পূবালী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং শুরু আজ
আজ বুধবার থেকে ইন্টারনেট ব্যাংকিং চালু করছে পূবালী ব্যাংক। ব্যাংকের চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।এ ছাড়া আধুনিক সেবা দেওয়ার লক্ষ্যে শিগগির মোবাইল ব্যাংকিং, কলসেন্টার স্থাপন ও এটিএম সেবা চালু করবে ব্যাংকটি।গতকাল মঙ্গলবার পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ চৌধুরী এসব তথ্য জানান।সংবাদ সম্মেলনে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম এ হালিম চৌধুরী, তথ্যপ্রযুক্তি বিভাগের মহাব্যবস্থাপক ও প্রধান কারিগরি কর্মকর্তা মোহাম্মদ আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।হেলাল আহমেদ চৌধুরী বলেন, পূবালী ব্যাংক আধুনিক ও গ্রাহকবান্ধব বিভিন্ন সেবা কার্যক্রম হাতে নিয়েছে। ব্যাংকের বর্তমান ৪১০টি শাখার মধ্যে ৩১০টিতে আজ থেকে অনলাইন ব্যাংকিং চালু হচ্ছে। এ বছরের মধ্যেই বাকি সব শাখাও অনলাইনের আওতায় আনা হবে।তিনি জানান, পূবালী ব্যাংক আগামী তিন বছরে এক হাজার এটিএম বুথ স্থাপনের পরিকল্পনা করেছে। চলতি বছর ১০০টি বুথ হবে।