কাজ শুরুর প্রায় পাঁচ বছর পর স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাত উন্নয়ন কর্মসূচি থেকে ৫ হাজার ৯১১ কোটি টাকা কাটছাঁট করা হয়েছে। ২০১১ সালে ৫৬ হাজার ৯৯৩ কোটি টাকার এ কর্মসূচিটি নেওয়া হয়েছিল। কিন্তু বিশ্বব্যাংক, জাপান উন্নয়ন সহযোগিতা সংস্থাসহ (জাইকা) বিভিন্ন দাতাসংস্থার কাছ থেকে প্রতিশ্রুত অর্থ সহায়তার পুরোটা না পাওয়ায় এ কর্মসূচিটি কাটছাঁটের সিদ্ধান্ত নেওয়া হয়।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় গতকাল মঙ্গলবার এ কর্মসূচিটির আকার সংশোধন করা হয়। সংশোধনের পর কর্মসূচির ব্যয় দাঁড়িয়েছে ৫১ হাজার ৮২ কোটি টাকা। ২০১৬ সালের জুন মাসে কর্মসূচিটি শেষ হবে।
পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।
কাটছাঁট প্রসঙ্গে পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের বলেন, কর্মসূচির আওতায় উন্নয়ন সহযাগীদের কাছ থেকে যে পরিমাণ ঋণ সহায়তা পাওয়ার কথা ছিল, তা পাওয়া যায়নি। সে জন্য কর্মসূচির ব্যয় কমানো হয়েছে।
এ কর্মসূচি ৩২টি আলাদা উপকর্মসূচির মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে অন্যতম হচ্ছে প্রাথমিক স্বাস্থ্যসেবা, মা ও শিশু স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা, প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
এ কর্মসূচিতে বিশ্বব্যাংক, জাইকা, যুক্তরাজ্যের ডিএফআইডি, সুইডিস সিডা, ইউএসএইড, কানাডিয়ান সিডা, অস্ট্রেলিয়ার অসএইড, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, ইউএনএফপিএসহ আরও কিছু সংস্থা অর্থ দিচ্ছে। কিন্তু এ কর্মসূচিতে প্রতিশ্রুত ৫ হাজার কোটি টাকা কমিয়ে এসব দাতা সংস্থা দিচ্ছে ১১ হাজার ৩৩৩ কোটি টাকা। আর সরকার নিজস্ব তহবিল থেকে দিচ্ছে ৩৯ হাজার ৭৪৮ কোটি টাকা।
একনেক সভায় গতকাল এ কর্মসূচিটিসহ মোট ৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে ৫২ হাজার ৭৭৮ কোটি টাকা। এর মধ্যে নিজস্ব তহবিল থেকে ৪০ হাজার ৪৮১ কোটি টাকা, আর প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে ১২ হাজার ১৭৮ কোটি টাকা।