দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে বড় ধরনের ফাঁকিবাজি চলছে। বিশেষ করে আমদানিদরের তুলনায় পাইকারি বাজারের দর কম হওয়ায় এই পেঁয়াজ আমদানির আড়ালে ভারতে ডলার পাচার করার অভিযোগ উঠেছে। শুল্ক কর্তৃপক্ষ ও ব্যাংক সূত্রে জানা গেছে, বর্তমানে এই বন্দর দিয়ে বাংলাদেশে প্রতি মেট্রিক টন পেঁয়াজ ৪৭৫ মার্কিন ডলারে আমদানি করা হচ্ছে। এ হিসাবে প্রতি কেজি পেঁয়াজের আমদানিমূল্য দাঁড়ায় প্রায় ৩৬ টাকা (এক ডলার সমান ৭৫ টাকা ধরে)। এরপর ট্রাক ভাড়া, ব্যাংক কমিশনসহ ঋণপত্র ও বিমা বাবদ প্রতি কেজিতে অতিরিক্ত আরও দুই-তিন টাকা খরচ হয়। সব মিলে প্রতি কেজি পেঁয়াজ আমদানিতে ব্যয় হয় গড়ে ৩৮ থেকে ৪০ টাকা। অথচ আমদানি করা এই পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি করা হচ্ছে প্রতি কেজি ২৪ থেকে ২৫ টাকায়। আর বাংলাহিলি বাজারের খুচরা বিক্রেতাদের বাজারে আমদানি করা ভারতীয় পেঁয়াজ প্রতি কেজি ২৮-৩০ টাকায় বিক্রি হচ্ছে। তাহলে কি ভারত থেকে প্রতি কেজি পেঁয়াজ আমদানিতে ব্যবসায়ীরা ১২-১৩ টাকা করে লোকসান গুনছেন না ভর্তুকি দিচ্ছেন? নাকি ডলার পাচার করছেন?এসব প্রশ্নের উত্তরে হিলি স্থলবন্দরের কাঁচামাল আমদানিকারক সমিতির সভাপতি মো. শহীদুল ইসলাম (শহীদ) প্রথম আলোকে বলেন, ঋণপত্রে নির্ধারিত পরিমাণ আমদানি করা পেঁয়াজের সঙ্গে অতিরিক্ত পেঁয়াজ এনে ডলারের সমন্বয় করা হয়। এভাবে আমদানি করা হয় বলেই লোকসান দিতে হয় না। ঋণপত্রের অতিরিক্ত পেঁয়াজ আমদানি বৈধ কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘পেঁয়াজ আমদানিতে বাংলাদেশে কোনো শুল্ককর নেই। তাই অতিরিক্ত পেঁয়াজ আমদানি হচ্ছে। এতে ক্ষতির কারণ দেখি না।’তবে বন্দরের কাস্টমস সহকারী কমিশনার মোহাম্মদ মিনহাজ উদ্দিন পাহলোয়ান প্রথম আলোকে বলেন, ‘পেঁয়াজ আমদানির আড়ালে ভারতে যে ডলার পাচার হচ্ছে বা অতিরিক্ত ডলার যাচ্ছে—এই অভিযোগ সত্য।’ আর নির্ধারিত ঋণপত্রের পেঁয়াজ আমদানির সঙ্গে অতিরিক্ত পেঁয়াজ এনে ডলার সমন্বয় করার কথা ঠিক নয় বলে তিনি উল্লেখ করেন। বন্দরের স্থানীয় কাঁচামাল আমদানিকারক সমিতির নেতারা প্রথম আলোকে জানান, গত ৭ সেপ্টেম্বর থেকে পেঁয়াজের মূল্য ৪৭৫ ডলার নির্ধারণ করলে ৮ সেপ্টেম্বর ব্যবসায়ীরা ৪৭৫ ডলারে ঋণপত্র খোলেন। কিন্তু ভারত সরকার ৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করলে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। পরে ১৪ সেপ্টেম্বর ভারত সরকার নিষেধাজ্ঞা তুলে নিলে পেঁয়াজ আমদানি আবার শুরু হয়। অগ্রণী ব্যাংক ও জনতা ব্যাংকের স্থানীয় শাখার কর্মকর্তারা জানান, পেঁয়াজ আমদানিতে ভারতে ডলার পাচার হচ্ছে বা অতিরিক্ত ডলার যাচ্ছে—যেটাই বলা হোক না কেন, একটা শুভংকরের ফাঁকি দেওয়া হচ্ছে। বিষয়টি সরকারের উচ্চপর্যায় থেকে দেখা দরকার বলেও তাঁরা অভিমত দেন। হিলির বড় পেঁয়াজ রপ্তানিকারক প্রতিষ্ঠান মেসার্স মারুতি ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী পাপ্পু গত শনিবার প্রথম আলোকে মুঠোফোনে বলেন, ‘ভারতের স্থানীয় বাজারে প্রতি কেজি পেঁয়াজ আট-দশ রুপিতে বিক্রি হচ্ছে। তাতে প্রতি কেজি পেঁয়াজ বাংলাদেশি মুদ্রায় পড়ছে ১৪-১৫ টাকা।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশে রপ্তানিতে প্রতি মেট্রিক টন পেঁয়াজের মূল্য ৪৭৫ ডলার হলেও ভারতের স্থানীয় বাজারমূল্যে পেঁয়াজের দাম ধরে রপ্তানি করা হচ্ছে। এতে ভারতে ডলার পাচার হচ্ছে বলে মনে হয় না।’