পুলিশি পাহারায় রপ্তানি পণ্যভর্তি কনটেইনার বন্দরে নেওয়া হচ্ছে
টানা হরতালে জরুরি রপ্তানি পণ্য পরিবহনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারস্থ হচ্ছেন পোশাকশিল্পের মালিকেরা। হরতালের সময় পুলিশি পাহারায় বেসরকারি কনটেইনার ডিপো থেকে রপ্তানি পণ্যভর্তি কনটেইনার বন্দরে নেওয়া হচ্ছে। এর পরও বেসরকারি ডিপোতে রপ্তানির অপেক্ষায় প্রচুর পণ্যভর্তি কনটেইনার পড়ে আছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দরের আশপাশে এবং সীতাকুণ্ড ও কালুরঘাট এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে ১৭টি বেসরকারি কনটেইনার ডিপো রয়েছে। এসব ডিপোতে গতকাল সোমবারও বন্দরে পাঠানোর অপেক্ষায় প্রায় দুই হাজার বেশি কনটেইনার (প্রতিটি ২০ ফুট দীর্ঘ) পড়ে ছিল। বন্দরের নিরাপত্তা বিভাগের পরিচালক লে. কর্নেল মোয়াজ্জেম হোসেন গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় রোববার রাতে রপ্তানি পণ্যভর্তি প্রায় সাড়ে ৫০০ কনটেইনার ডিপো থেকে বন্দরে নেওয়া হয়েছে। রপ্তানিকারকেরা চাইলে যেকোনো সময় এ সহায়তা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, বন্দর ও পতেঙ্গা থানা এলাকায় যেসব বেসরকারি ডিপো রয়েছে সেগুলো থেকে পুলিশ পাহারায় বন্দরে কনটেইনার আনা-নেওয়া হচ্ছে। মূলত রাতের বেলায় কনটেইনার আনা-নেওয়া হচ্ছে।নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার অনিন্দিতা বড়ুয়া গতকাল প্রথম আলোকে বলেন, একসঙ্গে আট-দশটি কনটেইনারবাহী গাড়ি বন্দরে আনা-নেওয়ার ক্ষেত্রে পুলিশ সহায়তা দিচ্ছে। রপ্তানিকারক ও বেসরকারি ডিপো সূত্রে জানা গেছে, স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে রপ্তানি পণ্যভর্তি এক থেকে এক হাজার ২০০ একক কনটেইনার বেসরকারি ডিপো থেকে বন্দরে নেওয়া হয়। হরতালের কারণে এই সংখ্যা অস্বাভাবিক কমে গেছে। আবার ট্রাক বা কাভার্ড ভ্যানে করে কারখানা থেকে ডিপোতে পণ্য আনতে না পারায় রপ্তানিকারকেরা সমস্যায় পড়ছেন।বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় শুধু জরুরি রপ্তানি পণ্য বন্দরে পাঠানো যাচ্ছে। তবে এই সংখ্যা ১০ ভাগেরও কম। বন্দর থেকে দূরে কুমিরা ও সীতাকুণ্ড এলাকায় অবস্থিত ডিপোগুলোতে শত শত কনটেইনার পড়ে আছে। আবার ঢাকা থেকে যেসব রপ্তানি পণ্য আসার কথা সেগুলোও আসছে না। বন্দরের পরিবহন বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল রপ্তানি পণ্যভর্তি কনটেইনার নিয়ে দুটি জাহাজ বন্দর ছেড়ে গেছে। জেটিতে নতুন করে ভিড়েছে তিনটি জাহাজ। এ নিয়ে গতকাল বিকেলে বন্দর জেটিতে অবস্থান করছে সাতটি কনটেইনারবাহী জাহাজ। বন্দর সূত্র জানায়, হরতালে বন্দরের অভ্যন্তরে পণ্য ওঠানো-নামানো স্বাভাবিক থাকে।