পোশাক কারখানায় নিরাপত্তা কমিটি করার তাগিদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৈরি পোশাকশিল্পের কর্মপরিবেশ উন্নয়নে গঠিত উত্তর আমেরিকার ক্রেতাদের জোট অ্যালায়েন্স সদস্য কারখানায় স্বাস্থ্য ও নিরাপত্তাবিষয়ক (ওশ) কমিটি করতে তাগিদ দিয়েছে।
ঢাকার একটি হোটেলে গতকাল বৃহস্পতিবার তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নেতাদের সঙ্গে নিয়মিত মাসিক বৈঠক করে অ্যালায়েন্স। এতে উপস্থিত ছিলেন অ্যালায়েন্সের এ-দেশীয় পরিচালক (কান্ট্রি ডিরেক্টর) ও ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি, বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান, সহসভাপতি মাহমুদ হাসান খান প্রমুখ।
বৈঠকে উপস্থিত বিজিএমইএর এক নেতা জানান, আইনের বাধ্যবাধকতা থাকার পরও এখন পর্যন্ত মাত্র ৮৮ কারখানায় স্বাস্থ্য ও নিরাপত্তাবিষয়ক কমিটি হয়েছে। সে জন্য মরিয়ার্টি পোশাক কারখানায় এই কমিটি করার বিষয়ে বিজিএমইএর নেতাদের উদ্যোগ নিতে বলেন।