পোশাক রপ্তানি কমার আশঙ্কা বিজিএমইএ'র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে সরাসরি পণ্য পরিবহনে কার্গো চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। তারা বলছে, কার্গো চলাচলে নিষেধাজ্ঞার কারণে নিশ্চিতভাবে নেতিবাচক প্রভাব পড়বে। এতে পোশাক রপ্তানি কমারও আশঙ্কা করছেন তাঁরা।


আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে বিজিএমই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মোহাম্মদ নাছির ও পরিচালক মিরান আলী।

সিদ্দিকুর রহমান বলেন, গত ২০১৪-১৫ অর্থবছরে যুক্তরাজ্যে বাংলাদেশ থেকে ৩০০ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়। যা ওই সময়ের মোট পোশাক রপ্তানির ১১ দশমিক ৩৯ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে এই বাজারে প্রায় ২০০ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে। যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ২৬ দশমিক ১০ শতাংশ বেশি। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে যুক্তরাজ্যের বাজার বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এই বাজারে কোনো রকম নেতিবাচক প্রভাব পড়ুক তা কাম্য নয়।

বিজিএমইএর সভাপতি বলেন, ‘বিভিন্ন কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে সমুদ্র পথে পণ্য পাঠানো সম্ভব হয় না। তখন নিজেদের খরচে বিমানে পণ্য পাঠাতে হয়। যুক্তরাজ্যের এই নিষেধাজ্ঞার কারণে এখন আমাদের সিঙ্গাপুর, হংকং, থাইল্যান্ড ও দুবাই হয়ে পণ্য পাঠাতে হবে। এতে করে একদিকে খরচ বাড়বে, অন্যদিকে সময়ও বেশি লাগবে। এতে আমাদের প্রতিযোগী সক্ষমতাও কমে আসবে।’

এক প্রশ্নের জবাবে সভাপতি বলেন, মোট রপ্তানির প্রায় ১০ থেকে ১৫ শতাংশ পণ্য প্রতি বছর উড়োজাহাজে পাঠাতে হয়। এ সময় সরকারকে দ্রুত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানান তিনি। এ ছাড়া বিমানবন্দরে নিরাপত্তা জোরদারে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা যুক্তরাজ্য সরকারকে অবহিত করে ৩১ মার্চ পর্যন্ত নিষেধাজ্ঞা শিথিল করার ব্যাপারে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান বিজিএমইএ সভাপতি।