পূর্বানুমতি ছাড়াই কমিশন বিদেশে পাঠানো যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশি ব্রোকারেজ হাউসের কমিশন আয়ের অর্থ বৈদেশিক মুদ্রায় বাইরে নিতে এখন থেকে আর বাংলাদেশ ব্যাংকের পূর্ব অনুমতি লাগবে না। বৈদেশিক বিনিময়সংক্রান্ত বিধিবিধান, নীতিমালা উদারীকরণের আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ ক্ষমতা ব্যাংকগুলোর হাতে ছেড়ে দিয়েছে।এতে শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ উৎসাহিত হবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক গত বুধবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলোর কাছে পাঠিয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশি ব্রোকারেজ হাউসের মাধ্যমে বিদেশি কোনো ব্রোকারেজ হাউস ও পোর্টফোলিও ব্যবস্থাপক শেয়ারবাজারে বিনিয়োগ করতে চাইলে উভয়ের মধ্যে এ বিষয়ে চুক্তি বা সমঝোতা থাকতে হবে। একই সঙ্গে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণ করতে হবে। এর পর থেকে অনুমতি না নিয়েও বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকের মাধ্যমে বিদেশি ব্রোকারেজ হাউস বা পোর্টফোলিও ব্যবস্থাপককে কমিশনের অর্থ বৈদেশিক মুদ্রায় পাঠানো যাবে।এত দিন এই আয় বিদেশে পাঠাতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে গিয়ে বেশ কয়েক দিন অপেক্ষা করতে হতো। এ নিয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনেক দিন ধরে চেষ্টা করে আসছিল। সর্বশেষ কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ সভায় এ ক্ষমতা ছেড়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়।