পেঁয়াজে স্বস্তি, আদা ও রসুন নিয়ে দুশ্চিন্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গেল বছর কোরবানির ঈদের আগে ক্রেতাদের সবচেয়ে বেশি ভুগিয়েছিল পেঁয়াজ। দাম প্রতি কেজি ছাড়িয়েছিল ১০০ টাকা। কিন্তু এবার পেঁয়াজ কেনা যাচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়। ভারতও এবার কোরবানির আগে পেঁয়াজের ন্যূনতম রপ্তানিমূল্য বাড়ায়নি। উল্টো কমিয়েছে।
তবে অনেকটা হঠাৎ করেই দাম বেড়ে গেছে রসুনের। এক মাসে সব ধরনের রসুনের দাম বেড়েছে ৩৩ শতাংশ। গত মাসে ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হওয়া রসুন এখন বিক্রি হচ্ছে ৯০ থেকে ১১০ টাকায়। আরেক মসলাপণ্য আদাও বেশ ভোগাচ্ছে ক্রেতাদের। পণ্যটি এখন বিক্রি হচ্ছে মানভেদে ১৮০ থেকে ২৪০ টাকায়।
এদিকে দুই-তিন ধরনের গরমমসলার দাম বেড়েছে। আবার কয়েকটি মসলার দাম গত রমজানের তুলনায় কমে গেছে।
পেঁয়াজ-রসুন-আদা: কোরবানিতে পেঁয়াজের চাহিদা বেশ থাকে। বাণিজ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী, দেশে বছরে পেঁয়াজের চাহিদা ২০ থেকে ২২ লাখ টন। এর মধ্যে দেশে উৎপাদিত হয় ১৩ লাখ ৫৮ হাজার টন। গেল ২০১৩-১৪ অর্থবছরে চার লাখ ৫২ হাজার টন পেঁয়াজের ঋণপত্র খোলা হয়। আর আমদানি হয় চার লাখ ছয় হাজার টন। আর চলতি অর্থবছরের প্রথম দুই মাসে ৭৯ হাজার টন পেঁয়াজের ঋণপত্র খোলা হয়েছে। দেশে এসেছে ৭৫ হাজার টন। পেঁয়াজের দাম মাস খানেক ধরে প্রায় একই আছে।
দেশে রসুনের চাহিদা বছরে পাঁচ লাখ টন। দেশেই উৎপাদিত হয় তিন লাখ ৯২ হাজার টন। গত দুই মাসে দেশে ১৩ হাজার টন রসুন আমদানি হয়েছে। এর পরও রসুনের দাম বেড়েছে। গত মাসে ৭৫ থেকে ৯০ টাকায় বিক্রি হওয়া রসুনের দাম এখন ৯০ থেকে ১১০ টাকা। একই দামে বিক্রি হওয়া আমদানি করা রসুনের দাম এখন ৮০ থেকে ১০০ টাকা।
দেশে আদার চাহিদা বছরে তিন লাখ টন। গত বছর দেশে উৎপাদিত হয়েছে দুই লাখ ২৬ হাজার টন। আর গত দুই মাসে ঋণপত্র নিষ্পত্তি হয়ে দেশে আদা এসেছে ১১ হাজার টন।
পেঁয়াজ-রসুন-আদার পাইকারি বাজার রাজধানীর শ্যামবাজারের একাধিক আমদানিকারক জানান, দুই বছর আগেও চীন থেকে প্রতি টন আদা ৩৫০ ডলার দরে আমদানি করা যেত। এখন খরচ পড়ছে তিন হাজার ৫০ ডলার। আর ইন্দোনেশিয়ায় আদার দাম বেড়ে ৮৫০ থেকে এক হাজার ৬০০ ডলারে বিক্রি হচ্ছে। এসব কারণেই আদার দাম বেড়েছে।
গরমমসলা: কোরবানির ঈদ এলেই গরমমসলার বাড়তি চাহিদা সৃষ্টি হয়। ফলে দামও বেড়ে যায়। তবে এবার লবঙ্গ ও আলুবোখারা ছাড়া অন্যান্য মসলাপণ্যের দাম বাড়তে দেখা যায়নি।
বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন বলছে, গত অর্থবছরে দেশে দারুচিনি আমদানি হয়েছে ছয় হাজার টন। পণ্যটি আমদানি হয় চীন আর ভিয়েতনাম থেকে। তবে এর চাহিদা কত তা অবশ্য জানা যায়নি।
মসলার পাইকারি বাজার রাজধানীর মৌলভীবাজারে এখন প্রতি কেজি দারুচিনি বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৫০ টাকায়। মাস খানেক আগেও এর দাম ছিল ২৫০ টাকা।
গেল বছর এলাচি আমদানি হয়েছে তিন হাজার টন। বর্তমানে পাইকারি বাজারে এটি বিক্রি হচ্ছে মানভেদে ৯০০ থেকে ১৩০০ টাকায়। গত বছর লবঙ্গ আমদানি হয়েছে ৩৭০ টন। পাইকারি বাজারে পণ্যটি বিক্রি হচ্ছে ১১৫০ থেকে ১৩০০ টাকায়।
গত বছর জিরা আমদানি হয় ছয় হাজার ৮০০ টন। জিরার পাইকারি দাম এখন ২২৫ থেকে ২৪০ টাকা। এটা গত মাসেও বিক্রি হয়েছে ২৫০ টাকায়।
চীন ও ভারত থেকে আমদানি হয় কিশমিশ। চীনের কিশমিশ কেজিপ্রতি ৩০০ থেকে ৩২০ টাকা আর ভারতীয় কিশমিশ ২২০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। কিশমিশ অবশ্য গত বছর ২০০ টাকায় বিক্রি হয়।
গোলমরিচের দাম গত বছর যেখানে ছিল এক হাজার ২০০ টাকা, এখন তা নেমে এসেছে কেজিতে ৮০০ টাকায়।
আলুবোখারার দাম অবশ্য এক মাসে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। এখন পণ্যটি বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৩০ টাকায়। ইন্দোনেশিয়া থেকে আমদানি করা জায়ফলের কেজি ৮০০ থেকে এক হাজার টাকা। খুচরা বাজারে প্রতি কেজি লবঙ্গ এক হাজার ৩০০ থেকে দেড় হাজার, এলাচি এক হাজার ১০০ থেকে এক হাজার ৬০০, জিরা ৩০০ থেকে ৪০০, দারুচিনি ২৭০ থেকে ৩০০ এবং তেজপাতা ১৭০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
বাংলাদেশ পাইকারি গরম মসলা সমিতির সাধারণ সম্পাদক আতিকুল হক প্রথম আলোকে বলেন, ‘মসলার উচ্চশুল্কের কারণে আমাদের অবস্থা খুবই খারাপ। আমদানি কমে গেছে। অন্যদিকে অবৈধভাবে মসলা আমদানিও হচ্ছে। আমরা বাণিজ্য ও অর্থ মন্ত্রণালয় এবং এনবিআরে বহুবার দাবি জানিয়েও শুল্ক কমাতে পারিনি।’ তিনি জানান, বর্তমানে তাঁদের ২৫ শতাংশ আমদানি শুল্ক, ২০ শতাংশ সম্পূরক শুল্ক, ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্কসহ সব মিলিয়ে প্রায় ৭০ শতাংশ শুল্ক দিতে হয়। এসব না থাকলে দেশের মানুষ অনেক কম দামে গরমমসলা কিনতে পারত।