বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে লাগা আগুনে ভস্মীভূত হয়েছে ১৪ তলার বৈদেশিক মুদ্রানীতি বিভাগের একাংশ। মূলত বিভাগের মহাব্যবস্থাপক ও তাঁর ব্যক্তিগত সহকারীর ব্যবহৃত সবই পুড়ে গেছে। পাশাপাশি আগুনের ধোঁয়ায় বিভাগটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১৫ তলার অফসাইট সুপারভিশন বিভাগেরও কিছু অংশ। গত বৃহস্পতিবার রাতে আগুন লাগার ঘটনার পর গতকাল সোমবারই ছিল প্রথম কার্যদিবস। বিভাগ দুটিতে গিয়ে ক্ষয়ক্ষতির এসব চিত্র দেখা যায়।
গতকাল বৈদেশিক মুদ্রানীতি বিভাগে প্রবেশ করতেই দেখা যায়, সিঁড়ির পাশেই পুড়ে যাওয়া চেয়ার-টেবিল পড়ে আছে। এ ছাড়া সিঁড়ির পাশে থাকা হোস পাইপ (পানির লাইন) বিভাগের ভেতরে এখনো রয়েছে। বিভাগের ভেতরের অর্ধেক অংশের সিলিং খুলে এসেছে। পুরো কক্ষই আগুনের ধোঁয়ায় কালো হয়ে গেছে। ভেঙে গেছে দক্ষিণ-পূর্ব কোণের জানালার কাচ। মহাব্যবস্থাপকের কক্ষ ও পাশের ব্যক্তিগত সহকারীর বসার স্থান ঘিরে রাখা হয়েছে।

দেখা গেল, মহাব্যবস্থাপকের কক্ষের পুড়ো অংশই পুড়ে গেছে। বেঁকে গেছে বিভিন্ন আসবাবের লোহার অংশ। এ ছাড়া ব্যক্তিগত সহকারীর আসবাবের অবস্থাও একই। মেঝেতে পড়ে আছে পুড়ে যাওয়া বিভিন্ন নথি।
এ ছাড়া ১৪ তলার আগুনে ১৫ তলার অফসাইট সুপারভিশন বিভাগের মহাব্যবস্থাপক, ব্যক্তিগত সহকারী ও পাশের কক্ষটিতেও কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে। আগুনের তাপে ভেঙে গেছে জানালার কাচও।
অগ্নিকাণ্ডের পর গতকাল প্রথম কার্যদিবস হওয়ায় সকাল থেকেই উৎসুক কর্মকর্তারা ভিড় করেন ক্ষতিগ্রস্ত ১৪ তলার বিভাগটিতে। এ ছাড়া ওই বিভাগের কর্মকর্তারাও সকাল সকাল অফিসে এসে অবস্থা পর্যবেক্ষণ করেন। তবে তদন্ত চলায় বিভাগটিতে প্রবেশে কিছুটা কড়াকড়ি আরোপ করা হয়েছে।
বিভাগের কর্মকর্তারা বলছেন, মনে হচ্ছে ইলেকট্রিক চায়ের কেটলি বা ইউপিএস লাইন থেকেই আগুনের সূত্রপাত। বিভাগে কেউ উপস্থিত না থাকায় আগুন ছড়িয়ে পড়েছে। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হওয়ায় স্বস্তি প্রকাশ করতে দেখা গেছে অনেককে।
গতকাল দিনভর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুজন সদস্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আগুন লাগার কারণ জানার চেষ্টা করেছেন। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের তদন্ত দলও কাজ করছে। পাশাপাশি ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ থেকে ক্ষয়ক্ষতির বিবরণ নেওয়া হয়েছে। দ্রুতই বিভাগটিতে কাজের পরিবেশ ফিরিয়ে আনা হবে বলে জানা গেছে।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত বাংলাদেশ ব্যাংকের তদন্ত কমিটি আজ প্রতিবেদন জমা দেবে। ফায়ার সার্ভিসের গঠিত কমিটিও কাজ করছে।