পেনশনার সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে চায় গ্রামীণ ব্যাংক

সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থাসহ অনেক প্রতিষ্ঠানেরই অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা তুলনামূলক উচ্চ সুদে পেনশনার সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারেন। কিন্তু গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা এ সুযোগ থেকে বঞ্চিত।
গ্রামীণ ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান সম্প্রতি পেনশনার সঞ্চয়পত্রে বিনিয়োগের সুযোগ চেয়ে অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় সঞ্চয় অধিদপ্তরে আবেদন করেছেন। এ আবেদনের বিষয়ে অবশ্য গতকাল রোববার পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি অর্থ মন্ত্রণালয়।
১৯৮৩ সালে একটি বিশেষ আইনের মাধ্যমে গ্রামীণ ব্যাংক গঠিত হয়। এরপর গ্রামীণ ব্যাংক থেকে এ পর্যন্ত কতজন কর্মকর্তা-কর্মচারী অবসরে গেছেন, তার কোনো তথ্য জানা সম্ভব হয়নি।
তবে গতকাল সোমবার প্রথম আলোকে মো. শাহজাহান জানান, বর্তমানে ২৫ হাজার কর্মকর্তা-কর্মচারী রয়েছেন গ্রামীণ ব্যাংকে। চাকরির বয়স ২০ বছর পার হলেই তাঁরা অবসরে যেতে পারেন। আশির দশকের শেষে বা নব্বইয়ের দশকে যাঁরা গ্রামীণ ব্যাংকে যোগ দিয়েছিলেন, তাঁদের অনেকেই অবসরে। কেউ কেউ অবসরের অপেক্ষায়। প্রতিবছর গড়ে ১০০-১৫০ জন কর্মকর্তা-কর্মচারী অবসরে যাচ্ছেন।
জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অধীনে জাতীয় সঞ্চয় প্রকল্পগুলোর আওতায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০০৪ সালে পেনশনার সঞ্চয়পত্র চালু করে সরকার। এই প্রকল্পের আওতায় চালু হওয়া প্রকল্পে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, অবসরপ্রাপ্ত বিচারপতি, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং মৃত চাকরিজীবীর পেনশন সুবিধাভোগী পারিবারিক সদস্য (স্বামী, স্ত্রী, সন্তান) বিনিয়োগ করতে পারেন।
পাঁচ বছর মেয়ািদ পেনশনার সঞ্চয়পত্রে মুনাফার হার বর্তমানে ১৩ দশমিক ১৯ শতাংশ। এক লাখ টাকা বিনিয়োগে প্রতি তিন মাসে নিট মুনাফা তিন হাজার ২৯৭ টাকা ৫০ পয়সা। অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা ৫০ হাজার, এক লাখ, দুই লাখ, পাঁচ লাখ এবং দশ লাখ মূল্যমানের পেনশনার সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারেন। এর মধ্যে পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের মুনাফা আয় করমুক্ত।
গ্রামীণ ব্যাংকের আবেদনে বলা হয়েছে, সরকারের এ ধরনের একটি বিনিয়োগ প্রকল্প থাকলেও গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা সেখানে বিনিয়োগের সুযোগ পাচ্ছেন না। অবসরভোগী গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা স্বল্প আয়ের অন্যান্য খাতে বিনিয়োগ করতে বাধ্য হচ্ছেন। অন্যান্য খাতের মধ্যে রয়েছে পাঁচ বছর মেয়ািদ সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র ইত্যাদি।
জানা গেছে, অর্থ মন্ত্রণালয় জাতীয় সঞ্চয় অধিদপ্তরের কাছে গ্রামীণ ব্যাংকের আবেদন বিবেচনার সুযোগ আছে কি না, জানতে চায়। সঞ্চয় অধিদপ্তর অর্থ মন্ত্রণালয়কে জানায়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) এ সঞ্চয়পত্রে বিনিয়োগের যে তালিকা তৈরি করেছে, তার মধ্যে গ্রামীণ ব্যাংক নেই। সুতরাং এ মুহূর্তে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের এই সঞ্চয় প্রকল্পে বিনিয়োগের সুযোগ নেই।
জানতে চাইলে আইআরডির অতিরিক্ত সচিব সুলতানুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে জানান, শুধু গ্রামীণ ব্যাংক নয়, তালিকার বাইরে থাকা অন্য কোন প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা পেনশনার সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারবেন না।
তালিকায় গ্রামীণ ব্যাংককে অন্তর্ভুক্ত করা সম্ভব কি না, জানতে চাইলে সুলতানুল ইসলাম চৌধুরী বলেন, এটা তাঁর পক্ষে বলা সম্ভব নয়।
আবেদনের যৌক্তিকতা বিষয়ে গ্রামীণ ব্যাংকের এমডি মো. শাহজাহান প্রথম আলোকে আরও বলেন, ‘সোনালী ব্যাংক যেমন আইনের মাধ্যমে গঠিত হয়েছে, গ্রামীণ ব্যাংকও তাই। জানি যে আমরা এখনো তালিকার বাইরে। সরকার চাইলে তালিকার মধ্যে আমাদের অন্তর্ভুক্ত করতে পারে।’
সঞ্চয় অধিদপ্তর সূত্র জানায়, পেনশনার সঞ্চয়পত্রে বিনিয়োগ করলে মুনাফার সঙ্গে সামাজিক নিরাপত্তা প্রিমিয়াম (এসএসপি) দেওয়া হয় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের। যেমন: ৫০ হাজার টাকা মূল্যমানের সঞ্চয়পত্রের বিনিয়োগে ত্রৈমাসিক মুনাফা এক হাজার ৫২৫ টাকা, এসএসপি ১২৩ টাকা ৭৫ পয়সা। মোট ত্রৈমাসিক মুনাফা এক হাজার ৬৪৮ টাকা ৭৫ পয়সা।
গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পেনশনার সঞ্চয়পত্রে বিনিয়োগের সুযোগ দিলে সরকারের কী পরিমাণ অর্থ বাড়তি গুনতে হবে বা আদৌ হবে কি না, জানতে চাইলে অর্থ মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, এমন কোনো বিশ্লেষণ বা হিসাব করা হয়নি।
তবে এ বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে শিগগিরই একটি সার-সংক্ষেপ উপস্থাপিত হবে বলে জানা গেছে।
সুযোগ না থাকায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা–কর্মচারীরা বঞ্চিত হচ্ছেন
অর্থ মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে গ্রামীণ ব্যাংককর্তৃপক্ষ
‘‘শুধু গ্রামীণ ব্যাংক নয়, তালিকার বাইরে থাকা অন্য কোন প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা পেনশনার সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারবেন না
সুলতানুল ইসলাম চৌধুরী
অতিরিক্ত সচিব, আইআরডি