পোল্যান্ডের সঙ্গে বাণিজ্য চুক্তির প্রক্রিয়া চলছে
পোল্যান্ডের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
ঢাকায় সচিবালয়ে গতকাল মঙ্গলবার বাংলাদেশ সফররত পোল্যান্ডের অর্থনৈতিক উন্নয়নবিষয়ক ডেপুটি মিনিস্টার রাদোসোয়াত দা মাগারেস্কি ওয়াব্যানস্কির নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, পোল্যান্ডের কাছ থেকে বাংলাদেশ জিএসপি-সুবিধা পেয়ে আসছে। অস্ত্র ছাড়া সব পণ্যই দেশটিতে রপ্তানি করা যায়। দীর্ঘদিনের ব্যবসায়িক অংশীদার এই দেশটিতে দিন দিন বাংলাদেশের রপ্তানি বাড়ছে। দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি হলে তা আরও বাড়বে।
বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, অতিরিক্ত বাণিজ্যসচিব মো. শওকত আলী ওয়ারেছি ও শুভাশীষ বসু এ সময় উপস্থিত ছিলেন।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য পোল্যান্ড বাংলাদেশের কয়লা অর্থাৎ কঠিন শিলা খাত এবং কৃষিপণ্য সংরক্ষণ ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে বিনিয়োগে আগ্রহী বলে জানান তোফায়েল আহমেদ। তিনি বলেন, কঠিন শিলা খাতে পোল্যান্ডের দীর্ঘদিনের কাজ করার অভিজ্ঞতা আছে।
মন্ত্রী বলেন, বর্তমানে দেশে ৩০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের কাজ চলছে। এগুলোতে বিনিয়োগে আকর্ষণীয় সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। পোল্যান্ডকে এই এসইজেডে বিনিয়োগের আমন্ত্রণ জানানো হয়েছে। এতে তারা আগ্রহ দেখিয়েছে।
এদিকে পোল্যান্ডের অর্থনৈতিক উন্নয়নবিষয়ক ডেপুটি মিনিস্টার মাগারেস্কি ওয়াব্যানস্কির নেতৃত্বাধীন প্রতিনিধিদলটি গতকাল শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গেও বৈঠক করেছে। জাতীয় সংসদ ভবনে শিল্পমন্ত্রীর দপ্তরে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিনিধিদলটি বাংলাদেশে অত্যাধুনিক প্রযুক্তিতে কয়লা উত্তোলনে কারিগরি সহায়তা প্রদান ও আপেল রপ্তানির আগ্রহ প্রকাশ করে।