পেট্রলের সরবরাহ কমায় সন্দিহান বিপিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে পেট্রলের সরবরাহ ধীরে ধীরে কমে যাওয়া নিয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সন্দেহ সৃষ্টি হয়েছে। বিপিসি কর্মকর্তাদের আশঙ্কা, বেসরকারি রিফাইনারি বিপিসিকে পাশ কাটিয়ে ফিলিং স্টেশনে সরাসরি পেট্রল সরবরাহ করছে। অথবা পেট্রলে ভেজাল মেশানো হচ্ছে।
নিয়ম অনুযায়ী, বেসরকারি কোনো রিফাইনারির সরাসরি বাজারে জ্বালানি তেল সরবরাহ বা বাজারজাতের কোনো সুযোগ নেই। বেসরকারি রিফাইনারিগুলো নিজেরা উৎপাদন করে পরে তা বিপিসি পদ্মা, মেঘনা ও যমুনা নামের তিনটি প্রতিষ্ঠানের মাধ্যমে সারা দেশে সরবরাহ করে।
বিপিসির সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা জানান, গত অর্থবছরে (২০১৫-১৬) দেশে পেট্রলের ব্যবহার হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৩৭৪ মেট্রিক টন, যা আগের অর্থবছরের (২০১৪-১৫) তুলনায় ২৯ হাজার ৪৪৯ মেট্রিক টন কম। আর ২০১৩-১৪ অর্থবছরে পেট্রলের ব্যবহার হয়েছিল ১ লাখ ৭৮ হাজার ৬৭৪ মেট্রিক টন। সেই হিসাবে ওই অর্থবছরের (২০১৩-১৪) চেয়ে গত অর্থবছরে ৪১ হাজার ৩০০ মেট্রিক টন সরবরাহ কমেছে।

>িবপিসি কর্মকর্তাদের আশঙ্কা, বেসরকারি রিফাইনারি বিপিসিকে পাশ কাটিয়ে ফিলিং স্টেশনে সরাসরি পেট্রল সরবরাহ করছে। অথবা পেট্রলে ভেজাল মেশানো হচ্ছে

জানতে চাইলে বিপিসির পরিচালক (বিপণন) মীর আলী রেজা প্রথম আলোকে বলেন, ‘গ্যাসফিল্ড থেকে পাওয়া কনডেনসেট দিয়ে ১৩টি রিফাইনারি প্রতিষ্ঠান অকটেন ও পেট্রল উৎপাদন করছে। বিপিসির মাধ্যমে সরবরাহের নিয়ম থাকলেও কিছু প্রতিষ্ঠান হয়তো সেটা না মেনে চোরাইপথে ফিলিং স্টেশনে পেট্রল সরবরাহ করতে পারে। এ ছাড়া পেট্রলের সঙ্গে ভেজালও মেশানো হতে পারে বলে আমাদের আশঙ্কা।’
মীর আলী রেজা জানান, দেশীয় কনডেনসেট থেকেই পেট্রল ও অকটেনের উৎপাদন হচ্ছে। তিন বছর ধরে বিপিসি পেট্রলের আমদানি করছে না। দেশ থেকে উৎপাদিত পেট্রল দিয়েই স্থানীয় চাহিদা মেটানো হচ্ছে। আর গত অর্থবছর থেকে অকটেন আমদানিও বন্ধ হয়ে গেছে। কারণ, অকটেন এখন দেশে উৎপাদিত হচ্ছে।
বিপিসির দায়িত্বশীল একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘উত্তরবঙ্গের কিছু ফিলিং স্টেশনে পেট্রলের সঙ্গে কনডেনসেট মেশানো হতে পারে বলে আমাদের ধারণা। তাই স্থানীয় প্রশাসনের মাধ্যমে নজরদারি বাড়ানোর জন্য বিপিসি থেকে তাগিদ দেওয়া হয়েছে।’
চট্টগ্রামের বেসরকারি রিফাইনারি প্রতিষ্ঠান লার্ক পেট্রোলিয়ামের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত আনোয়ার সাদী বলেন, ‘আমার কারখানার উৎপাদনক্ষমতা ৫০ হাজার মেট্রিক টন। আমাকে কনডেনসেট দেওয়া হচ্ছে কম। আবার পরিশোধিত পেট্রল বিক্রির জন্য আমরা মেঘনার সঙ্গে কেবল চুক্তিবদ্ধ। আমাদের উৎপাদিত পেট্রল মেঘনার মাধ্যমে ফিলিং স্টেশনে সরবরাহ হচ্ছে। পদ্মা ও যমুনা আমাদের কাছ থেকে পেট্রল নিলে কারখানার উৎপাদন আরও বাড়ানো যেত।’
শাহাদাত আনোয়ার সাদীও জানিয়েছেন, পেট্রল ও অকটেনে ভেজাল মেশানোর অভিযোগ দীর্ঘদিনের। কারণ, এই দুটি জ্বালানির দাম সবচেয়ে বেশি। এটা তদারক করার দায়িত্ব বিপিসি ও স্থানীয় প্রশাসনের।
বিপিসির একাধিক কর্মকর্তা জানান, গ্যাসফিল্ড থেকে পাওয়া কনডেনসেট দিয়ে অকটেন ও পেট্রলের কয়েকটি আইটেম বেসরকারি রিফাইনারিগুলোতে পরিশোধন করা হচ্ছে। বিদেশ থেকে গত তিনটি অর্থবছরে এক লিটার পেট্রলও আমদানি করতে হয়নি। বিদায়ী অর্থবছরে (২০১৫-১৬) অকটেন উৎপাদনে দেশ স্বয়ংসম্পূর্ণ হয়েছে। তবে দেশে উৎপাদিত পেট্রল ও অকটেনের মান আমদানি করা জ্বালানির চেয়ে উন্নত নয় বলেও জানিয়েছেন বিপিসির কর্মকর্তারা।
বিপিসির পরিসংখ্যান থেকে জানা গেছে, বিদায়ী অর্থবছরে (২০১৫-১৬) দেশে ১ লাখ ৪৭ হাজার ৫৫৭ মেট্রিক টন অকটেন বাজারজাত করে বিপিসি, যা বেসরকারি রিফাইনারিতে উৎপাদন হয়। দেশে চট্টগ্রামের সুপার পেট্রোকেমিক্যাল এবং খুলনার পেট্রোম্যাক্স নামের দুটি রিফাইনারিতে অকটেন উৎপাদন হয়। দেশীয় গ্যাসফিল্ডের কনডেনসেট অকটেনের কাঁচামাল। অকটেনের চাহিদা ধীরে ধীরে বাড়ছে বলে বিপিসির পরিসংখ্যান থেকে জানা গেছে।
বিপিসি বর্তমানে বিদেশ থেকে ডিজেল, জেট ফুয়েল ও ফার্নেস তেল আমদানি করছে। দেশে ডিজেলের চাহিদা সবচেয়ে বেশি।