পৃথক পোশাক মন্ত্রণালয় চায় বিজিএমইএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) পৃথক পোশাক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবি জানিয়েছে। তৈরি পোশাকশিল্পের সমন্বয় ও যথাযথ প্রতিনিধিত্বের জন্য এ দাবি জানানো হয়। খবর বাসসের।বিজিএমইএর সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন গতকাল শনিবার বলেন, ‘এই বিশাল শিল্পের যথাযথ প্রতিনিধিত্বের জন্য আমাদের পৃথক একটি পোশাকসংক্রান্ত মন্ত্রণালয় প্রয়োজন। শিগগিরই আমরা এ ব্যাপারে সরকারের কাছে একটি প্রস্তাব পাঠাব।’মহিউদ্দিন বলেন, পোশাক প্রস্তুতকারকদের কখনো বাণিজ্য আবার কখনো শ্রম মন্ত্রণালয়ের দ্বারস্থ হতে হয়। এতে তাঁরা নানা সমস্যায় পড়েন। কারণ, তাঁরা জানেন না কাজটির জন্য আসলে কোন মন্ত্রণালয় দায়িত্বপ্রাপ্ত। তিনি আরও বলেন, ‘আরএমজি শিল্পের সমস্যা সমাধানে কখনো মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রীও দায়িত্ব নেন। এটা তাঁদের উদারতা। কিন্তু দেশের সর্ববৃহৎ এই শিল্পের জন্য ওয়ান স্টপ সার্ভিস বা এক জায়গাতেই সব সেবা পাওয়ার ব্যবস্থা করা প্রয়োজন।বিজিএমইএর অগ্নিনিরাপত্তা-সংক্রান্ত ক্র্যাশ প্রোগ্রামের সমন্বয়ক এম আতিকুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাঁদের নিজ কাজে ব্যস্ত থাকায় পোশাকশিল্পে মারাত্মক সমন্বয় সংকট বিরাজ করছে। পোশাকশিল্পের বিষয়গুলোর দিকে খেয়াল করার মতো যথেষ্ট সময় যেন তাঁদের হাতে নেই।