ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি পণ্য পরিবহনে যুক্তরাজ্য সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করায় সে দেশে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়বে। অর্থাৎ পোশাক রপ্তানি কমে যাবে— এমন আশঙ্কাই প্রকাশ করেছে দেশের তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ।
রাজধানীর কারওয়ান বাজারে গতকাল বৃহস্পতিবার বিকেলে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই উদ্বেগের কথা জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মোহাম্মদ নাছির ও পরিচালক মিরান আলী।
বিজিএমইএর সভাপতি বলেন, গত ২০১৪-১৫ অর্থবছরে যুক্তরাজ্যে বাংলাদেশ থেকে ৩০০ কোটি মার্কিন ডলার মূল্যের পোশাক রপ্তানি হয়। এটি ওই সময়ে দেশের মোট পোশাক রপ্তানির ১১ দশমিক ৩৯ শতাংশ। চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রথম ছয় মাসে দেশটিতে প্রায় ২০০ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ২৬ দশমিক ১০ শতাংশ বেশি। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে যে যুক্তরাজ্যের বাজার বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাই এ বাজারে পোশাক রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়ুক, তা কোনোভাবেই কাম্য নয়। তিনি জানান, ইউরোপের বাজারে জার্মানির পর যুক্তরাজ্যেই বাংলাদেশের সবচেয়ে বেশি পোশাক রপ্তানি হয়।
সিদ্দিকুর রহমান বলেন, ‘বিভিন্ন কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে সমুদ্রপথে জাহাজযোগে পণ্য পাঠানো সম্ভব হয় না। তখন রপ্তানিকারকদের নিজস্ব খরচে বিমানে করে পণ্য পাঠাতে হয়। যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার কারণে এখন আমাদের সিঙ্গাপুর, হংকং, থাইল্যান্ড ও দুবাই হয়ে পণ্য পাঠাতে হবে। এতে খরচ বৃদ্ধির পাশাপাশি সময়ও বেশি লাগবে। তাতে আমাদের প্রতিযোগিতা করার সক্ষমতাও কমবে।’
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বিজিএমইএর সভাপতি বলেন, মোট পোশাক রপ্তানির প্রায় ১০ থেকে ১৫ শতাংশ পণ্য প্রতিবছর উড়োজাহাজে পাঠাতে হয়। তবে অন্য দেশ ঘুরে পণ্য পাঠাতে কত বেশি খরচ ও সময় লাগবে, সেটি অবশ্য তিনি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।
বিজিএমইএর সভাপতি সরকারকে যত দ্রুত সম্ভব ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানান। তিনি বলেন, যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক প্রতিনিয়ত বাড়ছে। তাই বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে দ্রুত সমাধান করতে হবে।
এ ছাড়া বিমানবন্দরে নিরাপত্তা জোরদারে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা যুক্তরাজ্য সরকারকে অবহিত করে ৩১ মার্চ পর্যন্ত নিষেধাজ্ঞা শিথিল করার ব্যাপারে পদক্ষেপ নিতেও সরকারের কাছে আহ্বান জানান বিজিএমইএর সভাপতি। তিনি বলেন, নিষেধাজ্ঞার কারণে তৈরি পোশাক খাত নয়, পুরো দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।