পুঁজিবাজারে আলোচিত বাংলাদেশ ফান্ডের ইউনিট বিক্রয় কার্যক্রম আজ সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। আজ বিকেলে রাজধানীর একটি হোটেলে এই বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এর মাধ্যমে পূর্ণতা পেতে যাচ্ছে পাঁচ হাজার কোটি টাকার বেমেয়াদি (ওপেন অ্যান্ড) এই ফান্ডটি। প্রাথমিকভাবে দেশে-বিদেশে ব্যক্তি শ্রেণী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ফান্ডটির সাড়ে তিন হাজার কোটি টাকার ইউনিট বিক্রি করা হবে। আর এই কার্যক্রম পরিচালনা করবে ফান্ডটির মূল উদ্যোক্তাপ্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। আইসিবি জানিয়েছে, এরই মধ্যে বাংলাদেশ ফান্ডের উদ্যোক্তাদের অংশের দেড় হাজার কোটি টাকার ইউনিট সংগ্রহ করা হয়েছে।আইসিবি ছাড়া ফান্ডটির অপর সাত উদ্যোক্তা প্রতিষ্ঠান হলো: রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক (সোনালী, রূপালী, অগ্রণী ও জনতা), জীবন বীমা করপোরেশন, সাধারণ বীমা করপোরেশন এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল)। আইসিবি আরও জানিয়েছে, প্রবাসী বাংলাদেশিরাও যাতে এই ফান্ডে বিনিয়োগ করতে পারেন, সে জন্য বিশ্বের বিভিন্ন দেশে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা ও বাংলাদেশ দূতাবাসকে কাজে লাগানো হবে। যেসব দেশে বাংলাদেশিদের বসবাস বেশি সেসব দেশে ফান্ডটির বিক্রয়কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা রয়েছে।এর আগে ২ অক্টোবর ফান্ডটির ইউনিট বিক্রির কার্যক্রম শুরুর কথা ছিল। কিন্তু পরে সেটি এক সপ্তাহ পেছানো হয়। পুঁজিবাজারে সাম্প্রতিক ধসের পরিপ্রেক্ষিতে বাজারকে স্থিতিশীল করার লক্ষ্যে ফান্ডটি গঠন করা হয়। ভবিষ্যতে প্রয়োজনে এর আকার আরও বাড়ানো হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।এদিকে আজ ফান্ডটির ইউনিট বিক্রির উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী ছাড়াও প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন উপস্থিত থাকবেন। এতে সভাপতিত্ব করবেন আইসিবির চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমান।