পেঁয়াজ রপ্তানি বন্ধের নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার
বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধের নির্দেশনা জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। পেঁয়াজের নতুন ফলন না ওঠা পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে।রাজ্য সচিবালয় মহাকরণে গত মঙ্গলবার পশ্চিমবঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে গঠিত টাস্কফোর্সের এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পেঁয়াজের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সীমান্ত দিয়ে পেঁয়াজ যেন পাচার হতে না পারে, সে জন্য পুলিশকে সজাগ থাকার নির্দেশও দিয়েছেন তিনি।বৈঠক শেষে টাস্কফোর্সের অন্যতম সদস্য ও ফোরাম অব ট্রেডার্স অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ কোলে জানান, পেঁয়াজের মূল্যবৃদ্ধিতে মুখ্যমন্ত্রী উদ্বিগ্ন। প্রতি কেজি পেঁয়াজ এখন ৩২ রুপিতে বিক্রি হচ্ছে। এ ছাড়া ট্রেনে রেকের সমস্যার কারণে মহারাষ্ট্রের নাসিক থেকে পেঁয়াজ আমদানি ব্যাহত হচ্ছে। তাই মুখ্যমন্ত্রী এই রাজ্য থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধের নির্দেশ দিয়েছেন। বলেছেন, নতুন পেঁয়াজ বাজারে না আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা চলবে।প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের সীমান্ত জেলা নদীয়া, মুর্শিদাবাদ ও উত্তর চব্বিশ পরগনা জেলায় প্রচুর পেঁয়াজ উত্পন্ন হয়।বৈঠকে অন্যদের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীসহ রাজ্য পুলিশের মহানির্দেশক এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।