পূবালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন
পূবালী ব্যাংক লিমিটেডের বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের প্রথম শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০১০ সম্প্রতি চট্টগ্রামের একটি ক্লাবে অনুষ্ঠিত হয়।সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকদ্বয় এম এ হালিম চৌধুরী ও শফিউল আলম খান চৌধুরী। সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের মহাব্যবস্থাপক মো. ফজলুল হক। হেলাল আহমদ চৌধুরী ভালো ঋণগ্রহীতা নির্বাচন করে নতুন ঋণ প্রদান, ব্যবসা বৃদ্ধি, খেলাপি ঋণ, শ্রেণীকৃত ও অবলোপনকৃত ঋণ আদায়ে সচেষ্ট হওয়ার জন্য শাখা ব্যবস্থাপকদের প্রতি আহ্বান জানান। নতুনভাবে কোনো ঋণই যাতে খেলাপি বা শ্রেণীভুক্ত না হয়, সে দিকে বিশেষ নজরদারি ও নিবিড় তত্ত্বাবধানের জন্য তিনি সব শাখা ব্যবস্থাপককে নির্দেশ দেন। ব্যবস্থাপনা পরিচালক আমদানি ও রপ্তানি কর্মকাণ্ডে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা এবং আধুনিক তথ্যপ্রযুক্তির অধিকতর ব্যবহারের মাধ্যমে ব্যাংকের রেমিট্যান্স ব্যবসা বাড়ানোর তাগিদ দেন।এ ছাড়া সম্মেলনে ব্যাংকের চট্টগ্রাম উত্তর অঞ্চলের প্রধান মো. সিরাজুল ইসলাম মিয়া, চট্টগ্রাম দক্ষিণ ও পার্বত্য অঞ্চলের প্রধান সিরাজুল ইসলাম চৌধুরী এবং বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের শাখা ব্যবস্থাপকেরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।