পোশাক ক্রেতারা অতিরিক্ত মুনাফায় বেশি আগ্রহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীর্ষস্থানীয় তৈরি পোশাক রপ্তানিকারক দেশগুলোতে গত ১০ বছরে প্রকৃত মুজরি আগের চেয়ে কমেছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বৃদ্ধিতে অবদান থাকলেও এ খাতের প্রবৃদ্ধির সুফলের সিংহভাগ যাচ্ছে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের কাছে।
এমন মতামতই উঠে এসেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অক্সফামের ‘অ্যান ইকোনমি ফর দ্য ওয়ান পার্সেন্ট’ শীর্ষক এক প্রতিবেদনে।
প্রতিবেদনে বাংলাদেশ পরিস্থিতি নিয়েও বলা হয়েছে। যেমন, ২০১৩ সালে রানা প্লাজা দুর্ঘটনায় ১ হাজার ১৩৪ জন শ্রমিকের প্রাণহানির বিষয়টি তুলে ধরে প্রতিবেদন বলছে, এমন একটি দুর্ঘটনার পরও বাংলাদেশের তৈরি পোশাক খাতের কর্মপরিবেশের খুব একটা উন্নত হয়নি। এ জন্য ক্রেতা প্রতিষ্ঠানগুলোর অতিরিক্ত মুনাফা প্রবৃত্তি ও কম দাম দেওয়ার প্রবণতাকে দায়ী করা হয়েছে। সব মিলিয়ে বাংলাদেশের তৈরি পোশাক সম্পর্কে অক্সফামের মূল্যায়ন হচ্ছে, বিপুল সম্ভাবনা থাকার পরও ভালো মানের কর্মসংস্থান ও উন্নত কর্মপরিবেশ তৈরিতে এই খাতটি ব্যর্থ হয়েছে।
এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০০১ থেকে ২০১১—এই সময়ে তৈরি পোশাক রপ্তানিকারক শীর্ষ ১৫টি দেশে শ্রমিকদের প্রকৃত মজুরি কমে গেছে। এ ক্ষেত্রে চীনের উদাহরণ দিয়ে বলা হয়েছে, ১৯৯৫ থেকে ২০১০ সালের মধ্যে দেশটির পোশাকশ্রমিকদের কর্মদক্ষতা দ্বিগুণ বেড়েছে, আর এর তুলনায় মজুরি বেড়েছে মাত্র ৫০ শতাংশ। উল্লেখ্য, বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয় শীর্ষ রপ্তানিকারক দেশ।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের উৎপাদন খাতের মোট কর্মসংস্থানের ৭৫ শতাংশের জোগান আসে তৈরি পোশাক খাত থেকে। এর সিংহভাগ বা ৮৫ শতাংশ আবার নারী শ্রমিক। কর্মক্ষেত্রে কম মজুরির পাশাপাশি নারী শ্রমিকদের ঘরের কাজে পুরুষদের চেয়ে চার গুণ বেশি সময় দিতে হয়।
ক্রেতা ব্র্যান্ডগুলোর কম দামে পোশাক কেনার কারণ সম্পর্কে অক্সফাম বলছে, নারীদের কম মজুরি দিলে লাভের পরিমাণ বেশি হওয়াই এ প্রবৃত্তির মূল কারণ। এ কারণে পোশাক খাতের পুরো প্রক্রিয়ায় মোট সংযোজিত মূল্যের ৬০ থেকে ৭৫ শতাংশই ক্রেতা ও মালিকেরা নিয়ন্ত্রণ করেন। অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিরাই সস্তা শ্রমের বিনিময়ে অধিক মুনাফার বিষয়টি নিয়ন্ত্রণ করেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সস্তা শ্রমের ওপর ভিত্তি করে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে তৈরি পোশাক খাত গড়ে উঠলেও এখানে বহু লোকের কর্মসংস্থান হওয়ার কারণে অতিরিক্ত মুনাফা প্রবৃত্তি ঠেকাতে ওই সব দেশের সরকারও কার্যকর ভূমিকা রাখতে পারছে না। বাংলাদেশ, ভিয়েতনাম, মিয়ানমারের মতো দেশগুলো বিদেশি ক্রেতাদের আকর্ষণে উল্টো সস্তা শ্রমকেই পুঁজি হিসেবে ব্যবহার করছে।
অক্সফাম বলছে, বিশ্বায়নের সুবিধা নিয়ে পোশাক ক্রেতা ব্র্যান্ডগুলো দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে সস্তা শ্রমের অপব্যবহার করছে। এ জন্য মালিকপক্ষ সব সময় অল্প মজুরি দিয়ে শ্রমিকদের বেশি কাজ করিয়ে নেওয়ার চেষ্টা করে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের ব্র্যান্ডগুলো সস্তা শ্রমের দেশ থেকে পোশাক কিনে অনেক বেশি দামে বিক্রি করে।
এসব সমস্যা সমাধানে তৈরি পোশাক সরবরাহ প্রক্রিয়ার নিচের দিকের মানুষের অধিকার রক্ষায় ক্রেতা ব্র্যান্ডগুলোকে মুনাফা প্রবৃত্তি কমিয়ে ন্যায্য দামে পোশাক কেনার বিষয়টি নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। টেসকো, মার্কস অ্যান্ড স্পেনসার, প্রাইমার্ক, গ্যাপের মতো বৃহৎ ব্র্যান্ডগুলোকে ন্যায্য দামের পাশাপাশি কর্মপরিবেশ উন্নয়নে সরবরাহকারী দেশগুলোর নিজস্ব পরিদর্শক নিয়োগের পরামর্শ দেওয়া হয়েছে।
জানতে চাইলে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘২০১০ সালের পর বাংলাদেশের তৈরি পোশাক খাতে শ্রমিকদের বেতন ২১৯ শতাংশ বাড়ানো হয়েছে, শ্রমিকদের জীবনযাত্রার মান ও কর্মপরিবেশও আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। তবে বিশাল একটি খাত হিসেবে পুরোপুরি উন্নতি করতে আমাদের আরও কিছু সময়ের প্রয়োজন। এ ক্ষেত্রে যেকোনো গঠনমূলক সমালোচনাকে আমরা স্বাগত জানাই।’