পোশাক কারখানায় ৮০ হাজার ত্রুটি!
ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ড বাংলাদেশের এক হাজার ১০৬টি পোশাক কারখানা পরিদর্শনে ৮০ হাজার নিরাপত্তা ত্রুটি খুঁজে পেয়েছে। আর উত্তর আমেরিকার ক্রেতাদের জোট অ্যালায়েন্স ৫৮৭টি কারখানার পরিদর্শনে সব কটিতেই কমবেশি ত্রুটি পেয়েছে।
বিশ্বব্যাপী খ্যাতনামা সংবাদমাধ্যম রয়টার্স ও নিউইয়র্ক টাইমস-এর পৃথক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। বলা হচ্ছে কারখানার এই ত্রুটিযুক্ত কর্মপরিবেশ, মজুরি সমস্যা ও রাজনৈতিক অস্থিরতায় বাংলাদেশের পোশাকশিল্পের প্রবৃদ্ধি একপর্যায়ে এসে থমকে গেছে। দেশটির কিছু রপ্তানিকাজ ভারত, মিয়ানমার, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় চলে গেছে।
অ্যাকর্ডের প্রধান নিরাপত্তা পরিদর্শক ব্র্যাড লয়েন রয়টার্সকে বলেন, প্রত্যেক কারখানার অগ্নি, বিদ্যুৎ ও ভবনের কাঠামোগত বিষয়াদি যাচাই-বাছাই করতে তিনবার করে পরিদর্শন করা হয়েছে। এখন কারখানা মালিক, ক্রেতা প্রতিষ্ঠান ও শ্রমিকদের নিয়ে নিরাপত্তা নিশ্চিতের কাজ চলছে।
অ্যালায়েন্সের জ্যেষ্ঠ উপদেষ্টা ইয়ান স্পলডিং বলেন, ‘কারখানা মানোন্নয়নের ক্ষেত্রে পরিদর্শন কাজটি সহজ। এখন সংস্কারের মতো কঠিন কাজটি চলছে।’ অ্যালায়েন্স বলছে, প্রত্যেক কারখানার সংস্কারে গড়ে আড়াই লাখ ডলার খরচ হবে। কিছু কারখানায় ১০ লাখ ডলারও লাগতে পারে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বিজিএমইএর সহসভাপতি শহিদুল্লাহ আজিম প্রথম আলোকে বলেন, অ্যাকর্ডের পরিদর্শনে বেশ কিছু কারখানা গ্রিন বা ত্রুটিমুক্তও হয়েছে। ফলে সব কারখানা ত্রুটিযুক্ত—এ তথ্যটি ভুল। তিনি আরও বলেন, নিরাপত্তার যেসব সমস্যা তার প্রায় সবটাই সংশোধনযোগ্য। সেই কাজ চলছে। তিনি যোগ করেন, ঝুঁকিপূর্ণ ১৬ কারখানা বন্ধ করা হয়েছে। ফলে আতঙ্কের কিছু নেই। রপ্তানি কাজ চলে যাওয়ার বিষয়ে তিনি বলেন, পরিদর্শনের পর ক্রেতাদের আস্থা ফিরে এসেছে। ফলে নতুন করে কাজগুলো আবার এখানে আসতে শুরু করেছে।