মোংলা বন্দরে আটকে থাকা গাড়ির নিলাম বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বারবিডার সভাপতি আবদুল হক।
ছবি–বারবিডার সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মোংলা বন্দরে পড়ে থাকা আমদানি হওয়া রিকন্ডিশন্ড গাড়ির নিলাম এক বছরের জন্য স্থগিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন (বারভিডা)। একই সঙ্গে করোনা সংকট মোকাবিলায় গাড়ি শিল্প খাতের জন্য ১ হাজার কোটি টাকার প্রণোদনা সুবিধা চেয়েছে পুরোনো গাড়ি ব্যবসার সঙ্গে জড়িত ব্যবসায়ীদের এই সংগঠন।

রাজধানীর বিজয়নগরে নিজস্ব কার্যালয়ে আজ মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন বারভিডার নেতারা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বারভিডার সভাপতি আবদুল হক। আবদুল হক বলেন, করোনার কারণে এপ্রিল ও মে মাসে ঢাকা ও চট্টগ্রামে আমাদের সদস্যদের প্রায় ৪০০ বিক্রয়কেন্দ্র বন্ধ ছিল। এ সময় কোনো গাড়ি বিক্রি হয়নি। এতে প্রায় ১ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন রিকন্ডিশন্ড গাড়ির ব্যবসায়ীরা। এই অবস্থায় বন্দরে থাকা গাড়িগুলোর নিলাম করা হলে তা ব্যবসায়ীদের জন্য মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে আসবে।

করোনার কারণে এপ্রিল ও মে মাসে ঢাকা ও চট্টগ্রামে আমাদের সদস্যদের প্রায় ৪০০ বিক্রয়কেন্দ্র বন্ধ ছিল। এ সময় কোনো গাড়ি বিক্রি হয়নি। এতে প্রায় ১ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন রিকন্ডিশন্ড গাড়ির ব্যবসায়ীরা।
আবদুল হক, সভাপতি, বারবিডা

মোংলা কাস্টমস সূত্রে জানা যায়, বর্তমানে এ বন্দরে ২ হাজার ৮৩৪টি আমদানি করা গাড়ি আটকা পড়ে আছে। এর মধ্যে প্রায় ১ হাজার ১০০ গাড়ি নিলামে তোলার প্রক্রিয়া চলছে।
বারভিডার সভাপতি বলেন, ‘মোংলা কাস্টম হাউস সম্প্রতি এক আদেশের মাধ্যমে দীর্ঘদিন বন্দরে পড়ে থাকা গাড়ির নিলাম কার্যক্রম শুরু করেছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আদেশে একবার কোনো গাড়ি নিলামের জন্য তালিকাভুক্ত হলে উচ্চ আদালতের আদেশ ছাড়া তা আর ছাড় করাতে পারেন না আমদানিকারকেরা। এ করোনাকালে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি ও বর্তমান পরিস্থিতি বিবেচনায় মানবিক কারণে মোংলা বন্দরে পড়ে থাকা গাড়ির নিলাম কার্যক্রম ১ বছরের জন্য স্থগিত রাখার আহ্বান জানাচ্ছি। আমদানি করা গাড়িগুলো বন্দরে আটকে থাকায় ব্যবসায়ীদের অতিরিক্ত মাশুলও গুনতে হচ্ছে।’

বর্তমানে মোংলা বন্দরে ২ হাজার ৮৩৪টি আমদানি করা গাড়ি আটকা পড়ে আছে। এর মধ্যে প্রায় ১ হাজার ১০০ গাড়ি নিলামে তোলার প্রক্রিয়া চলছে।

এক হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের দাবির বিষয়ে আবদুল হক বলেন, করোনার বিপর্যয় থেকে দেশের অর্থনীতি পুনরুদ্ধারে সরকার যে আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে, তা অত্যন্ত সময়োপযোগী ও সহায়ক পদক্ষেপ। তবে বারভিডার সদস্যরা এই প্যাকেজ থেকে কোনো ঋণসুবিধা পায়নি। অথচ মহামারির এই সময়ে গাড়ির বিক্রয়কেন্দ্রগুলোও বন্ধ ছিল। কয়েক মাস বিক্রি বন্ধ থাকায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন রিকন্ডিশন্ড গাড়ির ব্যবসায়ীরা।