পৃথক বিও হিসাবের প্রক্রিয়া তদারকিতে ছয় সদস্যের কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারের অমনিবাস হিসাবের অধীনে থাকা গ্রাহকের আলাদা বিও (বেনিফিশিয়ারি ওনার্স বা সুবিধাভোগী মালিক) হিসাব খোলার বিষয়টি তদারকির জন্য ছয় সদস্যের কমিটি করা হয়েছে।বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) এই কমিটি গঠন করেছে। অমনিবাস গ্রাহকের হিসাব আলাদা বিওতে স্থানান্তরের বিষয়টি নিয়ে সংগঠনটির নেতারা গতকাল সোমবার জরুরি বৈঠকে বসেন। এতে ওই কমিটি গঠন করা হয় বলে জানান সংগঠনটির সভাপতি মোহাম্মদ এ হাফিজ।আইডিএলসি ইনভেস্টমন্টস, লংকাবাংলা ইনভেস্টমেন্টস, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট, কসমো-পলিটন ফিন্যান্স, প্রাইম ফিন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও এমটিবি ক্যাপিটালের প্রধান নির্বাহীদের নিয়ে এ কমিটি করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) গত রোববার অমনিবাস হিসাব বাতিলের সিদ্ধান্ত নেয়। এ জন্য আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেয়। এরই পরিপ্রেক্ষিতে করণীয় ঠিক করতে মার্চেন্ট ব্যাংকাররা জরুরি সভায় বসে।