পূর্বাচলে ৮০০ কোটি টাকায় প্রদর্শনী কেন্দ্র নির্মিত হচ্ছে
প্রায় ৮০০ কোটি টাকা ব্যয়ে পূর্বাচলে আন্তর্জাতিক মানের প্রদর্শনী কেন্দ্র হচ্ছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) সেখানেই অনুষ্ঠিত হবে। পাশাপাশি বড় পরিসরে অন্য যেকোনো ধরনের মেলাও আয়োজন করা যাবে।
এ প্রদর্শনী কেন্দ্রে দুটি বড় হলরুমে মোট ৮০৬টি বুথ বা স্টল নির্মাণ করা হবে। পূর্বাচল শহরের ৪ নম্বর সেক্টরে ২০ একর জমির ওপর প্রদর্শনী কেন্দ্রটি গড়ে তোলা হবে। এ প্রকল্পটি বাস্তবায়ন করবে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। ‘বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র নির্মাণ’ শীর্ষক এ প্রকল্প অনুমোদনের জন্য আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উঠছে।
প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৭৯৬ কোটি টাকা। এর মধ্যে চীন অনুদান হিসেবে দেবে ৬২৬ কোটি টাকা। আর বাংলাদেশ সরকার নিজস্ব তহবিল থেকে জোগান দেবে ১৩৮ কোটি টাকা। ইপিবির নিজস্ব তহবিল থেকে আসবে ৩২ কোটি টাকা।
প্রকল্পের মেয়াদকাল ধরা হয়েছে চলতি বছরের জুলাই থেকে ২০১৮ সালের জুন মাস পর্যন্ত। প্রকল্পটি টার্ন কি পদ্ধতিতে বাস্তবায়ন করা হবে। অর্থাৎ যে প্রতিষ্ঠানকে এ প্রদর্শনী কেন্দ্র নির্মাণের দায়িত্ব দেওয়া হবে, সেই প্রতিষ্ঠানই কাজ সম্পূর্ণ শেষ করে সরকারের হাতে তুলে দেবে। প্রদর্শনীতে দর্শনার্থীদের সুবিধার্থে দেড় হাজার গাড়ি পার্কিং করার ব্যবস্থা থাকবে। এ ছাড়া সম্মেলনকক্ষ, প্রেস সেন্টার, সভাকক্ষ, বাণিজ্য তথ্যকেন্দ্র, সেবা কেন্দ্রসহ বিভিন্ন আনুষঙ্গিক অবকাঠামো তৈরি করা হবে। চীনের বেইজিং ইনস্টিটিউট অব আর্কিটেকচারাল ডিজাইন নামের একটি প্রতিষ্ঠান এ প্রকল্পের নকশা তৈরি করেছে।
রাজধানীর শেরেবাংলা নগরের যেখানে এখন বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়, সেখানে ২০০৯ সালের জুলাই থেকে ২০১২ সালের জুন মাসের মধ্যে এ প্রদর্শনী কেন্দ্র নির্মাণের কথা ছিল। তখন প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল ২৭৫ কোটি টাকা। কিন্তু জমি না পাওয়ায় প্রকল্প বাস্তবায়ন করা যায়নি। পরে পূর্বাচলে জমি পাওয়ায় সেখানেই প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়।