পুরোনো গাড়ি আমদানি বন্ধ হওয়ার আশঙ্কা বারভিডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরোনো (রিকন্ডিশন্ড) গাড়ি আমদানির ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সমপ্রতি যে শুল্ককাঠামো নির্ধারণ করেছে, তাকে বৈষম্যমূলক বলে মন্তব্য করেছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা)।সংগঠনটির নেতারা বলছেন, শিগগিরই নতুন শুল্ককাঠামোর যৌক্তিকীকরণ করা না হলে মানসম্পন্ন পুরোনো গাড়ি আমদানি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর দেশের সব শ্রেণীর মানুষের গাড়ির চাহিদার ৮০ শতাংশই পূরণ হয় জাপান থেকে আমদানি করে আনা পুরোনো গাড়ি দিয়ে।রাজধানীর বিজয়নগরে সংগঠনের নিজস্ব কার্যালয়ে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এই আশঙ্কার কথা জানানো হয়। এতে উপস্থিত ছিলেন বারভিডার সভাপতি মো. আবদুল হামিদ শরীফ, সাধারণ সম্পাদক রায়হান আজাদ, সহসভাপতি শাহ সেলিম, প্রতিষ্ঠাতা সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক আবদুল হক, সাবেক সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ। বারভিডার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।লিখিত বক্তব্যে বারভিডার সভাপতি অভিযোগ করেন, সমপ্রতি এনবিআর শুল্কায়নমূল্য (পণ্য আমদানির সময় শুল্ককর আরোপের জন্য কাস্টমস যে মূল্য নির্ধারণ করে থাকে) নির্ধারণে বৈষম্যমূলক প্রথা গ্রহণ করেছে। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়ম এবং দেশের শুল্ক আইন অনুযায়ী, প্রকৃত ক্রয়মূল্যই হয় যেকোনো পণ্যের শুল্কায়নমূল্য। কিন্তু নতুন গাড়ি আমদানিতে আমদানিকারদের ঘোষিত মূল্যকেই শুল্কায়নমূল্য হিসেবে গ্রহণ করা হচ্ছে। এতে আন্ডার ভয়েসিংয়ের মাধ্যমে শুল্ক ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।বারভিডার সভাপতি আরও বলেন, পাঁচ বছরের পুরোনো গাড়ির ক্ষেত্রে জাপান অটো অ্যাপ্রেসাল ইনস্টিটিউটের (জেএএআই) প্রকাশিত মূল্যের মাত্র ৩৫ শতাংশ অবচয় দেখিয়ে শুল্কায়নমূল্য নির্ধারণ করা হচ্ছে, যা ন্যায়সংগত নয়। এতে পুরোনো গাড়ির ক্রয়মূল্যের চেয়ে অনেক ক্ষেত্রে দ্বিগুণ, তিন গুণ মূল্যের ওপর শুল্ককর দিতে হচ্ছে। ফলে একটি নতুন গাড়ি আমদানিতে যে শুল্ককর দিতে হচ্ছে, পাঁচ বছরের পুরোনো একটি গাড়ির জন্য ক্ষেত্রবিশেষে তার দ্বিগুণ শুল্ক পরিশোধ করতে হচ্ছে।আবদুল হামিদ শরীফ বলেন, গাড়ি আমদানির নতুন শুল্ককাঠামোর কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্রেতারা। কারণ, তাঁরা সুলভ মূল্যে উন্নতমানের গাড়ির পরিবর্তে উচ্চমূল্যে নিম্নমানের গাড়ি কিনতে বাধ্য হচ্ছেন।সংবাদ সম্মেলনে অবিলম্বে গাড়ি আমদানির ওপর শুল্কবৈষম্য দূর করা, মাইক্রোবাসের ওপর আরোপিত সম্পূরক শুল্ক প্রত্যাহার, চট্টগ্রাম বন্দরের ভাড়া কমানোর দাবি জানানো হয়।