মূল্য সংযোজন কর (মূসক) আইন সংশোধন করে তাতে স্থায়ীভাবে প্যাকেজ মূসক ব্যবস্থা অন্তর্ভুক্ত করার দাবি তুলেছেন ব্যবসায়ীরা। এই দাবিতে কাল সোমবার দেশব্যাপী দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে মানববন্ধন কর্মসূচি পালন করবেন তাঁরা।
ব্যবসায়ী ঐক্য ফোরাম গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেছে। এতে প্যাকেজ মূসকের পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও এফবিসিসিআইয়ের যৌথ কমিটির সাত দফা সুপারিশ বাস্তবায়নের দাবি জানিয়ে বলা হয়, সংশোধনের বদলে মূসক আইনের বাস্তবায়ন পেছানো হলে মানা হবে না।
সংগঠনটির সাধারণ সম্পাদক আবু মোতালেব বলেন, আগামী বৃহস্পতিবার নতুন অর্থবছরের বাজেট ঘোষণা হবে। অথচ মূসক আইন সংশোধনের বিষয়ে এখনো কোনো আশ্বাস মেলেনি। এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণের জন্য এ কর্মসূচি দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘বিভিন্নভাবে আমরা শুনতে পাচ্ছি মূসক আইনের বাস্তবায়ন এক বছর পেছানো হবে। কিন্তু দাবি পূরণ না হলে আমরা ভবিষ্যতেও এ আইন মানব না।’
২০১২ সালে প্রণীত মূসক আইন আগামী জুলাইয়ে শুরু হতে যাওয়া অর্থবছর থেকে বাস্তবায়নের কথা রয়েছে। এই আইন পর্যালোচনার জন্য গঠিত এনবিআর ও এফবিসিসিআইয়ের যৌথ কমিটি সাতটি বিষয়ে একমত হয়েছিল। ব্যবসায়ীরা একমত হওয়া ওই বিষয়গুলো বাস্তবায়নের পাশাপাশি প্যাকেজ মূসক ব্যবস্থা অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে আসছেন। এ দাবিতে আন্দোলন করতে গঠিত হয়েছে ব্যবসায়ী ঐক্য ফোরাম।
সংবাদ সম্মেলনে আবু মোতালেব লিখিত বক্তব্যে বলেন, দেশের ক্ষুদ্র শিল্প, ব্যবসা-বাণিজ্য ও খুচরা দোকান পর্যায়ে ১৫ শতাংশ মূসক মূল্যস্ফীতি বাড়াবে। এতে ভোক্তা পর্যায়ে অসন্তোষ তৈরি হতে পারে।
আবু মোতালেব বলেন, ব্যবসায়ীরা বিষয়টি নিয়ে খুবই উদ্বিগ্ন। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই থাকতে ব্যবসায়ী ঐক্য ফোরাম কেন কর্মসূচি দিচ্ছে—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এফবিসিসিআইয়ের বাইরে নই। আমাদের দাবি এফবিসিসিআইয়ের বোর্ড সভায় অনুমোদিত হয়েছে। সংগঠনটির সাবেক সভাপতিরাও আমাদের সঙ্গে আছেন।’
এফবিসিসিআইয়ের উপদেষ্টা মনজুর আহমেদ বলেন, ‘১৯৯২ সাল থেকে ইউরোপের বিভিন্ন দেশে রেয়াতি হারে মূসক প্রচলিত আছে। সেই আদলেই প্যাকেজ মূসক চাইছি।’
সংবাদ সম্মেলনে ফোরামের সভাপতি আবদুস সালাম, এফবিসিসিআইয়ের পরিচালক শফিকুল ইসলাম ভরসা, মো. আমিন হেলালী, নিজামউদ্দিন রাজেশ এবং বিভিন্ন পণ্যভিত্তিক ব্যবসায়ী সংগঠনের প্রায় ৪০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।