পেঁয়াজ আমদানি করবে টিসিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে পেঁয়াজের দাম যে প্রতিদিনই বাড়ছে তার অন্যতম কারণ হিসেবে আমদানি কমে যাওয়াকেই চিহ্নিত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সে কারণে পেঁয়াজের আমদানি স্বাভাবিক রাখার জন্য সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।পেঁয়াজের দাম অব্যাহতভাবে বাড়তে থাকায় উদ্বিগ্ন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা করণীয় ঠিক করতে গতকাল শনিবার ছুটির দিনে সচিবালয়ে বৈঠক করেছেন। বাণিজ্যসচিব মাহবুব আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে তিনটি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। যার একটি হলো সরকার টিসিবির মাধ্যমে পেঁয়াজ আমদানির সম্ভাব্যতা যাচাই করে পেঁয়াজ আমদানি করবে।জানতে চাইলে ওই বৈঠকে উপস্থিত থাকা টিসিবির চেয়ারম্যান সারোয়ার জাহান তালুকদার প্রথম আলোকে বলেন, ‘ভারতের বাইরে কোন কোন দেশ থেকে পেঁয়াজ আমদানি করা যায়, সে বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। কয়েকটি দেশে এখন কত টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে, সে বিষয়েও তথ্য সংগ্রহ করেছি। আজ (শনিবার) আমরা এগুলো আরও পর্যালোচনা করব। হয়তো আগামীকালের (রোববার) সভায় এসব বিষয় চূড়ান্ত হতে পারে।’বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের জনৈক যুগ্ম সচিব প্রথম আলোকে বলেন, বাণিজ্যসচিব টিসিবিকে সব ধরনের প্রক্রিয়া শুরু করতে বলেছেন। এসব প্রক্রিয়া শেষ হলে আমদানির বিষয় অনুমোদন করা হবে।তবে বেশ কয়েকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও বাণিজ্যসচিব মাহবুব আহমদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।টিসিবির হিসাবে গতকাল রাজধানীর বাজারগুলোতে দেশি পেঁয়াজ ৬৫ থেকে ৭০ টাকা এবং ভারত থেকে আমদানি হওয়া পেঁয়াজ ৭০ থেকে ৭২ টাকায় বিক্রি হয়েছে। সংস্থাটি বলছে, এক সপ্তাহ আগেও এই দামের চেয়ে ২০ থেকে ২৩ টাকা কমে পেঁয়াজ বিক্রি হয়েছে। আর এক মাসের ব্যবধানে দেশে পেঁয়াজের দাম দ্বিগুণ হয়েছে।ঈদের পর ভারত থেকে পেঁয়াজ আমদানি আশঙ্কাজনকভাবে কমে গেছে। ভারতীয় পেঁয়াজের বড় অংশই দেশে আসে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে। স্বাভাবিক সময়ে এই বন্দর দিয়ে প্রতিদিনি ১৫০ থেকে ১৬০ ট্রাক পেঁয়াজ এলেও এখন আসছে ৩০ থেকে ৩৫টি পেঁয়াজবোঝাই ট্রাক। ভারতে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড় যাওয়ার কারণেই আমদানি কমেছে।বাংলাদেশ ট্যারিফ কমিশনের হিসাবে, দেশে পেঁয়াজের চাহিদা বছরে ২২ লাখ টন। আর কৃর্িষ সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে, দেশে ১৯ লাখ টনের কিছু বেশি পেঁয়াজ উৎপাদিত হয়। তবে আমদানিকারকদের দাবি, দেশের পেঁয়াজের চাহিদার ৬০ থেকে ৭০ শতাংশই মেটানো হয় আমদানি করা পেঁয়াজ দিয়ে।বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠক সূত্র জানায়, মন্ত্রণালয়ের নির্দেশে গতকাল টিসিবি পার্শ্ববর্তী কয়েকটি দেশে পেঁয়াজের সর্বোচ্চ খুচরা মূল্যের তথ্যসংশ্লিষ্ট দেশের দূতাবাসের মাধ্যমে সংগ্রহ করেছে। দেশগুলো হলো মিয়ানমার, চীন, পাকিস্তান ও ইরান। টিসিবি বলছে, খুচরা পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজ মিয়ানমারে ৫০ এবং চীনে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে।টিসিবি সূত্র জানায়, মিয়ানমার ও চীনের পেঁয়াজের দাম কম। এ দুটি দেশ থেকে পেঁয়াজ আমদানি করা যায়। সমস্যা হলো পর্যাপ্ত অবকাঠামোর অভাবে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য এমনিতেই কম। সে কারণে সে দেশ থেকে পেঁয়াজ আমদানি করতে কিছুটা সমস্যা হবে। চীনে দাম যেমন কম, তেমনি পেঁয়াজের উৎপাদনও ভালো হয়েছে। তবে চীন থেকে পেঁয়াজ আমদানি করে দেশে আনতে বেশ সময় লেগে যাবে। পেঁয়াজের দামের পাশাপাশি এগুলো দেশে আনতে কত সময় লাগতে পারে সেটিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।বৈঠকে উপস্থিত বাণিজ্য মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব বলেন, ‘কত টাকায় পেঁয়াজ আনা হচ্ছে তার চেয়ে বড় বিবেচ্য হলো, কত দ্রুত সে পেঁয়াজ দেশে আনা যাবে। কারণ টিসিবি তো এমনিতেই কম দামে পণ্য বিক্রি করে। এ জন্য সংস্থাটিকে ভর্তুকিও দেওয়া হয়। এসব করা হচ্ছে কোরবানির ঈদ সামনে রেখে। এখনি যদি পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনা না যায়, তাহলে কোরবানির সময় তা মারাত্মক আকার ধারণ করতে পারে।’গতকালের বৈঠকে পেঁয়াজ আমদানি করতে গিয়ে দেশের ব্যবসায়ীরা কোনো ধরনের প্রতিবন্ধকতার মুখে পড়লে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা করার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে সিদ্ধান্ত হয়, পেঁয়াজের মূল্য পরিস্থিতি নিয়মিত বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিদপ্তরের বাজার তদারক দল তদারকি করবে।এদিকে সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি সংস্থা, পেঁয়াজ আমদানিকারক ও ব্যবসায়ী, ব্যবসায়ী সংগঠন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্টদের নিয়ে আজ রোববার পেঁয়াজের দাম কমানোর কৌশল নির্ধারণের জন্য বৈঠক ডেকেছে বাণিজ্য মন্ত্রণালয়।