পোশাক রপ্তানিতে উৎসে কর কমতে পারে
>বাজেটে পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, প্যাকেটজাত খাদ্য, হিমায়িত খাদ্য ও সবজি রপ্তানিকারকদের ওপর দেড় শতাংশ হারে উৎসে কর আরোপের প্রস্তাব করা হয়েছে। এ হারও কমিয়ে ১ শতাংশ করা হতে পারে
তৈরি পোশাক রপ্তানিতে প্রস্তাবিত উৎসে কর কমানো হচ্ছে। আসন্ন অর্থবছরের (২০১৬-১৭) জন্য তৈরি পোশাক রপ্তানিকারকদের তাঁদের রপ্তানিমূল্যের (এফওবি) ওপর দেড় শতাংশ হারে উৎসে কর আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। কিন্তু পোশাক রপ্তানিকারকদের আপত্তির মুখে সেই অবস্থান থেকে সরে আসছেন অর্থমন্ত্রী। বাজেট পাসের সময় অর্থবিলের সংশোধনীতে পোশাক রপ্তানিতে উৎসে কর কমিয়ে দশমিক ৮ শতাংশ করা হতে পারে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দায়িত্বশীল সূত্রে এ খবর জানা গেছে। তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর নেতারা গত সপ্তাহে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের দাবিদাওয়া জানান। এ সময় প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের দাবিদাওয়া মনোযোগ দিয়ে শোনেন।
এর পরপরই এনবিআর তৈরি পোশাক ও টেরিটাওয়েল, কার্টন ও এক্সেসরিজ রপ্তানিকারকদের উৎসে কর কমিয়ে ১ শতাংশ করার প্রস্তাবের সারসংক্ষেপ তৈরি করেছে। এ হার আরও কমিয়ে দশমিক ৮ শতাংশ করা হতে পারে বলে এনবিআর সূত্রে জানা গেছে। তবে পুরো বিষয়টি প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করছে।
বাজেটে পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, প্যাকেটজাত খাদ্য, হিমায়িত খাদ্য ও সবজি রপ্তানিকারকদের ওপর দেড় শতাংশ হারে উৎসে কর আরোপের প্রস্তাব করা হয়েছে। এ হারও কমিয়ে ১ শতাংশ করা হতে পারে।
অন্যান্য: এনবিআর সূত্রে জানা গেছে, ১২০ টাকা মূল্যমান পর্যন্ত হাওয়াই চপ্পল ও প্লাস্টিকের পাদুকা মূল্য সংযোজন কর (মূসক) অব্যাহতি সুবিধা প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। এ প্রস্তাবটি প্রত্যাহার করা হতে পারে। কেজিপ্রতি ১০০ টাকা মূল্যমান পর্যন্ত হাতে তৈরি বিস্কুট-কেক ও পাউরুটির ওপর মূসক অব্যাহতি সুবিধা বহাল রাখা হতে পারে। বাজেটে অব্যাহতি সুবিধা প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া মেডিটেশন সেবার ওপর মূসক আরোপের প্রস্তাবটিও প্রত্যাহার করা হতে পারে।