পুরোনো গাড়ি আমদানি অর্ধেকে নেমে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় তিন বছর আগে পুরোনো গাড়ি আমদানি অস্বাভাবিক হারে বেড়েছিল। গাড়ি কেনায় নানা সুযোগ-সুবিধার কারণে গাড়ি বিক্রিও হয়েছিল দেদার। তবে সেই দিন এখন আর নেই। গত তিন অর্থবছর ধরে গাড়ি আমদানির হার ক্রমান্বয়ে কমে আসছে। সর্বশেষ এক বছরের ব্যবধানে গাড়ি আমদানি কমেছে প্রায় সাড়ে ৪৭ শতাংশ।পুরোনো গাড়ি আমদানি কমে যাওয়ার কারণ ব্যাখ্যা করে ব্যবসায়ীরা বলছেন, গাড়ি কেনার ক্ষেত্রে ব্যাংকের অর্থায়নের হার কম এবং নানা কারণে গাড়ির দাম বেড়ে যাওয়ায় মূলত বিক্রি কমেছে। আবার কিছু আমদানিকারক জালিয়াতি করে বেশি বয়সের গাড়ি আমদানি করছেন। এ কারণে প্রকৃত ব্যবসায়ীরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন। সর্েবাপরি গত অর্থবছরে নতুন ও পুরোনো গাড়ির শুল্কায়ন বৈষম্যের কারণেও এ খাতে নেতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করেন ব্যবসায়ীরা। বন্দর সূত্র জানায়, গাড়ি আমদানি হয় মূলত চট্টগ্রাম ও মংলা বন্দর দিয়ে। এ দুই বন্দরের হিসাব অনুযায়ী, ২০০৮-০৯ অর্থবছরে সবচেয়ে বেশি গাড়ি আমদানি হয়। এ সময় চট্টগ্রাম ও মংলা বন্দর দিয়ে ৩৭ হাজার ৭৫১টি গাড়ি আমদানি হয়। এর মধ্যে নতুন গাড়ি ছিল দুই হাজার ৪৪২টি। এরপর থেকেই মূলত গাড়ি আমদানি কমতে থাকে।দুই বন্দরের হিসাব অনুযায়ী, ২০০৯-১০ অর্থবছরে ৩৪ হাজার ৬৭৭টি, ২০১০-১১ অর্থবছরে ২৭ হাজার ৯০৮টি এবং সর্বশেষ অর্থবছরে ১৪ হাজার ৬৩০টি গাড়ি আমদানি হয়। এর মধ্যে প্রতিবছর নতুন গাড়ি আমদানির হার ছিল আড়াই থেকে তিন হাজার।ব্যবহূত গাড়ি আমদানিকারকদের সংগঠন ‘বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন-বারভিডার সহসভাপতি হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, গাড়ি কেনায় ব্যাংকঋণ সীমিত এবং তিন বছর আগে বাড়তি শুল্ক-কর আরোপ করার প্রভাব পড়েছে এ খাতে। গাড়ি বিক্রির হার কমে যাওয়ায় আমদানিও কমে গেছে। শুধু মংলা বন্দরে ছয় হাজারের বেশি গাড়ি পড়ে আছে।জানা গেছে, পুরোনো গাড়ি আসে মূলত জাপান থেকে। জাপানের বৃহত্তম গাড়ি রপ্তানিকারক প্রতিষ্ঠান ক্রস কন্টিনেটের প্রেসিডেন্ট জহির উদ্দিন গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, তিন বছর আগেও জাপান থেকে গাড়ি রপ্তানির শীর্ষ পাঁচ দেশের মধ্যে ছিল বাংলাদেশ। তবে এখন সেরা ২০-এর তালিকায়ও নেই। গাড়ি আমদানি কমে যাওয়ায় রাজস্ব আয়েও প্রভাব পড়েছে। এক বছর আগেও চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব আদায়ে শীর্ষ এ খাত এখন তৃতীয় অবস্থানে নেমে এসেছে। চট্টগ্রাম কাস্টম হাউসের তথ্যে দেখা যায়, ২০১১-১২ অর্থবছরে গাড়ি আমদানি থেকে রাজস্ব আদায় হয় দুই হাজার ৪৪৯ কোটি টাকা, যা রাজস্ব আদায়ের খাত হিসেবে তৃতীয় স্থানে রয়েছে। এর আগে ২০১০-১১ এবং ২০০৯-১০ অর্থবছরে রাজস্ব আদায় হয় যথাক্রমে তিন হাজার ২৫৮ এবং তিন হাজার ১২৪ কোটি টাকা।