জেনেভায় সেন্টার উইলিয়াম রাপার্ডের রাজপ্রাসাদে অভিষেক হতে যাচ্ছে নতুন রাজার! আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে কাজ করা সবচেয়ে মর্যাদা এবং একই সঙ্গে সবচেয়ে সমালোচনার প্রতিষ্ঠান বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) শীর্ষ পদে প্রথমবারের মতো বসতে যাচ্ছেন একজন লাতিন আমেরিকান।
সংস্থাটির বর্তমান মহাপরিচালক প্যাসকেল লামির দ্বিতীয় মেয়াদ শেষ হতে যাচ্ছে শিগগিরই। তাঁর উত্তরসূরি হচ্ছেন ব্রাজিলের রবার্তো কাভালো দ্য আজেভিদো। আনুষ্ঠানিক নাম ঘোষণা করার আগেই রবার্তো আজেভিদোর কথা জেনে গেছেন সবাই। ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রাউসেফ তাঁকে অভিনন্দন জানিয়ে বলেছেন, তিনি এখন ব্রাজিল বা এ অঞ্চলের নন, বিশ্ব বাণিজ্য সংস্থার সব সদস্যের।
বিশ্ব বাণিজ্যের বিধিবিধান তদারককারী এই প্রতিষ্ঠানের মহাপরিচালক পদটি যেমন আকর্ষণীয়, তেমনি যোগ্যতার মানদণ্ডে বেশ কঠিন। সাধারণত আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনীতি, বিভিন্ন দেশের মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্য-সংক্রান্ত কূটনৈতিক অভিজ্ঞতা এবং রাজনৈতিক প্রজ্ঞাকে বিবেচনা করা হয় এই পদের যোগ্যতা হিসেবে।
এবার উন্নয়নশীল কোনো দেশ থেকে মহাপরিচালক নির্বাচিত হবেন, এমন ভাবনা ছিল আগে থেকেই। তাই প্রার্থী হিসেবে বেশি এসেছেন আফ্রিকা, লাতিন আমেরিকা ও এশিয়ার দেশগুলোর প্রতিনিধিরা। আফ্রিকা থেকে ঘানার প্রার্থী ছিলেন দেশটির শিল্প ও বাণিজ্যমন্ত্রী অ্যালান জন কেনিকিরিমাতেন। জাতিসংঘের সহকারী মহাসচিব আমিনা মোহামেদ ছিলেন কেনিয়ার প্রার্থী। এশিয়া থেকে প্রার্থী ছিলেন তিনজন—দক্ষিণ কোরিয়ার বর্তমান পররাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী তায়েহো বার্ক, ইন্দোনেশিয়ার সাবেক বাণিজ্যমন্ত্রী মারি এলকা পাঙ্গেসতু এবং জর্ডানের সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী আহমেদ হিনদাবি। এর বাইরে নিউজিল্যান্ডের সাবেক বাণিজ্যমন্ত্রী টিম গ্রোসার ছিলেন এই তালিকায়। আর ছিলেন কোস্টারিকার অ্যানাবেলা গনজালেজ। তাঁদের মধ্যে আমিনা মোহামেদ, মারি পাঙ্গেসতু ও অ্যানাবেলা ছিলেন নারী।
তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে মেক্সিকো ও ব্রাজিলের মধ্যে। মেক্সিকোর সাবেক বাণিজ্যমন্ত্রী হেরমিনিও ব্লাংকো ছিলেন অন্যতম প্রার্থী। তিনি নাফটাসহ মেক্সিকোর বড় বড় বাণিজ্য আলোচনা ও চুক্তিতে নেতৃত্ব দিয়েছেন। আর ব্রাজিলের কূটনীতিক রবার্তো আজেভিদোর জেনেভায় বিশ্ব বাণিজ্য সংস্থায় ব্রাজিলের রাষ্ট্রদূত। একসময় দেশটির বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছিলেন। সাত-আট বছর ধরে বিশ্ব বাণিজ্য সংস্থা ও অন্যান্য সংস্থার সঙ্গে যুক্ত আছেন।
দুজন একই অঞ্চলের হলেও প্রতিদ্বন্দ্বী বলে কথা। বহুপক্ষীয় বাণিজ্য আলোচনায় আঞ্চলিক সুবিধা আদায়ে দুজন একই মঞ্চে একই দাবিতে ছিলেন এবং থাকবেন। প্রার্থী থাকা অবস্থাতেই রবার্তো আজেভিদো আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছেন, ‘বিশ্ববাণিজ্য সংস্থায় চাই এমন এক ব্যক্তি, যিনি সংস্থার একেবারে ভেতরের একজন। যিনি আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় কার্যকর ভূমিকা রাখবেন এবং উন্নয়নশীল দেশগুলোর হয়ে লড়বেন। গত প্রায় দুই দশকে বিশ্ব বাণিজ্য সংস্থার আলোচনায় যে স্থবিরতা, সেটা কাটাতে চাই অভিজ্ঞ ও পারদর্শী কেউ এর কর্ণধার হোক।’ মনোনীত হয়ে তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন, তিনি ব্রাজিল বা লাতিন আমেরিকার জন্য নয়, নেতৃত্ব দেবেন উন্নয়নশীল দেশগুলোর।
বিশ্ব বাণিজ্য সংস্থায় এবার লাতিন আমেরিকার সমর্থন ভাগাভাগি হলেও, ব্রাজিলের সঙ্গে এশিয়া ও আফ্রিকার উন্নয়নশীল দেশগুলো যোগ দিয়েছে। উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের বন্ধন অটুট রাখতে চীন ও ভারতসহ সদস্যদেশগুলো ছিল রবার্তো আজেভিদোর পক্ষে।
আন্তর্জাতিক সংস্থাগুলোতে ইউরোপ-আমেরিকার বড় প্রভাব থাকলেও, বর্তমান অর্থনৈতিক মন্দার কারণে তাদের প্রতি আস্থাহীনতা তৈরি হয়েছে সদস্যদেশগুলোর।
রবার্তো আজেভিদো তাই বলেছেন, তিনি বিশ্ব বাণিজ্য সংস্থার বর্তমান চুক্তিগুলোর কার্যকর বাস্তবায়ন করবেন। বিভিন্ন দেশের মধ্যকার বাণিজ্য বিরোধের নিষ্পত্তি করবেন এবং দোহা আলোচনার স্থবিরতা কাটিয়ে সংস্থার কার্যক্রম এগিয়ে নেবেন। তবে বাণিজ্য উদারীকরণ নিয়ে কাজ করা এই প্রতিষ্ঠানে ব্রাজিলের নেতৃত্ব দেওয়া নিয়ে কঠোর সমালোচনা করেছেন মেক্সিকোর প্রার্থী। কারণ, ব্রাজিল সব সময়ই অভ্যন্তরীণ চাহিদা ও নিজেদের শিল্প সুরক্ষার নামে বাণিজ্য সংকোচনের পক্ষে।
আগামী ডিসেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠেয় বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রিপর্যায়ের বৈঠকে প্রথমবার শীর্ষ পদে বসবেন রবার্তো আজেভিদো। বাণিজ্য পর্যবেক্ষকদের প্রত্যাশা, এবার উন্নয়নশীল দেশের পক্ষে কথা বলবে সংস্থাটি। তবে বাস্তবে কী হবে, তা সময়ই প্রমাণ করবে।