পুরোনো না নতুন কোন গাড়ি কিনবেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যক্তিগত গাড়ি কেনার কথা ভাবছেন? কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না কোন গাড়ি কিনবেন। নতুন নাকি পুরোনো (রিকন্ডিশন্ড)। তাহলে সিদ্ধান্ত নেওয়ার আগে জেনে নিন নতুন-পুরোনো গাড়ি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।
গাড়ি ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পুরোনো গাড়িতে তাৎক্ষণিক কিছুটা অর্থ সাশ্রয় হলেও দীর্ঘ মেয়াদের জন্য এটি লাভজনক না-ও হতে পারে। কারণ, এসব গাড়ির বিক্রয়োত্তর কোনো সেবা পাওয়া যায় না। নির্দিষ্ট মেয়াদের জন্য গাড়ির কোনো ধরনের নিশ্চয়তা (গ্যারান্টি) থাকে না। তাই নানা দিক বিবেচনায় পুরোনো গাড়ির চেয়ে নতুন গাড়িই ভালো এবং দীর্ঘ মেয়াদে লাভজনক। এ ছাড়া পরিবেশের কথা চিন্তা করলে পুরোনো গাড়ির চেয়ে নতুন গাড়ি অনেক বেশি পরিবেশবান্ধব।
বাংলাদেশে টয়োটা ব্র্যান্ডের গাড়ি বিপণনকারী প্রতিষ্ঠান নাভানা লিমিটেডের বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান হামিদুর রহমান জানান, ‘যেসব নতুন গাড়ি আমাদের দেশে আমদানি করা হয়, সেসব গাড়ি আমাদের দেশের সার্বিক অবস্থা অর্থাৎ রাস্তাঘাটের অবস্থা, তেলের অবস্থা, আবহাওয়া, পরিবেশের কথা মাথায় রেখে আলাদাভাবে তৈরি করা হয়। এ জন্য নতুন গাড়ি ব্যবহারের ক্ষেত্রে দীর্ঘ মেয়াদে ভালো ফল পাওয়া যায়।’
হামিদুর রহমানের মতে, ইলেকট্রনিকস পণ্যের মতো গাড়িতেও নানা ধরনের ডিভাইস, সুইচ, বোর্ডসহ নানা ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করা হয়। তাই গাড়ি যত বেশি ব্যবহৃত হয়, এসব সরঞ্জামের কার্যক্ষমতা তত বেশি কমতে থাকে। এ ছাড়া পুরোনো গাড়ি পরিবেশের জন্যও ক্ষতিকর। কারণ, এসব গাড়ি থেকে লেড ও সিসা বেশি নির্গত হয়। আর নতুন গাড়িতে তুলনামূলকভাবে লেড বা সিসা কম নির্গত হয়। এ কারণে পৃথিবীর অনেক উন্নত দেশে তিন বছরের বেশি পুরোনো গাড়ি ব্যবহারের ক্ষেত্রে নতুন করে উচ্চ হারে নবায়ন মাশুল দিতে হয়। জাপানে তিন বছরের পুরোনো গাড়ি ব্যবহারের জন্য নতুন করে অনুমতি ও উচ্চ নবায়ন ফি দিতে হয়। এ জন্য জাপানিরা ওই গাড়ি ব্যবহার না করে বিক্রি করে দেন আর আমাদের দেশে সেসব গাড়ি আমদানি করা হয়।
এ বিষয়ে বাংলাদেশে হোন্ডা গাড়ি বিপণনকারী প্রতিষ্ঠান ডিএইচএস মটরসের বিক্রয় বিভাগের প্রধান ফারহান সামাদ হাসানও বললেন, দীর্ঘ মেয়াদের বিবেচনায় নতুন গাড়ি কেনাই শ্রেয় ও লাভজনক।