পেপসিকোর বটলার অব দ্য ইয়ার পুরস্কার পেল ট্রান্সকম বেভারেজেস

বাংলাদেশে পেপসিকোর একমাত্র ফ্র্যাঞ্চাইজি ট্রান্সকম বেভারেজেস লিমিটেড ২০১৬ সালের ‘গ্লোবাল বটলার অব দ্য ইয়ার’ শীর্ষক পুরস্কার জিতেছে। ট্রান্সকম বেভারেজেসকে ব্যবসায়িক সাফল্যের জন্য এ পুরস্কার দিয়েছে পেপসিকো।
ইতালির রোমে সম্প্রতি অনুষ্ঠিত পেপসিকোর বার্ষিক গ্লোবাল ফ্র্যাঞ্চাইজি ফোরামে এ পুরস্কার দেওয়া হয়। ২০০০ সালে উৎপাদন কার্যক্রম শুরু করার পর এ নিয়ে দুবার পুরস্কারটি পেল ট্রান্সকম বেভারেজেস। প্রথমবার ২০০৯ সালে ইন্টারন্যাশনাল বটলার অব দ্য ইয়ার পুরস্কার পায় এই প্রতিষ্ঠান।
রোমের শেরাটন হোটেলে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের হাতে পুরস্কারটি তুলে দেন পেপসিকোর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইন্দ্রানুয়ি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পেপসিকোর এশিয়া, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের সিইও সঞ্জীব চাড্ডা, পেপসিকো গ্লোবাল ক্যাটাগরি ও ফ্র্যাঞ্চাইজ ম্যানেজমেন্টের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইউজিন উইলিয়াম সেন, পেপসিকো গ্লোবাল ফ্র্যাঞ্চাইজের প্রেসিডেন্ট অ্যান্ডি উইলিয়ামস, পেপসিকো ইন্ডিয়া বেভারেজ ক্যাটাগরির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভিপুল প্রকাশ, বাংলাদেশে পেপসিকোর কান্ট্রি ম্যানেজার মানিশমুলে, ট্রান্সকম বেভারেজেসের পরিচালক শাহনাজ রহমান, সিমিন হোসেন, আরশাদ ওয়ালিউর রহমান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী গোলাম কুদ্দুস চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) খুরশিদ ইরফান চৌধুরী এবং ট্রান্সকম কনজ্যুমার প্রোডাক্টসের ব্যবস্থাপক যারেফ আয়াত হোসেন।
২৫ বছরের বেশি সময় ধরে ব্যবসায়িক সফলতার স্বীকৃতিস্বরূপ পেপসিকো বটলার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পুরস্কারের আয়োজন করে আসছে। এটি পেপসিকোর সবচেয়ে সম্মানজনক পুরস্কার। এ বছর পেপসিকোর চারটি ভৌগোলিক অঞ্চল এশিয়া, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা; ইউরোপ, সাব-সাহারান আফ্রিকা; লাতিন আমেরিকা এবং উত্তর আমেরিকা বেভারেজেস এই পুরস্কারের জন্য তাদের শীর্ষ সফল বোতলজাতকারী প্রতিষ্ঠানগুলোকে মনোনয়ন দেয়। এর মধ্য থেকে একটি প্রতিষ্ঠানকে গ্লোবাল বটলার অব দ্য ইয়ার ঘোষণা করা হয়।
ট্রান্সকম বেভারেজেস বাংলাদেশে পেপসিকোর ব্যবসায়ে সাফল্য দেখিয়ে আসছে। বেশ কয়েক বছর ধরে এ দেশের কোমলপানীয় বাজারের নেতৃত্ব ধরে রেখেছে ট্রান্সকম বেভারেজেস। এর মধ্যে সেভেনআপ সাত বছর ধরে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের বিচারে সেরা কোমলপানীয় ব্র্যান্ড হিসেবে বিবেচিত হয়ে এসেছে। এ ছাড়া ট্রান্সকম বেভারেজেস ভারতীয় অঞ্চলে ছয়বার বটলার অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে।
এ বিজয়ে ট্রান্সকম বেভারেজেসকে অভিনন্দন জানিয়ে পেপসিকো ইন্ডিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভিপুল প্রকাশ বলেন, ‘পেপসিকোর ব্যবসায়ে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অঞ্চল এবং ট্রান্সকম গ্রুপের সঙ্গে আমাদের সম্পর্কটা দীর্ঘদিনের। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের দ্রুত বর্ধনশীল প্যাকেটজাত খাবার ও পানীয়র বাজারে শীর্ষস্থান অর্জনে আমাদের এই অংশীদারত্ব দারুণভাবে কাজ করবে।’
ট্রান্সকমের চেয়ারম্যান লতিফুর রহমান পুরস্কার গ্রহণ করে দেওয়া বক্তব্যে এই পুরস্কারটি তাঁর নাতি ফারাজ আইয়াজ হোসেনের স্মৃতির প্রতি উৎসর্গ করেন। গত বছরের ১ জুলাই রাজধানীর হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার সময় জঙ্গিরা ফারাজকে চলে যাওয়ার সুযোগ দিলেও তিনি বন্ধুদের ত্যাগ করতে অস্বীকৃতি জানান। এতে ওই হামলায় তাঁকে জীবন উৎসর্গ করতে হয়।
পেপসিকোর একক ফ্র্যাঞ্চাইজি হিসেবে ট্রান্সকম বেভারেজেস লিমিটেড অত্যন্ত সফলতার সঙ্গে জনপ্রিয় সব পেপসিকো পানীয় বোতলজাত, বাজারজাত ও বিতরণ করে আসছে। এসব পণ্যের মধ্যে রয়েছে পেপসি, সেভেনআপ, মিরিন্ডা, মাউন্টেন ডিউ, ডায়েট পেপসি, সেভেনআপ লাইট, স্লাইস এবং ড্রিংকিং ওয়াটার বা পানির ব্র্যান্ড অ্যাকুয়াফিনা।