পেঁয়াজের ভরা মৌসুমেও ভারত-প্রভাব
পাকিস্তানের কৃষিপণ্য রপ্তানি বিভাগ গত বৃহস্পতিবার জানিয়েছে, তাদের পেঁয়াজ রপ্তানি এবার তিন লাখ টন ছাড়িয়ে যাবে।রপ্তানি বিভাগের কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছেন, সিন্ধুতে বাম্পার ফলনের পর সে দেশের মজুদ ছিল ভালো। এ ছাড়া গত কয়েক সপ্তাহে আন্তর্জাতিক বাজারে পেঁয়াজের দাম বেড়ে যাওয়া তাঁদের সৌভাগ্য।কারণটা ব্যাখ্যা করেছেন করাচিভিত্তিক রপ্তানিকারক হাজি শাহজাহান। তিনি বলেছেন, দুবাই, মালয়েশিয়া, শ্রীলঙ্কা আর সিঙ্গাপুর তো বটেই, বাংলাদেশের মতো নতুন বাজার থেকেও বড় পরিমাণের রপ্তানির আদেশ পাওয়া যাচ্ছে।বিষয়টি বাংলাদেশের প্রথাগত আমদানি প্রবণতার বিপরীত বলেই মনে করা যায়।বরাবর ভারতনির্ভরতা: আমাদের পেঁয়াজের বাজার আমদানিনির্ভর। এ ক্ষেত্রে আমদানির সিংহ ভাগই আবার ভারতনির্ভর। কয়েক বছর আগেও একবার ভারতে পেঁয়াজের দাম অনেক দিন বেশি থাকায় ইরান ও তুরস্ক থেকে কিছু পেঁয়াজ এনে বাজার পরীক্ষা করেছিলেন শ্যামবাজারের কয়েকজন আমদানিকারক। তবে ওই পেঁয়াজ জাহাজে করে আনতে অনেক সময় লেগে যায়। আর ঢাউস আকারের ঝাঁঝহীন পেঁয়াজ পাত্তাই পায়নি বাংলাদেশের ভোক্তাদের কাছে।কোনো কোনো বছর বাংলাদেশ পাঁচ লাখ টনের বেশি পেঁয়াজ আনে ভারত থেকে। ভারতীয় পেঁয়াজ রপ্তানিকারকদের একক বৃহত্তম বাজারও এখানে। নাসিক বা ভেলোরিসহ ভারতের অনেক অঞ্চলে শীতকালীন বা গ্রীষ্মকালীন পেঁয়াজের চাষিরাও খেয়াল রাখেন, কোন ধরন আর স্বাদের পেঁয়াজ বাংলাদেশের ভোক্তার পছন্দ।বাংলাদেশের পেঁয়াজের বাজারটি প্রায় ১৫ লাখ টনের। কিন্তু মৌসুম শেষে স্থানীয় মজুদ দিয়ে অর্ধেক চাহিদাও মেটে না। পেঁয়াজ তোলার দিনগুলো বা পরের দু-তিন মাস বাজারে বাংলাদেশি পেঁয়াজের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা গেলেও এরপর বাজার আবার চলে যায় ভারতীয় পেঁয়াজের দখলে।যে জন্য পাকিস্তানি পেঁয়াজ: এবার বাংলাদেশের পেঁয়াজের ভরা মৌসুম যখন শুরু, তখনো আমাদের ব্যবসায়ীরা পাকিস্তান থেকে পেঁয়াজ আনতে যাচ্ছেন কেন? এর পেছনেও ভারত-প্রভাব কাজ করছে স্পষ্টভাবে।তিন থেকে চার মাস আগে অকালবৃষ্টি আর বানে ভারতের পেঁয়াজ উত্পাদনের কিছু অঞ্চলে বাড়ন্ত ফসল মার খায়। এরই প্রভাব এখন ভারতের বাজারে। রপ্তানিকারক দেশ হওয়ার পরও মাঝেমধ্যে পেঁয়াজের সংকটে ভারতীয় ক্ষমতাসীন রাজনীতিকেরা কেঁদেছেন বহুবার। তাই ভারত সরকারও পেঁয়াজ রপ্তানি নিরুত্সাহিত করতে রপ্তানিমূল্য বাড়িয়ে দিয়েছে। বর্তমানে সর্বনিম্ন রপ্তানিমূল্য গত বছরের এ সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি।জানুয়ারি মাসে ভারত সরকারের নির্ধারিত টনপ্রতি সর্বনিম্ন রপ্তানিমূল্য ছিল অঞ্চলভেদে ৪৫০ থেকে ৫৫০ ডলার। ফলে আমদানিসূত্রেই প্রতি কেজি পেঁয়াজ ৩২ থেকে ৩৮ টাকা। তাই গত কয়েক সপ্তাহে ভারত থেকে পেঁয়াজ আমদানি কমে গেছে বাংলাদেশেও। শ্যামবাজারের আড়তগুলোতে ভারতীয় পেঁয়াজের মজুদ এখন খুবই কম।ভরা মৌসুম বলে রক্ষা: ভারতে সংকট দেখা দেওয়ার পরও বাংলাদেশের বাজার এখনো কিছুটা সহনশীল। কারণ, এখন পেঁয়াজ তোলার মৌসুম। স্থানীয় সরবরাহ দিয়েই সিংহ ভাগ চাহিদা মিটছে। অবশ্য এ জন্য এবার কৃষক ভালো দামও পাচ্ছে। স্থানীয় মোকামে পেঁয়াজের কেজি এখন প্রকারভেদে ২০ থেকে ২৪ টাকা। দুই বছর আগেও ভরা মৌসুমে মোকামে পেঁয়াজের দর চার থেকে আট টাকায় ওঠানামা করত।ফরিদপুর থেকে শ্যামবাজারের আড়তগুলোতে পেঁয়াজ সরবরাহ করেন আবদুল মান্নান ব্যাপারি। তিনি জানান, ভালো দাম পেয়ে এবার পেঁয়াজের চাষিরা বেশ খুশি। কিন্তু ভারতীয় পেঁয়াজের সংকট যদি চলতেই থাকে, তবে দু-তিন মাস পর বাজারের হাল কী হবে? ভরা মৌসুমের পর ভারত থেকে পেঁয়াজ আমদানি অন্য সময়ের চেয়ে অর্ধেক কমলেই যে বাজারে আগুন লাগবে, সেটি এই ভরা মৌসুমেই সরকারকে ভাবতে হবে।পাকিস্তান, মিয়ানমার, ইরান, চীন বা তুরস্কে প্রচুর পেঁঁয়াজ হয়। তবে সমস্যা হয় পরিবহনে। মধ্যভারতের কোনো মোকাম থেকে আগের দিন বিকেলে ট্রাকভর্তি পেঁয়াজ পরের দিন সকালে এসে পৌঁছে বাংলাদেশের বেনাপোল বা সোনা মসজিদ স্থলবন্দরে। কিন্তু মিয়ানমার ছাড়া অন্য দেশগুলো থেকে এটি সহজে পৌঁছানো সম্ভব নয়। আবার পেঁয়াজ অতি পচনশীল, তাই জাহাজে আনতে হলে কম পচনশীল জাতের পেঁয়াজ আনতে হয়। তাও যথাসম্ভব কম সময়ের মধ্যে।বিশ্ববাজারে পণ্যের দামটি মুখ্য। দাম সুবিধার হলে আমদানিকারকেরা নতুন আমদানির উেস যাবেনই। কিন্তু পেঁয়াজের মতো পণ্যে এটি একটু ব্যতিক্রম। পেঁঁয়াজের বিকল্প আমদানির ক্ষেত্রে উেসর দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করে দ্রুততম সময়ে সরাসরি জাহাজের ব্যবস্থাসহ সেখানে আমদানিকারকদের নিয়ে গিয়ে সরকার ভবিষ্যতের পেঁয়াজ-সংকটের সমাধা করতে পারে এখনই।