সংবাদ সম্মেলনে ধারাবাহিক আন্দোলনের ঘোষণা দেন। বিধিবিধান ভঙ্গ করার অভিযোগে সাইফ পাওয়ারটেক লিমিটেডের বিরুদ্ধে ব্যবস্থা এবং বন্দরের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সমাবেশ, কালো ব্যাজ ধারণ, ওয়ার্ডভিত্তিক কর্মসূচির মাধ্যমে আন্দোলন জিইয়ে রাখেন তিনি। তবে সবকিছুই ছিল বন্দরের বাইরে।
নৌযান শ্রমিকদের ধর্মঘটে বন্দরের মূল জেটির বাইরে বহির্নোঙরে পণ্য খালাস তিন দিন ব্যাহত হলেও মূল জেটিতে কর্মযজ্ঞ থামেনি। এমনকি দেশজুড়ে মাঝেমধ্যে ডাকা হরতালেও থেমে ছিল না পণ্য খালাস কাজ। এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের আমলে পরিচালন কাজের পদ্ধতিতে আমূল পরিবর্তনের ফলে এই সুফল এখনো পাচ্ছে বন্দর।
অবশ্য ২০১৪ সালে বন্দরের ব্যর্থতার চিত্রও আছে। সবচেয়ে বড় টার্মিনাল নিউমুরিং এ বছরও পুরোপুরি চালু হলো না। টার্মিনাল কীভাবে চলবে, তা সুনির্দিষ্ট করতে পারেনি মন্ত্রণালয় বা বন্দর। কবে চালু হবে ও কীভাবে হবে, এসব প্রশ্নেরও মীমাংসা হচ্ছে না। সবশেষে এর দায়িত্ব পড়েছে একটি কমিটির ওপর। এই টার্মিনাল চালু না হওয়ায় ব্যবহারকারীদের প্রত্যাশা পিছিয়ে গেল আরও একটি বছর। নির্মাণের পর গত সাত বছরে টার্মিনালটি পুরোপুরি চালু হয়নি। এই ব্যর্থতা এখন আট বছরে গড়িয়েছে।
বন্দর ব্যবহারকারী তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর প্রথম সহসভাপতি নাছির উদ্দিন আহমেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, বছরজুড়ে বন্দরের কনটেইনার ওঠানো-নামানোর কার্যক্রম স্বাভাবিক ছিল। তবে এখন সক্ষমতা আরও বাড়ানোর দিকে নজর দিতে হবে। নিউমুরিং কনটেইনার টার্মিনাল পুরোদমে চালু করতে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। না হলে সামনে সমস্যায় পড়বে পোশাক শিল্প।
প্রায় পাঁচ বছর পর ২০১৪ সালে বন্দরে কনটেইনার রাখার ধারণক্ষমতা সাড়ে পাঁচ হাজার বাড়ানো হয়েছে। এখন ৩৬ হাজার ৩৫৭ একক কনটেইনার রাখা যাচ্ছে বন্দর চত্বরে। ফলে ঈদ উৎসবে এবার কনটেইনার জটের মুখে পড়েনি বন্দর। অথচ বছরজুড়ে বিশ্বের অনেক বন্দরে কনটেইনার জট ছিল ভয়াবহ। জাহাজ কোম্পানিগুলো কনটেইনারপ্রতি সারচার্জ (অতিরিক্ত ভাড়াও) যোগ করেছে। এসবের বাইরে ছিল চট্টগ্রাম। দুই দশক পর বন্দর জেটিতে বর্তমানের চেয়ে আরও বড় জাহাজ ভেড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বছর থেকে কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে।