পূর্ণাঙ্গ নীতিমালা ছাড়াই চলছে অফশোর ব্যাংকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংক ১৯৮৫ সালে ব্যাংকগুলোর অফশোর ব্যাংকিং পরিচালনার জন্য একটি নীতিমালা জারি করে। এরপর ৩০ বছর পেরিয়ে গেলেও অফশোর ব্যাংকিংয়ের জন্য কোনো পূর্ণাঙ্গ নীতিমালা হয়নি। শুরুতে বিদেশি ব্যাংকগুলো এই সেবায় থাকলেও প্রতিনিয়ত নতুন নতুন ব্যাংক যুক্ত হচ্ছে অফশোর ব্যাংকিং সেবায়। বিদেশি খাতের ছয় ব্যাংকের পাশাপাশি দেশের ২৪টি ব্যাংক এখন এই সেবা দিচ্ছে। ব্যাংকগুলো বিভিন্ন শাখার মাধ্যমে, আবার কেউ কেউ অফশোর ব্যাংকিং সেবা দিতে পৃথক শাখাও খুলেছে।
অফশোর ব্যাংকিং হলো ব্যাংকের ভেতরে বিদেশি ব্যাংকের কার্যক্রম। অফশোর ইউনিটের ব্যবস্থাপনা, হিসাব, আমানত, ঋণ—এসব কার্যক্রম পুরোটাই আলাদা। শুধু বছর শেষে মুনাফা অথবা লোকসানের হিসাব যুক্ত হয় ব্যাংকের হিসাবে। অফশোর ব্যাংকিংয়ে দেশীয় মুদ্রায় কোনো কার্যক্রম পরিচালিত হয় না। এতে শুধু ডলারের পাশাপাশি ইউরো, পাউন্ড, জাপানি ইয়েনের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হয়।
সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংক ১৯৮৫ সালের ১৭ ডিসেম্বর অফশোর ব্যাংকিংয়ের জন্য একটি নীতিমালা তৈরি করে। এতে বিদেশ থেকে আমানত এনে ঋণ দেওয়ার বিষয়টি উল্লেখ ছিল। তবে কারা ঋণ পাবে, ঋণগ্রহীতা সীমা, ঋণের ব্যবহার—এসব বিষয়ে বিস্তারিত উল্লেখ নেই। এ সুযোগে ব্যাংকগুলো ঋণের অপব্যবহার করছে বলে বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ এসেছে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, বিদেশ থেকে আমানত সংগ্রহের নিয়ম থাকলেও মূল ব্যাংক থেকে ঋণ করে বিদেশে ঋণ দিচ্ছে অফশোর ইউনিট। আবার এসব ঋণের গ্রহীতাদেরও খুঁজে পাওয়া যাচ্ছে না। মূলত অর্থ পাচারে ব্যবহৃত হচ্ছে ইউনিটগুলো।
অফশোর ব্যাংকিংয়ের জন্য পূর্ণাঙ্গ নীতিমালা করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ইতিমধ্যে নীতিমালার খসড়া প্রস্তুত করেছে। আগামী মাসে নীতিমালাটি জারি করতে পারে।
এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হায়দার আলী মিয়া প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের এ-সংক্রান্ত পূর্ণাঙ্গ নীতিমালা আছে। আমরা সে অনুযায়ীই অফশোর ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছি। এ ছাড়া অফশোর ব্যাংকিংয়ের বিদেশি নীতিমালাও আমরা অনুসরণ করি।’
সূত্রে জানা যায়, বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে প্রাইম, ঢাকা, সাউথইস্ট, ন্যাশনাল, ইস্টার্ন, ব্যাংক এশিয়া, শাহ্জালাল, সিটি, প্রিমিয়ার, আইএফআইসি, ব্র্যাক, এবি, মিউচুয়াল ট্রাস্ট, যমুনা, ওয়ান, পূবালী, স্ট্যান্ডার্ড, এনসিসি, ইসলামী, ট্রাস্ট, মার্কেন্টাইল, ইউসিবিএল, ডাচ্-বাংলা ও এক্সিম ব্যাংক অফশোর ব্যাংকিং সেবা দিচ্ছে। এ ছাড়া বিদেশি খাতের স্ট্যান্ডার্ড চার্টার্ড, এইচএসবিসি, উরি, সিটি এনএ, কমার্শিয়াল ব্যাংক অব সিলন, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এই সেবা দিচ্ছে।