পেশাজীবী হিসাববিদদের আন্তর্জাতিক সম্মেলন আজ
দক্ষিণ এশিয়া অঞ্চলের পেশাজীবী হিসাববিদদের সংগঠন সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আজ রোববার শুরু হচ্ছে। সন্ধ্যায় ঢাকার সোনারগাঁও হোটেলে সম্মেলনের উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী আমির হোসেন।
দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) নেতারা জানিয়েছেন, সার্কভুক্ত আটটি দেশের মধ্যে সাতটির প্রতিনিধিরা এবারের সম্মেলনে অংশ নেবেন। দেশি-বিদেশি মিলিয়ে ৪৫০ থেকে ৫০০ পেশাজীবী হিসাববিদের সম্মিলন ঘটবে এবার।
সোনারগাঁও হোটেলে গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আইসিএমএবির সভাপতি আবু সৈয়দ মো. শায়খুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুর রহমান খান ও সাবেক সভাপতি মোহাম্মদ সেলিম।
এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে—‘শিল্প ও সেবা খাতে গতি সঞ্চার করতে আর্থিক খাতের সংস্কার’।
আয়োজকেরা জানিয়েছেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় কোনো দেশের পক্ষে একা এগিয়ে যাওয়া সম্ভব না। অর্থনৈতিকভাবে এগোতে হলে দরকার সমন্বিত উদ্যোগ। সে জন্য এ অঞ্চলের দেশগুলোর সংস্কারের সফলতা-ব্যর্থতা নিয়েও আলোচনা হবে এবারের সম্মেলনে।