পোশাক কারখানার মালিকসহ দোষীদের শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে মালটিফ্যাবস পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে হতাহতের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে গার্মেন্ট শ্রমিক ফ্রন্ট নামের একটি সংগঠন l প্রথম আলো
গাজীপুরে মালটিফ্যাবস পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে হতাহতের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে গার্মেন্ট শ্রমিক ফ্রন্ট নামের একটি সংগঠন l প্রথম আলো

গাজীপুরের কাশিমপুরে পোশাক কারখানা মালটিফ্যাবস লিমিটেডের বয়লার বিস্ফোরণে হতাহতের ঘটনায় কারখানার মালিকসহ দোষীদের শাস্তির দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এই দাবিতে বিক্ষোভ করে একাধিক সংগঠন।

মালটিফ্যাবস লিমিটেডের বয়লার বিস্ফোরণে এখন পর্যন্ত অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল আইন ও সালিশ কেন্দ্র (আসক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে হতাহত ব্যক্তিদের ক্ষতিপূরণের দাবি জানায়। সংগঠনটি এ ধরনের দুর্ঘটনা রোধে কারখানার উদ্যোক্তাদের কার্যকর পদক্ষেপ নিতে সরকারের পক্ষ থেকে কঠোর আইনানুগ পদক্ষেপ নেওয়ার দাবি জানায়।

দোষীদের চিহ্নিত করে বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, মালিক ও কর্তৃপক্ষের অবহেলার কারণে বয়লার বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটেছে। এটি কোনো দুর্ঘটনা নয়। সমাবেশে নিহত ও নিখোঁজ শ্রমিকদের নাম-পরিচয় প্রকাশ করার দাবি জানানো হয়।

একই জায়গায় মানববন্ধন করে গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ। মানববন্ধন থেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্য ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি গতকাল সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভা করে। এতে সংগঠনের নেতারা বলেন, কোনোভাবেই এটাকে দুর্ঘটনা বলা যাবে না। এটি একটি নিশ্চিত কাঠামোগত হত্যাকাণ্ড। এর দায় মালিক ও বয়লার পরিদর্শকেরা এড়াতে পারেন না।