পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ বেগুন রপ্তানি করা যাবে
কাঁচামরিচ, বেগুন, পেঁয়াজ ও রসুন রপ্তানিতে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সরকার। ফলে এখন থেকে এই চারটি নিত্যপণ্য রপ্তানিতে আর বাধা থাকল না।তবে বাজার তদারকির সঙ্গে জড়িত ব্যক্তিরা বলছেন, দেশের চাহিদা মেটাতে যেখানে প্রতিবছর প্রচুর পরিমাণে পেঁয়াজ ও রসুন আমদানি করা হয়, সেখানে এসব পণ্য রপ্তানির অনুমতি দেওয়া সরকারের উচিত হয়নি। এতে দেশীয় বাজারে পণ্যগুলোর দাম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।বাজারে সরবরাহ ও মূল্য সহনীয় রাখতে গত রমজানে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) কয়েকটি পণ্যের রপ্তানি বন্ধের আদেশ দিতে বাণিজ্য মন্ত্রণালয়কে অনুরোধ করেছিল। তার পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় গত ৯ জুলাই কাঁচামরিচ, বেগুন, রসুন ও পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি কাজী ফারুক প্রথম আলোকে বলেন, ‘পেঁয়াজ-রসুনের মতো মসলা-পণ্য রপ্তানির সিদ্ধান্ত অবিবেচনাপ্রসূত। এ থেকে কয় টাকা আয় হবে? বরং রপ্তানির কারণে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হতে পারে। এতে ভোক্তাদের কষ্ট আরও বাড়বে।’কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ ব্যাংক ও চট্টগ্রাম কাস্টমস হাউসের তথ্য নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন তৈরি করেছে বাংলাদেশ ট্যারিফ কমিশন। প্রতিবেদনে বলা হয়, দেশে পেঁয়াজের চাহিদা প্রায় ২০ লাখ টন। ২০১১-১২ অর্থবছরে উৎপাদিত হয়েছে ১৬ লাখ ২০ হাজার টন। রসুনের চাহিদা সাড়ে চার লাখ টন, উৎপাদিত হয়েছে চার লাখ ১৬ হাজার টন।ট্যারিফ কমিশন বলছে, ২০১১-১২ অর্থবছরের মে পর্যন্ত প্রথম ১১ মাসে সাড়ে তিন লাখ টন পেঁয়াজ ও ৩২ হাজার টন রসুন আমদানি হয়েছে।গত বছরের আগস্টে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্যের ভিত্তিতে প্রধান আমদানি-রপ্তানি নিয়ন্ত্রকের কার্যালয় (সিসিআইই) নিত্যপণ্যের আমদানির বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করে। প্রতিবেদন অনুযায়ী, ২০০৫-০৬ অর্থবছরে রসুন আমদানি করা হয়েছিল ১২ হাজার ৮৪১ টন। ২০১০-১১ অর্থবছরে আমদানি করা হয় ৩৪ হাজার ৩১৬ টন।একইভাবে ২০০৫-০৬ অর্থবছরে দেশে এক লাখ ৭৪ হাজার ৪৩৬ টন পেঁয়াজ আমদানি করা হয়েছিল। তবে ২০১০-১১ অর্থবছরে আমদানি করা হয়েছে মাত্র ১৬ হাজার ৯৮ টন।