পেট্রোনাস থেকে ৭০ কোটি ডলারের ঋণ সুবিধা পাচ্ছে বিপিসি
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) ৭০ কোটি মার্কিন ডলার ঋণসুবিধা দিতে সম্মত হয়েছে মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস কোম্পানি পেট্রোনাস। ষাণ্মাসিক কিস্তিতে বিপিসিকে এই ঋণ দিতে সম্মত হয়েছে কোম্পানিটি। সম্প্রতি বিপিসির সঙ্গে মালয়েশীয় প্রতিষ্ঠানটির এ-সংক্রান্ত চুক্তি হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এ খবর পরিবেশন করেছে। রয়টার্স বলছে, চুক্তির শর্ত অনুযায়ী ষাণ্মাসিক কিস্তিতে পরিশোধযোগ্য এই ঋণের প্রথম কিস্তির জন্য বিপিসিকে কোনো সুদ দিতে হবে না। কিন্তু পরবর্তী পাঁচ কিস্তির ক্ষেত্রে সাড়ে ৪ শতাংশ হারে সুদ গুনতে হবে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিটিকে। এর আগেও বিপিসি মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠান থেকে ঋণ-সহায়তা নিয়েছে। তবে সেসব ঋণের জন্য বিপিসিকে ৫ দশমিক শূন্য ৫ শতাংশ হারে সুদ দিতে হয়েছে। এবারের ঋণের সুদের হার আগের সুদের হারের চেয়ে কম। বড় অঙ্কের ভর্তুকি দিয়ে দেশের অভ্যন্তরীণ চাহিদা অনুযায়ী তেল সংগ্রহ ও সরবরাহ করে আসছে বিপিসি। ভর্তুকির এই দায় কমাতে সরকার এরই মধ্যে কয়েক দফায় জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। এদিকে বিপিসির এক শীর্ষ কর্মকর্তাকে (নাম প্রকাশ না করে) উদ্ধৃত করে রয়টার্সের খবরে আরও বলা হয়েছে, মালয়েশীয় কোম্পানি পেট্রোনাসের পাশাপাশি ফিলিপাইনস ন্যাশনাল অয়েল কোম্পানির (পিএনওসি) কাছ থেকে একই সুদহারে ৪০ কোটি মার্কিন ডলার ঋণ সংগ্রহের চেষ্টা চলছে।