পেঁয়াজের দাম কমাটা এখন সময়ের ব্যাপার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেঁয়াজ
পেঁয়াজ

ভারতের নতুন পেঁয়াজ অনেক কম দামে দেশে আসছে। পাকিস্তান থেকে দেশে আসার পথে রয়েছে ১৫০টি কনটেইনার ভর্তি পেঁয়াজ। মিয়ানমার থেকে আসা পেঁয়াজও টেকনাফ থেকে সরাসরি চলে আসছে ঢাকায়।
এই তথ্য দিয়ে বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, পেঁয়াজের দাম কমে যাওয়া এখন সময়ের ব্যাপার। যাঁরা দাম বাড়িয়েছেন বা আরও বাড়ানোর পাঁয়তারা করছেন, তাঁরা ভুল করছেন।
অতিরিক্ত বাণিজ্যসচিব এ টি এম মূর্তজা রেজা চৌধুরীর সভাপতিত্বে গতকাল বুধবার সচিবালয়ে পেঁয়াজের সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অপর দুই অতিরিক্ত বাণিজ্যসচিব মনোজ কুমার রায় ও অমিতাভ চক্রবর্তী, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান সারোয়ার জাহান তালুকদার এবং বাংলাদেশ ব্যাংক, ট্যারিফ কমিশন, কৃষি মন্ত্রণালয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ডিজিএফআই, এনএসআই, পেঁয়াজ আমদানিকারক সমিতির প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে বাণিজ্যসচিব মাহবুব আহমেদ প্রথম আলোকে বলেন, ‘প্রতিবেশী তিন দেশ থেকে সমানে পেঁয়াজ আসছে। পণ্যটির দাম কমে যাওয়া এখন সময়ের ব্যাপার।’
টিসিবির পরিসংখ্যান অনুযায়ী, ঈদের আগে মানভেদে ৭০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে পেঁয়াজ। ঈদের ছুটির পরপরই ব্যবসায়ীরা কেজিতে ১৫ থেকে ২০ টাকা দাম বাড়িয়ে দেন। ২৬ থেকে ২৯ অক্টোবর চার দিন পেঁয়াজ বিক্রি হয়েছে ৯০ থেকে ১১০ টাকা কেজি দরে।
হরতালের সুযোগ নিয়ে ব্যবসায়ীরা এই অযৌক্তিক কাজটি করেছেন বলে মনে করেন বাণিজ্যসচিব। সরবরাহ ভালো থাকায় দাম কমা এরই মধ্যে শুরু হয়েছে বলে জানান তিনি। টিসিবির তথ্য অনুযায়ী, আগের দিনের তুলনায় গতকাল কেজিতে পাঁচ টাকা কমেছে পেঁয়াজের দর।
বৈঠকসূত্র জানায়, পেঁয়াজের সংকট থাকবে না, দামও বাড়বে না—ব্যবসায়ীরা এমন আশ্বাস দিয়েছেন। গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বলা হয়, পেঁয়াজ নিয়ে যেকোনো ধরনের ষড়যন্ত্র, বা কৃত্রিম উপায়ে সংকট সৃষ্টির চেষ্টার ব্যাপারে কঠোর নজরদারি রাখা হচ্ছে। অল্প কয়েক দিনের ব্যবধানে কেজিতে ২০ টাকা বাড়ানোর পেছনে কারা দায়ী—সেই তথ্যও গোয়েন্দা সংস্থার কাছে রয়েছে।
যোগাযোগ করলে টিসিবির চেয়ারম্যান সারোয়ার জাহান তালুকদার প্রথম আলোকে বলেন, পেঁয়াজের দাম যে কমে আসবে, এটা একটা বাস্তবতা। তা ছাড়া আগামী সপ্তাহ থেকে টিসিবিও আগের মতো সাশ্রয়ী দরে পেঁয়াজ বিক্রি করবে।