পেঁয়াজে বেদিশা বাণিজ্য মন্ত্রণালয়
ভারতের পাশাপাশি মিয়ানমার, পাকিস্তান ও চীন থেকে কিছু পেঁয়াজ আমদানি হচ্ছে। আমদানিকারকের ঋণের সুদের হার কমানো হয়েছে। খোলা বাজারে বিক্রি হচ্ছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশনের (টিসিবি) পেঁয়াজ। কিন্তু কোনো কিছুই পেঁয়াজের দাম কমাতে পারছে না।
এর মধ্যে আবার বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিকে মন্ত্রণালয় বলেছে, ভারতে পেঁয়াজের দাম বেশি হওয়ায় দেশে কম দামে পেঁয়াজ বিক্রি হলে তা ভারতে পাচার হওয়ার আশঙ্কা থাকে।
আবার পেঁয়াজ নিয়ে হচ্ছে কিছু কারসাজিও। কম দামে আমদানি হওয়া মিয়ানমার ও পাকিস্তানের পেঁয়াজ বিক্রি হচ্ছে বেশি দরে।
পেঁয়াজের দাম বাড়ার পর থেকেই বাণিজ্য মন্ত্রণালয় আমদানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে কয়েক দফায় বৈঠক করে বলেছে, ১০ দিনের মধ্যে পেঁয়াজের দাম কমে আসবে। কিন্তু সেই ১০ দিন আর শেষ হয় না। পেঁয়াজের দামও কমে না।
যোগাযোগ করা হলে বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের প্রথম আলোকে বলেন, ‘ভারতের পাশাপাশি মিয়ানমার, পাকিস্তান, চীন ও তুরস্ক থেকেও পেঁয়াজ আমদানি হচ্ছে। শিগগির দাম কমে যাবে। ভারতে মূল্য বৃদ্ধির প্রভাব দেশীয় বাজারে কিছুটা পড়েছে ঠিক, কিন্তু এখনো ভারতের তুলনায় কমই আছে পেঁয়াজের দাম। আর কেউ যদি মূল্য বৃদ্ধির অভিলাষে মজুত করেন, সেই অভিলাষ পূরণ হবে না। কারণ, ভারতসহ সব বাজারেই পেঁয়াজের দাম পড়তির দিকে।’
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘চোরাচালানের সঙ্গে পেঁয়াজের কোনো সম্পর্ক নেই। বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যদি পেঁয়াজ পাচার হয়ে যাওয়ার আশঙ্কার কথা বলেও থাকেন, তিনি তা না বুঝে বলেছেন।’
বর্তমানে বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৭৫ থেকে ৮০ টাকা আর ভারতীয় পেয়াজ ৮০ থেকে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে বাজার ঘুরে দেখা মেলে না মিয়ানমার ও পাকিস্তানের পেঁয়াজের।
দেশে চাহিদা অনুযায়ী, উৎপাদন না হওয়ায় প্রতিবছরই কয়েক লাখ টন পেঁয়াজের ঘাটতি থেকে যায়। ঘাটতি মেটাতে হয় আমদানি করে। বেশির ভাগ পেঁয়াজই আমদানি হয় ভারত থেকে। ভারতে পেঁয়াজের দাম কমলে বা রপ্তানি সীমিত করলেই দেশের বাজারে এর প্রভাব পড়ে খুবই দ্রুত।
ভারত রপ্তানিমূল্য বাড়িয়ে দেওয়ায় আমদানি অনেক কমে গেছে। আর আমদানি কমায় বাজারে পেঁয়াজের সরবরাহের সংকট দেখা দিয়েছে। সুযোগ বুঝে দামও বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা।
আবার পেঁয়াজ নিয়ে চলছে তথ্যবিভ্রাট। দেশের চাহিদা মেটাতে কতটুকু পেঁয়াজ আমদানি করতে হয়, সেই তথ্য নেই বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে। আবার দেশে কী পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয়, সে বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর একরকম তথ্য দিচ্ছে, পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বলছে আরেক রকম। উৎপাদনের সঠিক তথ্য না থাকলে আমদানি-নির্ভরতা কতটুকু তা মোটেও নিশ্চিত হওয়া সম্ভব না। বিষয়টি নিয়ে তেমন কাজও করেনি বাণিজ্য মন্ত্রণালয়।
শ্যামবাজারের আমদানিকারক পপুলার বাণিজ্যালয়ের স্বত্বাধিকারী রতন সাহা প্রথম আলোকে বলেন, ‘দেশীয় চাহিদার ৬০ শতাংশ ভারত থেকে আমদানি করে মেটানো হয়। এ বছর আমাদের দেশে উৎপাদন ভালো। কিন্তু চাহিদার কতটুকু তা মেটাতে পারে, এখন কী পরিমাণ মজুত আছে, আমদানি কতটুকু করতে হবে—এসব বিষয়ে সঠিক তথ্য নেই। সে কারণে যার পেঁয়াজ আছে সে অনেক ক্ষেত্রে মজুত করে রাখতে পারে। কাঁচামালের ক্ষেত্রে এমনটা হয়ই।’
আবার সম্প্রতি মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানির সম্ভাব্যতা খতিয়ে দেখতে সে দেশ সফর করেছে। তাতেও পেঁয়াজের দামের কোনো হেরফের হয়নি।
শ্যামবাজারের একজন আমদানিকারক বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদল মিয়ানমার সফর করল। সেখানে কী আলোচনা হলো, কী পরিমাণ পেঁয়াজ আমদানি হতে পারে, সে বিষয়ে আমাদের কিছু জানানো হলো না। জানতে না পারলে আমরা কীভাবে আমদানি করব?’
টিসিবি দুই দফায় খোলা বাজারে পেঁয়াজ বিক্রি করছে। দ্বিতীয় দফার বিক্রি এখনো চলছে। এ দফায় টিসিবিও পেঁয়াজের দাম বাড়িয়ে ৪৭ থেকে ৫৫ টাকা করেছে। ফলে টিসিবির পেঁয়াজও বাজারে পেঁয়াজের ঝাঁজ কমাতে পারেনি।