পেঁয়াজের রপ্তানি মূল্য বাড়াতে চায় ভারত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেদের বাজার সামাল দিতে পেঁয়াজ রপ্তানির ন্যূনতম মূল্য টনপ্রতি ৪৫০ ডলার বেঁধে দিতে বলেছেন ভারতের কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রাম বিলাস পাসওয়ান। গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বার্তায় তিনি জানান, বাজারে সরবরাহ বাড়াতে তিনি এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে অনুরোধ করেছেন।

ভারত ন্যূনতম রপ্তানি মূল্য বেঁধে দিলে এর প্রভাব পড়বে বাংলাদেশের বাজারে। পেঁয়াজ আমদানির জন্য ভারতের ওপর অনেকটাই নির্ভরশীল বাংলাদেশ। দেশটিতে কয়েক সপ্তাহ ধরে পেঁয়াজের দাম বাড়তে থাকায় বাংলাদেশেও পণ্যটির দর প্রায় দ্বিগুণ হয়ে গেছে।

ভারতের পত্রিকা বিজনেস স্ট্যান্ডার্ডের অনলাইনে গত শুক্রবার পাসওয়ানের টুইট বার্তার বরাত দিয়ে এক খবরে বলা হয়, বিগত অর্থবছর সে দেশে ২ কোটি ১৫ লাখ টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে, যা আগের বছরের চেয়ে ৬ লাখ টন বেশি। খবরে আরও বলা হয়, শুক্রবার দিল্লিতে প্রতি কেজি পেঁয়াজ ৩৬ রুপি দরে বিক্রি হয়েছে, যা এক মাস আগে ২১ রুপি ছিল।

পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য বেঁধে দেওয়ার পাশাপাশি রপ্তানিতে ভর্তুকি তুলে নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে বলে জানান ভারতীয় মন্ত্রী।

ভারতের বাণিজ্য মন্ত্রণালয় পেঁয়াজ রপ্তানিতে সর্বশেষ ন্যূনতম মূল্য বেঁধে দিয়েছিল ২০১৫ সালে। তখন তা ছিল টনপ্রতি ৭০০ ডলার। এখন ৪৫০ ডলার বেঁধে দেওয়া হলে আমদানিতে প্রতি কেজির দাম পড়বে প্রায় ৩৬ টাকা।

ঢাকার বাজারে এখন প্রতি কেজি দেশি পেঁয়াজ ৬০-৬৫ টাকা ও ভারতীয় পেঁয়াজ ৫০-৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এক মাস আগে এর দর ছিল ২৫-৩০ টাকা।

পুরান ঢাকার শ্যামবাজারে গতকাল পেঁয়াজের দাম কেজিতে ৩ থেকে ৪ টাকা কম। কমার কারণ জানতে চাইলে নবীন ট্রেডার্সের মালিক নারায়ণ চন্দ্র সাহা প্রথম আলোকে বলেন, বৃষ্টিতে কেনাবেচা কমে যাওয়া ও সরবরাহ কিছুটা বৃদ্ধি পাওয়ায় দাম কমেছে।