পৃথক আইটি শিল্পনগর গড়ে তোলার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের তথ্যপ্রযুক্তি খাতকে শক্তিশালী করে কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখার লক্ষ্যে এ খাতের জন্য আলাদা শিল্পনগর গড়ে তোলার দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। একই সঙ্গে সমিতি তথ্যপ্রযুক্তি খাতের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সফটওয়্যার উন্নয়নকে শিল্প খাতের স্বীকৃতি দেওয়ার প্রস্তাব করেছে। গতকাল মঙ্গলবার বেসিসের নেতারা শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সঙ্গে বৈঠককালে এসব দাবি জানান। তাঁরা বলেন, উপযুক্ত সুযোগ-সুবিধা দেওয়া হলে তথ্যপ্রযুক্তি (আইটি) খাতের মাধ্যমে তৈরি পোশাকশিল্পের চেয়েও বেশি পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত এ বৈঠকে বেসিসের সভাপতি মাহবুব জামান, ঊর্ধ্বতন সহসভাপতি এ কে এম ফাহিম মাশরুর, সহসভাপতি ফারহানা এ রহমান, পরিচালক এস কবির আহমেদ, এ কে সাব্বির মাহবুব, সরওয়ার আলম, মুশফিকুর রহমানসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।বৈঠকে বেসিস নেতারা বিশ্বব্যাপী আর্থ-সামাজিক উন্নয়ন ও শিল্পায়নের ক্ষেত্রে আইটি খাতের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। তাঁরা এশিয়ার চীন, ভারত, দক্ষিণ কোরিয়াসহ অন্যান্য দেশের দৃষ্টান্ত তুলে ধরে বলেন, এসব দেশে রাষ্ট্রীয়ভাবে অবকাঠামোগত সুবিধা প্রদান করে তথ্যপ্রযুক্তি শিল্পের সফল প্রসার ঘটানো হয়েছে। তাঁরা বাংলাদেশে এর সুফল পেতে তথ্যপ্রযুক্তি খাতের জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করার পরামর্শ দেন। তাঁরা মিরপুরে অবস্থিত বিসিক ইলেকট্রনিক কমপ্লেক্সে আইটি সহায়ক কেন্দ্র এবং তেজগাঁও বিসিক শিল্প এলাকায় সফটওয়্যার শিল্প স্থাপনে জমি বরাদ্দের জন্য শিল্পমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, জ্ঞানভিত্তিক শিল্পায়নের মাধ্যমে জ্ঞাননির্ভর অর্থনীতি গড়ে তোলার জন্য সরকার কাজ করছে। সরকার যে নতুন শিল্পনীতি ঘোষণা করতে যাচ্ছে, তাতে তথ্যপ্রযুক্তি খাতকে অগ্রাধিকার খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি মিরপুরে অবস্থিত বিসিক ইলেকট্রনিক কমপ্লেক্সে আইটি সহায়ক কেন্দ্র এবং তেজগাঁও বিসিক শিল্প এলাকায় সফটওয়্যার শিল্প স্থাপনের বিষয়টি ইতিবাচক দৃষ্টিকোণ থেকে বিবেচনার আশ্বাস দেন। শিল্পমন্ত্রী বলেন, দেশব্যাপী ব্যাপকহারে শিল্পায়নের জন্য শিল্প-পুঁজির উন্নয়ন করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে সরকার আইটিনির্ভর বেসরকারি খাতের প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছে। আইটি খাতের বিকাশে শিল্প ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে যোগাযোগ শক্তিশালী করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।