পূজায় কলকাতায় আমদানি হচ্ছে মিয়ানমারের ইলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্গাপূজা উপলক্ষে কলকাতায় এবার মিয়ানমার থেকে ইলিশ আসছে, যা আমদানি করা হবে বিমানযোগে।এ নিয়ে পশ্চিমবঙ্গের মৎস্য প্রতিমন্ত্রী সুব্রত সাহা গত মঙ্গলবার রাজ্য মৎস্য দপ্তরে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ, আমদানি বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের প্রতিনিধি ও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এরপর সুব্রত সাহা সাংবাদিকদের জানান, বিমানযোগে ইলিশ আমদানির ব্যাপারে যেসব সমস্যা রয়েছে, সেগুলো দূর করা গেছে।এই বৈঠকের আগে পশ্চিমবঙ্গ সরকার মিয়ানমার থেকে ইলিশ আমদানির সিদ্ধান্ত নেয়। কারণ এই রাজ্যে ইলিশের ব্যাপক চাহিদা থাকলেও সেভাবে ইলিশ উৎপাদিত হয় না এবং প্রতিবেশী বাংলাদেশের সরকারও ইলিশ রপ্তানির ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। এই অবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সেপ্টেম্বর মাসে ভারতের কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মার কাছে মিয়ানমার থেকে ইলিশ আমদানির ব্যাপারে সহযোগিতা চান। তাঁর অনুরোধে সাড়া দিয়ে আনন্দ শর্মা সম্প্রতি এক চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানান যে পশ্চিমবঙ্গ মিয়ানমার থেকে ইলিশ আমদানি করতে পারবে।এদিকে পশ্চিমবঙ্গের মৎস্য আমদানিকারক সমিতির সভাপতি অতুল দাস কলকাতায় প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশ সরকার ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করায় পূজায় বাঙালিদের রসনাতৃপ্তির জন্য আমরা মিয়ানমার থেকে বিমানযোগে কলকাতায় ইলিশ আনার উদ্যোগ নিয়েছি।’