পূজার আগে সরগরম শাঁখারীবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার শাঁখারীবাজারে পূজার সাজসরঞ্জাম বেচাবিক্রি জমে উঠেছে। সেখানকার একটি দোকানে দেব-দেবীর অলংকার দেখছেন একজন তরুণ। গতকাল বিকেলে ছবিটি তুলেছেন হাসান রাজা
পুরান ঢাকার শাঁখারীবাজারে পূজার সাজসরঞ্জাম বেচাবিক্রি জমে উঠেছে। সেখানকার একটি দোকানে দেব-দেবীর অলংকার দেখছেন একজন তরুণ। গতকাল বিকেলে ছবিটি তুলেছেন হাসান রাজা

দোকানের গদিতে বসেছেন দত্ত ভান্ডারের স্বত্বাধিকারীদের একজন নীলকান্ত দত্ত। ভীষণ ব্যস্ত। একবার চালান লিখছেন তো আরেকবার টাকা গুনছেন। এক ফাঁকে বললেন, ‘দেখছেনই তো কী অবস্থা। দুর্গা পূজার আগে ব্যবসা ভালোই হয়। এবারও হচ্ছে। তবে বন্যাটন্যা না হলে আরও ভালো হতো।’

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার আর ১০ দিন বাকি। তাই শাঁখারীবাজারে এখন সাজ সাজ রব। সরু সড়কের ওপর বাঁশ-কাঠ দিয়ে অস্থায়ী মণ্ডপ নির্মাণ করা হচ্ছে। সড়কের দুই পাশের ছোট ছোট দোকানে দেদারসে বিক্রি হচ্ছে পূজার প্রয়োজনীয় সাজসরঞ্জাম। গতকাল বৃহস্পতিবার দুপুরে দুই ঘণ্টা শাঁখারীবাজার ঘুরে এমন চিত্রই পাওয়া গেল।

শাঁখারীবাজারের কয়েকজন ব্যবসায়ী জানালেন, সারা বছরই তাঁরা শাঁখা-সিঁদুর, বিয়ের মুকুট ও কাঁসা-পিতলের প্রদীপ, ঘট, কলস ইত্যাদি পণ্য বিক্রি করেন। তবে দুর্গা পূজার আগে দেব-দেবীর পোশাক, অলংকার, মুকুটসহ নানা সাজসরঞ্জামের চাহিদা বেড়ে যায়। ঢাকা ও ঢাকার বাইরের অনেকেই পূজার সাজসরঞ্জাম কিনতে আসেন শাঁখারীবাজারে। অনেক ব্যবসায়ীও শাঁখারীবাজার থেকে পণ্য কিনে বিক্রি করেন।

প্রায় ৭০ বছর আগে যাত্রাপালার পোশাক বিক্রি ও ভাড়া দেওয়ার জন্য শাঁখারীবাজারে ‘সাজঘর’ প্রতিষ্ঠা করেন লক্ষ্মীনারায়ণ দত্ত। পরে বিয়ের মুকুট, মুখোশ, শাঁখা-সিঁদুরসহ পূজার সরঞ্জাম বিক্রি শুরু করেন তিনি। লক্ষ্মীনারায়ণের মৃত্যুর পর তাঁর ছেলেরাই ব্যবসা দেখাশোনা করছেন। পোশাকঘর নামে তাঁদের আরেকটি দোকান আছে। এখনো যাত্রার পোশাক বিক্রি ও ভাড়া দেন তাঁরা।

লক্ষ্মীনারায়ণের ছেলে বরুণ দত্ত বলেন, ‘সারা বছর আমরা শাঁখা-সিঁদুর ও বিয়ের মুকুট বিক্রি করি। চৈত্র মাসে কাগজ ও ফাইবারের তৈরি মুখোশ বিক্রি হয় প্রচুর। তবে দুর্গাপূজার আগে সাজসরঞ্জাম বিক্রি হয়ে ওঠে আমাদের মূল ব্যবসা।’ তিনি বলেন, ‘এবার পূজার ব্যবসা ভালো হচ্ছে। বিভিন্ন জেলার ব্যবসায়ীরা কিনে নিয়ে যাচ্ছেন। খুচরাও বিক্রি হচ্ছে প্রচুর।’

বরুণ দত্ত বলেন, ‘শাঁখারীবাজারে ১৫-২০টি দোকানে পূজার সাজসরঞ্জাম বিক্রি হচ্ছে। তবে যাঁরা বেশি পুঁজি খাটাতে পেরেছেন, তাঁরাই ভালো ব্যবসা করতে পারছেন। কারণ বাজারে এখন নিত্যনতুন বৈচিত্র্যময় পণ্য আসছে। বড় পুঁজি ছাড়া এসব পণ্য আনা সম্ভব নয়।’ মাত্র পাঁচ-ছয়টি দোকান বড় বিনিয়োগ করতে পেরেছে বলে জানালেন তিনি।

সাজঘরে পূজার সাজসরঞ্জাম কিনতে এসেছিলেন মুন্সিগঞ্জের সিরাজদিখানের উদয় মণ্ডল। বললেন, ‘১৯৮১ সাল থেকে প্রতিবছরই বাড়ির দুর্গাপূজার জন্য বিভিন্ন সরঞ্জাম কিনতে শাঁখারীবাজারে আসি। নিত্যনতুন এবং সব ধরনের পণ্য পাই বলেই আসতে হয়।’

শাঁখারীবাজারের ব্যবসায়ীরা জানালেন, দেব-দেবীর পোশাক ও অলংকারের বেশির ভাগই ভারত থেকে আমদানি করা। এমনকি পার্শ্ববর্তী এই দেশটি থেকে প্রচুর পরিমাণে শাঁখা আসছে। চীন থেকেও আসে দেব-দেবীর মূর্তিসহ বিভিন্ন সামগ্রী। আর দেশে তৈরি হচ্ছে শোলার মুকুট ও কিছু সরঞ্জাম এবং কাঁসা-পিতলের প্রদীপ, কলস, ঘটি-বাটি ইত্যাদি।

রাধা-কৃষ্ণ, গণেশসহ বিভিন্ন মূর্তি এবং কাঁসা-পিতলের প্রদীপ, কলস, থালা-বাসন ইত্যাদি পাওয়া যায় ‘ধামরাই বাসনালয়’ নামের দোকানে। দোকানটির স্বত্বাধিকারী আতা মিয়া বলেন, ‘কাঁসা-পিতলের ব্যবহার আগের চেয়ে অনেক কমে গেছে। তবে দুর্গাপূজার আগে বেচাবিক্রি ভালোই হয়।’

আতা মিয়া আরও বললেন, বিভিন্ন দেব-দেবীর মূর্তি ভারত ও চীন থেকে আমদানি হয়। আর বাসনকোসন ধামরাই, ফরিদপুর ও জামালপুরের বিভিন্ন কারখানা থেকে তৈরি করিয়ে আনা হয়।

দুর্গোৎসবকে কেন্দ্র করে শাঁখারীবাজার সরগরম থাকলেও শাঁখা তৈরির কারিগরদের মনে শান্তি নেই। ভারত থেকে প্রচুর শাঁখা আমদানি হচ্ছে। এ জন্য কারিগরদের রুটিরুজিতে টান পড়েছে। কাজ না থাকায় দিনে দিনে কারিগরের সংখ্যা আশঙ্কাজনক হারে কমছে।

২২ বছর ধরে শাঁখারীবাজারে শাঁখার নকশা করেন স্বপন নন্দী। তিনি বললেন, ‘১০-১৫ বছর আগে শাঁখার কারিগর ছিল ৮৫-৯০ জন। আর এখন ১৭-১৮ জন। শাঁখারীবাজারের ব্যবসায়ীরা ভারত থেকেই বেশির ভাগ শাঁখা আমদানি করেন। সে জন্য কাজ কম। নতুন কেউ আর এই পেশায় আসতে চাইছে না। একদিন হয়তো কেউই থাকবে না।’

অপেক্ষাকৃত বড় ব্যবসায়ীরাও শাঁখারীবাজারের ব্যবসার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। দত্ত ভান্ডারের নীলকান্ত দত্ত বললেন, ‘আমাদের ছেলেরা এই ব্যবসায় আসতে চায় না। কারণ ব্যবসায় মুনাফা কম। তা ছাড়া শাঁখারীবাজারের ঘিঞ্জি এলাকায় থাকতে তারা পছন্দ করে না।’

অবশ্য আশাবাদী ব্যবসায়ীও আছেন। যেমন বাবা লোকনাথ ভান্ডারের স্বত্বাধিকারী বলরাম চক্রবর্তী বললেন, মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে। ফলে আগের চেয়ে ব্যবসাও বেড়েছে। ভবিষ্যতে ব্যবসা না বাড়ার কোনো কারণ নেই।