পৃথক অটোমোবাইল শিল্পনগর গড়া হবে
দেশের অটোমোবাইলশিল্পের জন্য সরকার বিসিকের মাধ্যমে একটি পৃথক অটোমোবাইল শিল্পনগর গড়ে তুলবে।শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া গতকাল মঙ্গলবার এ কথা জানিয়েছেন। তিনি আরও বলেছেন, সরকার যে নতুন জাতীয় শিল্পনীতি ঘোষণা করতে যাচ্ছে, তাতে অটোমোবাইলশিল্পকে অগ্রাধিকার শিল্প খাত হিসেবে বিবেচনা করা হয়েছে। জ্ঞানভিত্তিক শিল্পায়নের জন্য বাংলাদেশ প্রকৌশল ও কারিগরি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উদ্ভাবনী ক্ষমতা কাজে লাগাতে বুয়েট ও শিল্প মন্ত্রণালয়ের মধ্যে একটি গভীর যোগসূত্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল সকালে শিল্প মন্ত্রণালয়ে বাংলাদেশ অটোমোবাইল সেক্টর ডেভেলপমেন্ট রোডম্যাপ প্রণয়ন শীর্ষক জাতীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ আবু হাফিজের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন শিল্পসচিব দেওয়ান জাকির হোসাইন।এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের প্রধান মুহাম্মদ মাহ্বুবুল আলম। কর্মশালায় অন্যান্যের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ বি এম খোরশেদ আলম, বুয়েটের ইনস্টিটিউট অব অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজির পরিচালক এম কামালউদ্দিন, এডিবির ইন্টারন্যাশনাল স্টাফ কনসালট্যান্ট নাঈম চৌধুরী, বিটাকের মহাপরিচালক আশীষ কুমার পাল আলোচনায় অংশ নেন।কর্মশালায় বক্তারা বলেন, বাংলাদেশে বর্তমানে গাড়ি তৈরির জন্য মধ্যম মানের কারিগরি দক্ষতা, জ্ঞান ও অভিজ্ঞতাসম্পন্ন জনবল রয়েছে। বুয়েটসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দক্ষতা ও সৃজনশীল ক্ষমতা কাজে লাগিয়ে এই জনবল দিয়েই দেশীয় প্রযুক্তিতে গাড়ি তৈরি করা সম্ভব।